কেটের ছবি প্রকাশে গোপনীয়তা লঙ্ঘিত হয়নি: কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজবধূ কেট উইলিয়ামের বিকিনি পরা ছবি প্রকাশ করায় তাঁর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়নি বলে দাবি করেছেন ইতালির গসিপ সাময়িকী ‘কি’র সম্পাদক আলফনসো সিগনোরিনি। গতকাল বুধবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।সম্প্রতি সাময়িকীটির প্রচ্ছদে কেট উইলিয়ামের বিকিনি পরা ছবি ব্যবহার করা হয়। এ ছাড়া কেটের আরও কিছু ছবি প্রকাশ করে তারা। এ নিয়ে বিতর্ক ও সমালোচনা শুরু হয়। এ ঘটনায় বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে আত্মপক্ষ সমর্থন করেন সাময়িকীটির সম্পাদক।আলফনসো সিগনোরিনি বলেন, ‘এগুলো ভালোবাসায় মগ্ন তরুণ এক দম্পতির ছবি।’ তিনি বলেন, ‘এ ছবি কেট-উইলিয়াম দম্পতির ব্যক্তিগত গোপনীয়তার ওপর কোনো আঘাত নয়।’রাজপরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, উইলিয়াম-কেট দম্পতির এ ধরনের ছবি প্রকাশ করে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। রাজপরিবারের এ অভিযোগ অস্বীকার করে ‘কি’ সম্পাদক সিগনোরিনি বলেন, ‘প্রকাশিত ছবিকে কোনোভাবেই লজ্জাকর মনে করার সুযোগ নেই। আমরা এগুলো একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা থেকে সংগ্রহ করেছি। এ ছবি তাঁদের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে না। গণমাধ্যমে এ ছবি নিয়ে যে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, তা বাড়াবাড়ি।’তবে সাময়িকীটিতে উইলিয়াম-কেট দম্পতির ছবি প্রকাশের ক্ষেত্রে রাজপরিবার ও ব্রিটিশ প্রেসের সঙ্গে কোনো চুক্তি না থাকার বিষয়টি স্বীকার করেন তিনি।চার মাসের অন্তঃসত্ত্বা রাজবধূ কেটের ছবি ক্যারিবীয় অঞ্চলের একটি দ্বীপ থেকে তোলা। ছবিতে সৈকতে স্বামী উইলিয়ামের সঙ্গে কেটকে হাঁটতে দেখা গেছে।গতকাল বুধবার ওই সাময়িকীর এ সংখ্যাটি বিক্রির জন্য বাজারে ছাড়া হয়েছে। অস্ট্রেলিয়ার একটি সাময়িকী কেটের এই ছবি আগামী সোমবার তাদের পত্রিকায় ছাপার পরিকল্পনা করছে বলে জানা গেছে।