কেটের ৫০টি অর্ধনগ্ন ছবি ছাপাবে ‘কি’
ফরাসি সাময়িকীর পর এবার ইতালির একটি সাময়িকী কেট মিডলটনের অর্ধনগ্ন (টপলেস) ছবি প্রকাশের উদ্যোগ নিতে যাচ্ছে। এবার আরও ব্যাপক আকারে প্রকাশিত হতে যাচ্ছে ডাচেস অব কেমব্রিজের ওই বিব্রতকর ছবিগুলো। ৫০টি ছবি নিয়ে ২৬ পাতার একটি বিশেষ সংস্করণ প্রকাশের প্রস্তুতি নিচ্ছে ইতালির ম্যাগাজিন ‘কি’।ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যত্ উত্তরাধিকারী স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে গত সপ্তাহে ফ্রান্সে বেড়াতে গিয়েছিলেন কেট। সে সময় দূর থেকে ছবি তুলতে সক্ষম ক্যামেরা দিয়ে তোলা হয় তাঁর অর্ধনগ্ন ছবিগুলো। বিব্রতকর এসব ছবি ফ্রান্সের একটি সাময়িকীতে প্রকাশিত হলে চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন এই রাজদম্পতি। স্ত্রীকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির মুখোমুখি করারও হুমকি দিয়েছেন প্রিন্স উইলিয়াম। তবে এসবের তোয়াক্কা না করে ছবিগুলো আবার প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছে ইতালির একটি সাময়িকী। এমনকি ছবিগুলো প্রকাশ না করার জন্য খোদ ব্রিটেনের রানির অনুরোধও কোনো কাজে আসবে না বলে এক টুইটার বার্তায় জানিয়েছেন ‘কি’ সাময়িকীর সম্পাদক আলফানসো সিগনোরিনি।কেটের এসব ছবি প্রকাশ করলে ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হবে না বলে মন্তব্য করেছেন আলফানসো। ৪৮ বছর বয়সী এই সম্পাদকের মতে, ছবিগুলো তোলা হয়েছে পাবলিক প্লেসে, ব্যক্তিগত বা প্রাইভেট প্লেসে নয়।এদিকে, ব্রিটিশ রাজদম্পতি আপ্রাণ চেষ্টা চালিযে যাচ্ছেন ইতালির ওই সাময়িকীতে ছবিগুলোর প্রকাশ রোধ করতে। আগামীকাল প্যারিসের আদালতে উপস্থিত হয়ে রাজদম্পতির আইনজীবীরা ছবিগুলোর পরবর্তী কোনো প্রকাশনা রোধের চেষ্টা করবেন। কিন্তু ওই ছবিগুলো নিয়ে কেট মিডলটন ও প্রিন্স উইলিয়ামকে আরও অনেক ঝামেলায় পড়তে হতে পারে। কারণ, শুধু ইতালি নয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির গণমাধ্যমও ছবিগুলো প্রকাশের কথা ভাবছে বলে জানা গেছে। ডেইলি মেইল।