কেন অন্ধকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষার প্রথম দিনে বেশ খুশি খুশি ছিল মনটা। বৃষ্টির ফোঁটাগুলো ছোট ছোট হলেও আকাশটা ছিল মেঘে ঢাকা। বেশ ফুরফুরে মন নিয়ে হাঁটছিলাম পূর্ণিমা সিনেমা হলের সামনের পথ ধরে। রাস্তা পার হতে হবে আমাকে। কারণ আমার কাজটা রাস্তার ওপারে। আন্ডারপাস দিয়ে রাস্তা পার হতে কোনো দিনই ভালো লাগে না আমার; তবুও যেতে হয় ওই পথ দিয়েই। সেদিনও যাচ্ছিলাম। বিদ্যুৎ ছিল না বরাবরের মতোই। ভেতরে অন্ধকার। মোবাইলের আলোটা জ্বালিয়ে জড়োসড়ো হয়ে হাঁটছিলাম। অন্ধকারে হোঁচট খেয়ে পড়তে পড়তে একবার বেঁচে গেলাম। এমন সময় অপ্রত্যাশিত হাতের স্পর্শে চমকে উঠলাম। ঘিনঘিনিয়ে উঠল শরীরটা। তাকিয়ে দেখি, বেশ ভদ্র পোশাকে মুখোশধারী এক ঘৃণ্য মানুষ চলে যাচ্ছে পাশ কেটে। মাথায় রক্ত চড়ে গেল। এক লাফে সামনে গিয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম তার গালে। চোরের মতো সে পালিয়ে গেল সেখান থেকে। আশপাশের মানুষগুলো তাকিয়ে দেখল এ দৃশ্য।কয়েকটি মেয়ে এগিয়ে এসে বলল, এ ঘটনা শুধু আজকের নয়, প্রায় প্রতি দিনই তাদের এ রকম বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। তার পরও রোজ এ অন্ধকার পথেই রাস্তা পার হতে হয় তাদের।মেয়েরা এমনিতেই রাস্তাঘাটে চলাফেরায় নিরাপদ নয়। এ রকম একটি অন্ধকার পথে চলাফেরা করতে গিয়ে তারা নিরাপত্তাহীনতায় ভোগে। কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন কি?অনামিকা, ঢাকা।