কেন আসি এ উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিমা স্বাগতাপ্রথম শ্রেণী, অরণি বিদ্যালয়প্রতিবছরই মা-বাবার সঙ্গে পয়লা বৈশাখে বেড়াতে যাই। ভাইয়াও যায়। সকালে যেতেই বেশি ভালো লাগে। দেরি হলে গরম লাগে। কত কী যে কেনাকাটা করি। নতুন জামা পরেই ঘুরতে বের হই। তারপর চারুকলায় যাই। সেখানকার ময়ূর, হাতি, বড় বড় ফুল আর মুখোশ আমার বেশি পছন্দ। তারপর নাগরদোলায় উঠতে যাই। তবে এবার লম্বা লাইন থাকায় নাগরদোলায় উঠতে পারিনি। সে কারণে মনটা একটু খারাপ হয়েছিল। পয়লা বৈশাখের মেলা থেকে খেলনা কিনতে পারি। ঢোল, ডুগডুগি, মাটির হাঁড়ি-পাতিল, চুড়ি কিনি। এসব পেলে হাঁটার কষ্টটা মনে থাকে না। বাসায় ফিরে পান্তা-ইলিশ খাই। হামিদা খানমঅবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, বনানীদেশভাগের পর এ দেশে আসি। পয়লা বৈশাখে তখন থেকে নিজেরাই ঘুরতে যেতাম। সেই অভ্যাস এখনো আছে। আগের মতো হাঁটাচলা করতে পারি না। মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে পারি না। তবে ভোরে উঠে রমনার বটমূলের ছায়ানটের গান শুনতে যাই। এর জন্য সারা বছর অপেক্ষা করি। ভিড় আগের থেকে বেড়েছে। এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেড়েছে। প্রতিবার ভাবি, যাব না। ধাক্কাধাক্কি হয়। পড়ে যাওয়ার ভয় লাগে। তবে শেষ পর্যন্ত থাকতে পারি না। চলে যাই প্রাণের মেলায়।অন্তরা আনজুমছাত্রী, ইডেন কলেজএবারের বৈশাখ আমার কাছে নতুনভাবে ধরা দিয়েছে। বিয়ের পরের প্রথম বৈশাখ এটি। আগে সব ভাইবোন একসঙ্গে বের হতাম। হই-হুল্লোড় করতাম। এবার নতুন মানুষটির দেওয়া শাড়ি পরে বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম। একেবারেই অন্য রকমের অভিজ্ঞতা। সবকিছুই নতুন মনে হচ্ছিল। ঘরে বসে থাকলে তো চলবে না। এ দিনে বাইরে বেরোলেই মন ভরে যায়। এত রঙিন অন্য দিনগুলোকে মনে হয় না। সে কারণে প্রতিবছরই ঘুরতে বের হই।দীপিকা বিশ্বাসছাত্রী, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজছায়ানটের ছাত্রী হওয়ার সুবাদে প্রতিবছরই প্রথমে যাই রমনায়। সেখান থেকে অনুষ্ঠান শেষে চারুকলায়। তারপর দিনের অর্ধেক সময় সেখানে কাটিয়ে এদিক-সেদিক ঘোরাঘুরি। পয়লা বৈশাখে বাসা থেকে ঘুরতে কোনো বাধা দেয় না। তবু মায়ের নানা নিষেধাজ্ঞা থাকে—বেশি ভিড়ে যাওয়া মানা। ছেলেদের দল দেখলেই সরে যাবে। কোথাও কোনো উচ্চবাচ্য করবে না। আরও কত কী। ছেলেরা যে উত্ত্যক্ত করে না তা নয়। সে কারণে নিজের আনন্দ মাটি করব, সেটা হতেই পারে না। এ উৎসব সবার জন্য। আমার অনেক বন্ধু আছে, পয়লা বৈশাখে বের হওয়ার কথা শুনলেই তারা আঁতকে ওঠে। এত ভিড়ে কীভাবে বের হই, এ প্রশ্ন করে। তখন তাদের বলি, শুধু শুধু নিজেকে কেন এ আনন্দ থেকে বঞ্চিত করব। এ উৎসব উদ্যাপন করার অধিকার সবার। মেয়েরা না গেলে পরিবেশ তো তৈরি হবে না। এত রং জীবনে বারবার দেখার সুযোগ হয় না।মলি হোসেনগৃহিণী, ওয়ারীবিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই নববর্ষ উদ্যাপন করার অভ্যাসটা তৈরি হয়েছিল। তখন বন্ধুদের সঙ্গে কত মজা করতাম! নতুন শাড়ি কিনতে না পারলে দেখা যেত আরেকজনের শাড়ি পরে বেরিয়ে পড়তাম। তখন এত জায়গায় অনুষ্ঠান হতো না। এখন পরিসর বেড়েছে। মানুষের অংশগ্রহণ বেড়েছে। তবে নিজেকে এখনো সামলে রাখতে পারি না। ছেলেমেয়েরা বড় হয়েছে। ওরা নিজেদের মতো করে কাটিয়ে থাকে। নিজের জন্য প্রস্তুতি আগেই নিয়ে থাকি। সম্ভব হলে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করি। কারও বাসায় দেখা করে সেখান থেকে বেরিয়ে পড়ি। দেরি করে বেরোলে ঝামেলায় পড়তে হয়। যানবাহন পাওয়া যায় না। পাওয়া গেলেও অতিরিক্ত ভাড়া চায়। নিরুপায় হয়ে উঠে পড়তে হয়। ওয়ারীর রাস্তাগুলো সংকীর্ণ। তাই একটু ভিড় হলেই চলাচলের উপায় থাকে না। এত প্রতিকূলতা উপেক্ষা করেই বেরিয়ে পড়ি। একটি দিন নিজের মতো করে কাটাই। পয়লা বৈশাখ ফিরে নিয়ে যায় ছাত্রজীবনের দিনগুলোতে। বন্ধুদের সান্নিধ্য সব কষ্টকে ভুলিয়ে দেয়। ইয়াসমিন হকগৃহিণী, নারায়ণগঞ্জবৈশাখ আবার বেড়ানো ছাড়া হয় নাকি! শাড়ি পরে সেজে ঘুরতে যাওয়াতেই আসল আনন্দ। প্রতিবছরই পরিবারসহ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসি। ভোরে রওনা দিই। সারা দিন ঘোরাঘুরি, কেনাকাটা করি। নানা জায়গায় গিয়ে অনুষ্ঠান দেখি। কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, কখনো বা ধানমন্ডির লেকের পাড়ে যাই। সঙ্গে পান্তা-ইলিশ, মুড়ি-মুড়কি খাওয়া তো আছেই। দিন শেষে বাড়ি ফেরার সময় পথে নানা বিপত্তি ঘটে। কোনো যানবাহন পাওয়া যায় না। গরমে ছেলেমেয়েরা ক্লান্ত হয়ে পড়ে। খুব কষ্ট হয়। তখন ভিড়টাও বেড়ে যায়। অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে সবকিছু ছাপিয়ে ভালো লাগার পরিমাণ এত বেশি থাকে যে ছোট ছোট কষ্ট, খারাপ লাগা স্থায়ী হয় না। তাই তো আগামী বছরের পয়লা বৈশাখের জন্য অপেক্ষা করছি।সাক্ষাৎকার নিয়েছেন তৌহিদা শিরোপা