কেন এই মুখ বুজে থাকা!
রুমানা বলেছেন, ‘গত ১০ বছর আমি অনেক কষ্ট করে সংসার করেছি। হাসানের চোখে সমস্যার কারণে সে হীনম্মন্যতায় ভুগত। সব সময় আমাকে মানসিক নির্যাতন করত। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কাউকে এসব বিষয় জানাতাম না।’ (সূত্র: প্রথম আলো, জুন ১৪, ২০১১)১০ বছর যাবৎ রুমানা মুখ বুজে থেকেছেন সন্তানের কথা ভেবে। সংসার ভাঙলে সমাজের চোখে তাঁর অবস্থান কোথায় যাবে, সে বিষয়টি যার নেপথ্যের মূল কারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাফরূদা হক সুতপা। আমাদের সহপাঠীকে আমরা হারিয়েছি পারিবারিক নির্যাতন নামের এই ঘৃণ্য অধ্যায়ের কারণে। সুতপা ছিল আমাদের ক্লাসের সবচেয়ে চুপচাপ মেয়ে। সুতপার নীরবতায় তাকে আমাদের কাছ থেকে যোজন-যোজন দূরে নিয়ে গেছে। রুমানার অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষাগত যোগ্যতা সবই আছে। সুতপারও ছিল শিক্ষাগত যোগ্যতা। তার পরও ওরা পারেনি। সংবাদপত্রে বা গণমাধ্যমে প্রকাশিত হয় না লাখো নারীর জীবনে এমন পারিবারিক নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। নিগৃহীত হয়ে মুখ বুজে নারীদের যুগের পর যুগ সংসার সামলে চলার শিক্ষাটা সমাজই দিয়েছে।আমাদের দেশের গতানুগতিক বাংলা সিনেমার অনেক পরিচিত একটি সংলাপ হলো, ‘লাল কাপড়ে স্বামীর বাড়িতে যাচ্ছ, ওখান থেকে সাদা কাফনে বের হবে।’ এ শিক্ষাটি কেবল বাংলা সিনেমার নয়, আমাদের পুরো সমাজেরও!আমাদের তথাকথিত সমাজ সংসার ভাঙলে অভিযোগের আঙুল ওঠায় নারীর দিকে। সমাজের এই আচরণের সবচেয়ে ভয়াবহ শিকার হয় ভেঙে যাওয়া পরিবারের সন্তানেরা। আর সন্তানের ভবিষ্যৎ, সমাজে অবস্থান, পরিচিতদের বাঁকা কথার ভয়ে মুখ বুজে দিনের পর দিন অত্যাচার সহ্য করার পরে সুতপারা অচিন দেশে পাড়ি জমায় আর রুমানা শারীরিক নির্যাতনের স্বীকার হয়। অথবা সারা জীবন অত্যাচার সয়ে সয়ে, নিজে পুড়ে নিঃশেষ হয়ে সংসার টিকিয়ে রাখার সোনার মেডেল নিয়ে আর সন্তানের সুন্দর জীবনের পরিতৃপ্তির পাহাড়ের নিচে চাপা পড়ে যায় হাজারো নারীজীবনের মানসিক শান্তি, আত্মতৃপ্তি।সমাজ মুখ বুজে নির্যাতন সইতে আমাদের বাধ্য করে। কিন্তু আর কত? রুখসানা মিলি