কেন চাকরিচ্যুত করা হবে না, ১০ সিবিএ নেতাকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় ১০ সিবিএ নেতাকে কেন চাকরিচ্যুত করা হবে না মর্মে নোটিশ দেওয়া হয়েছে। লাঞ্ছিত করার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ধরে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর চাকরিবিধির ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী দেওয়া নোটিশে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের উপপরিচালক সহিদার রহমানকে গত বছরের ১৮ আগস্ট এই বিভাগের মহাব্যবস্থাপক আহম্মেদ জামালের কক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারসমর্থক সিবিএ নেতা মঞ্জুরুল হকের নেতৃত্বে ইউনিয়নের নেতা-কর্মীরা কিল-ঘুষি ও গজারি কাঠের লাঠি দিয়ে প্রহার করেন। ঘটনার সময় সেখানে দুজন উপমহাব্যবস্থাপক ও আরও একজন উপপরিচালক উপস্থিত ছিলেন। সহিদার রহমান ২৩ আগস্ট এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। পরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নির্দেশে একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠিত হয়। এই কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা মেলে। এ ঘটনায় ওই বছরের ২২ আগস্ট মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। একই বিষয়ে গত বছর অক্টোবর মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন একটি গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ব্যাংকের কিছু সিবিএ নেতার স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে জমা দেয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই প্রতিবেদন পাঠায় কেন্দ্রীয় ব্যাংকে। প্রতিবেদন পাওয়ার পর গভর্নর আতিউর রহমান বিশদ তদন্তের জন্য একটি কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটিও তাদের প্রতিবেদনে ১০ সিবিএ নেতাকে অভিযুক্ত করে। পরে সিবিএ নেতাদের কাছ থেকেও বক্তব্য নেওয়া হয়। তদন্ত প্রতিবেদন ও সিবিএ নেতাদের জবাব ধরে চূড়ান্ত নোটিশ দেওয়া হয় গত বৃহস্পতিবার।অভিযুক্ত ব্যক্তিরা হলেন সিবিএ সভাপতি ও কেয়ারটেকার আহসান হাবীব, সাধারণ সম্পাদক ও করণিক মো. মঞ্জুরুল হক, কেয়ারটেকার এনামুল হক খান, আইয়ুব আলী, ড্রাইভার মো. গাফফার, কেয়ারটেকার আবদুল বারিক, আ. হাকিম, হুমায়ুন কবির, ডাটা এন্ট্রি অপারেটর সারোয়ার আলম ও কেয়ারটেকার আবুল খায়ের। এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালে (বিগত বিএনপি সরকারের আমলে) কেন্দ্রীয় ব্যাংকে বিশৃঙ্খলা ও গভর্নরের সঙ্গে দুর্ব্যবহারের কারণে তৎকালীন বিএনপি-সমর্থিত অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে চাকরিচ্যুত করেছিলেন। অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও সিবিএ নেতারা বাংলাদেশ ব্যাংকে বিশৃঙ্খলা করে ২০০৩ সালের ২৮ অক্টোবর এবং ১০ জনকে চাকরিচ্যুত করা হয়েছিল ৩০ অক্টোবর। এতে বাংলাদেশ ব্যাংকে শৃঙ্খলা প্রতিষ্ঠা পায়। সূত্র জানায়, অভিযুক্ত সিবিএ নেতারা তদন্ত কমিটির কাছে সহিদার রহমানকে মারধর করার কথা স্বীকারও করেছেন। সিবিএ নেতাদের বক্তব্যের সারকথা হলো, সহিদার রহমান তাঁর সহকর্মীদের সঙ্গে এক আলোচনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের গৃহঋণ ও মোটরকার ঋণ নিতে সিবিএ নেতাদের ঘুষ দিতে হয় বলে মন্তব্য করেন। এ কথা তাঁদের কানে আসার পর তাঁরা এ বক্তব্যের স্বপক্ষে কোনো প্রমাণ আছে কি না জানতে সহিদার রহমানের কাছে যান। কথাকাটাকাটির একপর্যায়ে তাঁরা তাঁকে মারধর করেন।