কেন তাদের এই শিশু ধর্ষণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে প্রাণ নিয়ে লড়ছে ধর্ষণের শিকার পাঁচ বছর বয়সী এক মেয়েশিশু। সেখান থেকে হাজার কিলোমিটার দূরে মহারাষ্ট্রের নাগপুরে এক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে কোমায় আছে ধর্ষণের শিকার চার বছরের আরেক মেয়ে।প্রথম ঘটনাটি ঘটে গত ১৫ এপ্রিল। আর দ্বিতীয়টি ১৭ এপ্রিল। এমন ঘটনা ভারতে প্রায়ই ঘটছে।একটি মেয়েশিশু যখন পুতুল খেলার আনন্দে বিভোর, জীবনের জটিল বিষয়গুলো থেকে অনেক দূরে, এ সময় হঠাত্ করে তার জীবনটাকে বিষাদময় করে তুলছে ধর্ষকের হানা।তা যেন সদ্য ফোটা সুন্দর একটি সৌরভ ছড়ানো ফুলের হঠাত্ বিবর্ণ হয়ে যাওয়া।ছোট ছোট ফুলের মতো শিশুদের ওপর হায়েনার মতো বর্বর হামলা চালাতে অনেক শিক্ষিত সুবোধ ব্যক্তিও পিছপা হয় না।এ কারণেই এখানে প্রশ্ন, ধর্ষণের মতো জঘন্য অপরাধ ঘটাতে তাদের মধ্যে কোন ধরনের মানসিকতা কাজ করে? কেনই বা তারা এই চরম অমানবিক কাজ করতে প্ররোচিত হয়?

গত ডিসেম্বরে দিল্লিতে চলন্ত বাসে এক মেডিকেলছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় ফুঁসে ওঠে গোটা ভারত। ২৩ বছর বয়সী ওই ছাত্রী মৃত্যুর কাছে হার মানলেও ধর্ষণ ঠেকাতে ভারত সরকার অপরাধ আইন (সংশোধন) বিল-২০১৩ পাস করাসহ নানা পদক্ষেপ নেয়। কিন্তু এর কোনো কিছুই আটকাতে পারেনি ধর্ষণ করার পাশবিক ইচ্ছাকে, যার বড় প্রমাণ এই দুটি শিশু ধর্ষণের ঘটনা।

দিল্লিভিত্তিক এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটসের এক পরিসংখ্যানের বরাত দিয়ে ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়, ভারতে ধর্ষণের শিকার প্রতি তিনজনে একজন শিশু। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত শিশু ধর্ষণের হার ৩৩৬ শতাংশ বেড়েছে। এই এক দশকে ৪৮ হাজার ৩৩৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে।

ভারতের জাতীয় অপরাধ নথি ব্যুরোর তথ্যমতে, মধ্যপ্রদেশে শিশু ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। এরপর রয়েছে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও দিল্লি।

নারীবাদীদের মুখপত্র ‘মানসী’ সাময়িকীর প্রকাশক ও মানবাধিকারকর্মী মধু কিশোয়ারের মতে, ভারতে শিশু যৌন নিপীড়নের সঠিক কোনো তথ্য নেই। এ ধরনের অভিযোগ পুলিশ প্রায়ই তালিকাভুক্ত করে না। আবার সামাজিক লোকলজ্জার ভয়ে অনেক পরিবার এ ধরনের ঘটনা পুলিশকে জানায় না।

সার্বিক পরিস্থিতি যখন এমন, তখন ‘ইন্ডিয়া টুডে’র পক্ষ থেকে শিশু ধর্ষণের মনস্তাত্ত্বিক বিষয়ে জানতে যোগাযোগ করা হয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের শিশু ও কিশোর মনোরোগ বিভাগের প্রধান ও অধ্যাপক মঞ্জু মেহতার সঙ্গে। এ ব্যাপারে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিরা সাধারণত ব্যক্তিত্বের অস্বাভাবিকতায় ভোগে। তাদের মধ্যে এক ধরনের হীনম্মন্যতাবোধ কাজ করে, যে কারণে তারা প্রাপ্তবয়স্ক বা সমবয়সী মানুষের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে পারে না। সম্পর্কের ক্ষেত্রে যে ঘাটতির জন্ম নেয়, তা থেকে তারা শিশুদের প্রতি আগ্রহী হয়ে ওঠে। কারণ অল্প কিছু উপহার বা ভালো কথার মাধ্যমে তাদের প্রলুব্ধ করা যায়।

দিল্লির আরেক মনোরোগ বিশেষজ্ঞ জিতেন্দ্র নাগপালের মতে, যেখানে বিশ্বাস আর ভালোবাসা আছে, সেখানে একটি শিশুর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক সময় পরিবার শিশুর কথাকে গুরুত্ব দিয়ে বিবেচনা বা বিশ্বাস করে না। এ ক্ষেত্রে পরিবারের সঙ্গে সন্তানের একটি আস্থাহীনতার সম্পর্ক তৈরি হয়। আর এটিকেই কাজে লাগায় শিশু ধর্ষণে জড়িত ব্যক্তিরা।

চেন্নাইয়ে যৌন নিপীড়নের শিকার শিশুদের নিয়ে কাজ করা তুলির সেন্টারের পরিচালক বিদ্যা রেড্ডি বলেন, এ ধরনের ধর্ষকেরা শিশুদের সঙ্গে মনস্তাত্ত্বিক খেলায় মাতে। প্রথমে তারা শিশুর দৈনন্দিন জীবনের সঙ্গে সংশ্লিষ্ট হয়। খেলা করে, ঘুরতে নিয়ে গিয়ে বা উপহার দিয়ে তারা শিশুদের মন জয় করে। এরপর একদিন সময়-সুযোগ বুঝে শিশুটিকে ধর্ষণ করে। তবে এ ক্ষেত্রে এমন ব্যক্তিরা নিঃসঙ্গ, অনাদরে থাকা বা পারিবারিক সমস্যায় থাকা শিশুদের কাছে টেনে শিকারে পরিণত করে। মানসিকভাবে অসহায় অবস্থায় থাকা শিশুদের সঙ্গে কেউ যখন যৌন সম্পর্ক স্থাপন করে, তখন শিশুটি আসলে বুঝতে পারে না তার জীবনে কী ঘটে গেল। ওই বয়সে শিশু ব্যাপারটা নিয়ে দ্বিধান্বিত হওয়ার মতো অবস্থায় থাকে না কিংবা ঘটনার জটিলতা বা ভয়াবহতা বুঝতে না পেরে শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনাকে আর দশটা সাধারণ ঘটনা ভেবে চুপ করে থাকে।