কেনা প্রশ্ন ও বানানো সময়সূচিতে পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে একজন বই ব্যবসায়ীর নির্ধারণ করা সময়সূচি ও প্রশ্নপত্রে এসএসসির নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা বোর্ড ও শিক্ষা দপ্তরের সময়সূচির পরিবর্তে কেন একজন বই ব্যবসায়ীর নির্ধারণ করা সময়সূচিতে পরীক্ষা নেওয়া হচ্ছে, সে বিষয়ে প্রধান শিক্ষকেরা মুখ খুলছেন না। কয়েকজন অভিভাবক বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদকে জানালেও তাঁর কাছ থেকে কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেছেন। তবে ওই শিক্ষা কর্মকর্তা দাবি করেছেন, বিষয়টি তাঁকে কেউ জানায়নি। তবে শিক্ষা দপ্তরের সময়সূচির বাইরে কেউ পরীক্ষা নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এসএসসির নির্বাচনী পরীক্ষা হয় ১০টি বিষয়ে। এর মধ্যে চারটি বিষয়ের প্রশ্নপত্র যশোর শিক্ষা বোর্ড থেকে সরবরাহ করা হয়। শিক্ষা দপ্তরের নির্দেশনা হলো—বাকি ছয় বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবে বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকেরা। আর গত ২৬ সেপ্টেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত সময়সূচি পাঠানো হয় সব বিদ্যালয়ে। জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর সূত্র জানায়, যশোর শিক্ষা বোর্ড থেকে চারটি বিষয়ে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের আওতাধীন সব মাধ্যমিক বিদ্যালয়ে অভিন্ন সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ চারটি বিষয়ের মধ্যে ৯ অক্টোবর বাংলা প্রথম পত্র, ১০ অক্টোবর ধর্ম শিক্ষা, ১১ অক্টোবর সাধারণ বিজ্ঞান অথবা সামাজিক বিজ্ঞান ও ১২ অক্টোবর রসায়ন বিজ্ঞান/ভূগোল/ব্যবসায় পরিচিতি। অভিন্ন প্রশ্নপত্রের এই পরীক্ষাসূচি কোনোভাবেই পরিবর্তন করা যাবে না বলে নির্দেশনা ছিল।বাকি ছয়টি বিষয়ের পরীক্ষার সময়সূচি ঠিক করে দিয়েছে উপজেলা শিক্ষা দপ্তর। কিন্তু আলমডাঙ্গায় এই ছয়টি পরীক্ষার সূচি তো পরিবর্তন হয়েছেই, বোর্ডের নির্দেশিত চার বিষয়ের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। শিক্ষা দপ্তরের সূচি অনুযায়ী গতকাল গণিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও হয়েছে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। খোঁজ নিয়ে জানা গেছে, শহরের বইঘরের মালিক ওয়াজেদ আলীর দেওয়া সময়সূচি অনুযায়ীই এই পরীক্ষা হচ্ছে। তাঁর সরবরাহ করা সময়সূচি অনুযায়ী ৯ অক্টোবর গণিত পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। শিক্ষা অফিস থেকে সরবরাহ করা সময়সূচিতে ৩ অক্টোবর ইংরেজি প্রথম পত্র ও ৪ অক্টোবর ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার কথা থাকলেও ওয়াজেদ আলীর সময়সূচিতে ৩ অক্টোবর ইংরেজি দ্বিতীয় পত্র ও ৪ অক্টোবর বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা গ্রহণ করা হবে। গত ২৭ সেপ্টেম্বর বই ব্যবসায়ী ওয়াজেদ আলীর তৈরি এই সময়সূচি শিক্ষার্থীদের কাছে সরবরাহ করা হয়। আলমডাঙ্গার ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন জানান, আলমডাঙ্গার সব মাধ্যমিক বিদ্যালয়ে প্রশ্নপত্র ও সময়সূচি সরবরাহ করেছেন ওয়াজেদ আলী। এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান স্বীকার করেছেন, তাঁর বিদ্যালয়েও ওয়াজেদ আলীর প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই রেওয়াজ চলে আসছে বলেও জানান তিনি। সময়সূচি ও প্রশ্নপত্র সরবরাহকারী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, তিনি কোনো বিদ্যালয়কে বিনা মূল্যে প্রশ্ন সরবরাহ করেননি। কুষ্টিয়ায় তাঁর ভাইয়ের একটি ছাপাখানা আছে। সেখান থেকে কমমূল্যে প্রশ্নপত্র ছাপান তিনি। চার-পাঁচ বছর ধরে তিনি প্রশ্নপত্রের ব্যবসা করেন বলেও জানান। বোর্ড ও শিক্ষা দপ্তরের সময়সূচি বাদ দিয়ে তাঁর নির্ধারিত সময়সূচির বিষয়ে ওয়াজেদ আলী দাবি করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে আলাপ করে এটা তৈরি করা হয়েছে। প্রশ্নপত্র কে তৈরি করেছেন, জানতে চাইলে ওয়াজেদ আলী বলেন, সেটা প্রেসমালিক বলতে পারবেন। ছয়টি প্রশ্নপত্রের প্রতি সেটের দাম ১২ টাকা হারে নেওয়া হয়েছে বলে জানান তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ জানান, এবার প্রায় দুই হাজার শিক্ষার্থী এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশ নিচ্ছে। ঘোষাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন স্বীকার করেন, তিনি বা তাঁর বিদ্যালয়ের কোনো শিক্ষক প্রশ্নপত্র তৈরির সময় ছিলেন না। প্রশ্ন তৈরিকারী শিক্ষকের নামও তিনি বলতে পারেননি। আলমডাঙ্গা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন দাবি করেন, ‘শিক্ষার্থীদের ভীতি কাটানোর জন্যে গণিতের পরিবর্তে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শিক্ষা দপ্তরের সময়সূচি না মানা অপরাধের পর্যায়ে পড়ে কি না—জানতে চাইলে তিনি জবাব এড়িয়ে যান।জেলা শিক্ষক অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মোত্তালিব এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি অবিলম্বে এ প্রক্রিয়া বন্ধের দাবি জানান। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম বলেন, বই ব্যবসায়ীর দেওয়া প্রশ্নপত্র ও সময়সূচিতে পরীক্ষা নেওয়ার ঘটনা সত্য হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, ওয়াজেদ আলী শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন ধরনের নোট ও গাইড, গ্রামার ও অখ্যাত লেখকদের বই শিক্ষার্থীদের কিনতে বাধ্য করেন। এতে প্রধান শিক্ষকেরা আর্থিকভাবে লাভবান হন বলেও অভিযোগ আছে। তবে বিদ্যালয়ে বিপদগ্রস্ত হওয়ার ভয়ে নাম প্রকাশ করতে নারাজ এই অভিভাবকেরা কেনা প্রশ্নে পরীক্ষা গ্রহণ করায় পরীক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।