কেনাকাটার উৎসবে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য মেলায় ঢোকার মুখে একটা অদ্ভুত কথা কানে এল, ‘বাইরে ১০, ভিতরে গেলেই ২০।’ যে মেয়েটা বলছিল, তার হাতে একটা পানির বোতল। তার কথাগুলো যেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজকদের উদাসীনতার একটা ‘জ্বলন্ত’ উদাহরণ। বাইরে যে পানি ১০ টাকায় বিক্রি হয় সেই একই পানির বোতল ভেতরে দ্বিগুণ দামে বিক্রি হয় কী করে?মেলার ভেতরে লোকের ভিড়। মাঝেমধ্যে একপাল ছেলেমেয়ে হাজির হয়। এদের সবার পরনে থাকে একই রকমের পোশাক। ক্লাস পালিয়ে নয়তো কোচিং ফাঁকি দিয়ে এরা বাণিজ্য মেলায় এসেছে। উদ্দেশ্যটা পরিষ্কার, স্রেফ ঘুরে বেড়ানো। এদের স্টলে ঢুকতে দেখলে দোকানিরা তাই খুব একটা খুশি হয় না।কেউ কেউ আবার আসে জুটি বেঁধে। এরা অবশ্য টুকটাক কেনাকাটা করে। তবে জুটিরা মূলত খাতির পায় খাবারের দোকানগুলোয়। কেননা খদ্দের হিসেবে এরা বেশ উদার। বাড়তি দাম দিয়ে খাবার তো খায়ই। উপরন্তু ওয়েটারদের বকশিশ পর্যন্ত দিতে ভোলে না।যথারীতি এবারও নানা রকম পণ্যের দেখা মিলছে বাণিজ্য মেলায়। এর মধ্যে দেশে উৎপাদিত বিদেশে রপ্তানিযোগ্য পণ্য রয়েছে প্রচুর। সেগুলো কেনার জন্য দেশি-বিদেশি খদ্দেরও আসে প্রচুর। তারা আগ্রহ নিয়ে দেখেন, কেনেন। কোনো কোনো প্রতিষ্ঠান তাদের পণ্য বিদেশে রপ্তানি করার সুযোগও পেয়ে যায়। তখন মনে হয় দেশি পণ্যের রপ্তানি উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভূমিকাটা বেশ। কিন্তু খটকাটা লাগে বিদেশি তৈজসপত্রের বাড়াবাড়ি রকম উপস্থিতি দেখে। বাণিজ্য মেলার আসল উদ্দেশ্যটা যে কী, তখন সেটাই গালে হাত দিয়ে বসে বসে ভাবতে ইচ্ছে করে। এরা কিন্তু আবার ক্রেতা ধরতে বিশাল ওস্তাদ। এ ধরনের দোকানগুলোয় বড় বড় করে লেখা থাকে, ‘আজকের বিশেষ অফার, একটা কিনলে ১০টা ফ্রি!’ সামান্য কৌতূহল দেখিয়েছেন তো মরেছেন। তখনই দোকানের চৌকস বিক্রয়কর্মী আপনার হাত ধরে দোকানের মধ্যে নিয়ে গিয়ে দেখিয়ে দেবে যে মাত্র ১৬ থেকে ১৮ হাজার টাকা দিয়ে একটা ওভেন কিংবা ননস্টিকি কড়াইয়ের সেট কিনলেই তার সঙ্গে এক গাদা জিনিস বিনে পয়সায় পাওয়া যাবে। তার সঙ্গে জুড়ে দেয় সাত বছরের মধ্যে কোনো কিছু নষ্ট হলে সঙ্গে সঙ্গে বদলে দেওয়ার আশ্বাস। এসব ছেলে ভোলানো কথা আর মাগনা মাগনা একগাদা জিনিস পাওয়ার লোভে পড়ে রাজি হয়ে যান অনেক ক্রেতা। আসলে বিনে পয়সায় তো নয়ই, বরং বাড়তি দাম দিয়েই এসব জিনিস বিক্রি করে ওরা। এ ছাড়া প্রত্যেকটা স্টলই তাদের স্থায়ী ঠিকানা হিসেবে চালিয়ে দেয় নিউমার্কেট বা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের কোনো তৈজসপত্রের দোকানকে। কিন্তু একটা বা দুটো দোকানের এতগুলো স্টল কী করে হয়, এ প্রশ্ন কারও মাথায় আসে না। কিংবা স্থায়ী দোকানের নাম হিসেবে যে দোকানটার কথা বলা হচ্ছে, তাতে একটু খোঁজ করে দেখার বিষয়টি সহজ-সরল ক্রেতাদের মাথায় আসে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেলার আয়োজকেরা কি স্টল বরাদ্দ দেওয়ার আগে এবং পরে দুই সময়েই চোখ-কান বুজে থাকেন?প্রতিবছর বড় বড় প্রতিষ্ঠান কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীদের নিয়ে আসে দোকানি হিসেবে কাজ করার জন্য। দুপুর বেলা একটু ফাঁক পেলেই এরা গোল হয়ে খেতে বসে যায় স্টলের আশপাশে। হাসতে হাসতে কত কী গল্প করে তারা!শীতের দিন বলেই বোধহয় ঝুপ করে রাত নেমে আসে। আর তখনই মেলাজুড়ে একটা ‘যাই যাই’ রব ওঠে। সারা দিন কেনাকাটা করে ঘরে ফেরার জন্য সবাই একসঙ্গে উঠে পড়ে লেগে যায়। আর তখনই বেশ একটা সুযোগ পায় মেলার বাইরে দাঁড়ানো সিএনজিচালিত অটোরিকশা আর ট্যাক্সিক্যাবচালকেরা। মিটারের বালাই নেই, নেই ভাড়া নিয়ে যৌক্তিক কোনো দরদামের সুযোগ। যাত্রীরাও তখন ঘোর বিপাকে। সঙ্গে একগাদা মালপত্র। মনে ঘরে ফেরার তাড়া। তবুও আরেকবার শেষ চেষ্টা করে কেউ কেউ। অটোরিকশাওয়ালার দিকে তাকিয়ে মিনমিন করে বলে, ‘একটু কম রাখা যায় না?’ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চালকের সাফ জবাব, ‘গেলে চলেন, না গেলে নাই!’