কেনাকাটার দুই ভুবন
এই তো কদিন আগেও ঈদের আগেভাগে গিন্নিরা কর্তাদের বলতেন, ‘চলো, মার্কেটিং করে আসি।’ শুনে কর্তার মুখ যেত শুকিয়ে। কেননা, এ মার্কেটিং মানে ব্যবসায় শিক্ষার সেই বাজারজাত নয়। ঈদের আগের মার্কেটিং মানে পোঁটলা ভরে কেনাকাটা করে ফেরা। শুদ্ধভাবে বলতে হলে বলা উচিত ‘শপিং’। ইদানীং অবশ্য শপিং শব্দটি কেনাকাটা করার ক্ষেত্রে খুবই যাচ্ছে। এর কারণও খুব স্পষ্ট। এখন লোকেরা যে কেনাকাটা করতে মার্কেটের পাশাপাশি শপিং মলেও যায়।কেনাকাটা, সে যখনই হোক কিংবা যেমনই হোক না কেন, যেতে হবে মার্কেট কিংবা শপিং মলে। দুটোর কাজ একই। শুধু আকারে, প্রকারে, পরিবেশে বিরাট ব্যবধান। আর ব্যবধান ক্রেতার শ্রেণীতে।শহরের মার্কেটগুলোতে কিলবিল করে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ক্রেতারা। তাদের কেনাকাটার ফর্দ ছোট। মানিব্যাগের আয়তনও কম। টিপে টিপে খরচ করতে হয় পয়সা। ফর্দ মেনে চলতে হয় তাই কঠিন করে। দোকানির সঙ্গে দরদাম, তর্ক-ঝগড়া করে তবেই কেনাকাটা। এ রকম কেনাকাটার জন্য শহরের মার্কেটগুলোই সবচেয়ে উপযুক্ত। কেননা মার্কেটের বিক্রেতা আর ক্রেতা উভয়ই জানে, এখানে কেনার ও বেচার প্রধান শর্ত হলো কষে দরদাম করা। দোকানি কিংবা ক্রেতা উভয়ই দরদাম করবে ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত দুজনেরই দামটা মনঃপূত না হয়। রোজার প্রথম সপ্তাহটা গেলেই মৌচাক মার্কেট, আনারকলি সুপার মার্কেট, গাউছিয়া, নিউমার্কেট, চাঁদনী চক মার্কেটে তাই গিজগিজ করতে থাকে লোকজন।চাঁদনী চক আর গাউছিয়া ঘুরে মারমার কাটকাট ভিড় দেখা গেল। মৌচাক মার্কেটেও পা দিয়ে রীতিমতো হিমশিম খেতে হলো। পা ফেলার উপায় নেই—এমন ভিড়। চলাচলের পথগুলো এমন চিপা, পাশাপাশি দু-তিনজন যাওয়ার চেষ্টা করলেই আটকে যেতে হয়। চারদিকে ঘামের গন্ধ। তার সঙ্গে এসে মিশেছে পারফিউম-পাউডার, চামড়ার ব্যাগ, জুতো আর সস্তা কসমেটিকসের তীব্র ঘ্রাণ। গরমে হাঁসফাঁস দশা। লো-ভোল্টেজে ফ্যান ঘুরছে কি ঘুরছে না, তাতে গরম বাতাসের হলকা ছাড়া আর কিছুই গায়ে আসে না। দিনদুপুরে বিদ্যুৎ গেলেও নেমে আসে কালিগোলা অন্ধকার। এর মধ্যেই কেনাকাটা চলছে, চলবে। থামবে না। এক ক্রেতা তো বলেই ফেললেন, ‘প্রতি ঈদে এইখানে আসি, আর প্রতিবার ফেরার সময় কিরা-কসম কাটি, আর এইখানে ভুলেও আসব না। কিন্তু কই আর যাব কিনতে? শেষে ঘরে ফিরে এখানেই আসি।’মার্কেটের বিক্রেতারাও এ জিনিসটা বেশ ভালোই বোঝে। তাই দক্ষ মত্স্য-শিকারির মতো বেশ খেলিয়ে খেলিয়ে তারপর ডাঙায় তোলেন ক্রেতাদের।এদিক থেকে একেবারেই উল্টো চেহারা শহরের শপিং মলগুলোর। কেননা এখানে ক্রেতাদের সামর্থ্যের সঙ্গে তাল মিলিয়ে কেনাকাটার ফর্দটাও লম্বা হয়। কোনো কোনো সময় তাই ফর্দের বাইরেও চলে যায় কেনাকাটা। সে কথাটা বেশ বোঝেও শপিং মলের বিক্রেতারা। তাই অভিজাতদের চোখ ঝলসে দেওয়া পণ্যগুলোই ওঠে এখানে। দামের কথাটা নিশ্চয়ই আর ভেঙে বলতে হবে না।পরিবেশের দিক থেকেও মলগুলো বেশ অন্য রকম। বেশ বড়সড় পরিসরে তৈরি হয় মলগুলো। লোকজনের ভিড় হলেও কিন্তু তাতে গাদাগাদি করে হাঁটতে হয় না। খোলামেলা ভাবটা তাই চোখে পড়ে সহজেই। টাইলস বা মার্বেল পাথরে ছাওয়া আয়নার মতো মেঝে। ঝকঝকে চকচকে করে রাখতে লোক থাকে সব সময়। শীতাতপ নিয়ন্ত্রিত বলে এখানে বাইরের গরমের আঁচটুকুও টের পাওয়া যায় না। চলন্ত সিঁড়ি আছে বলে কষ্ট করে সিঁড়ি ভাঙতে হয় না। তার ওপর আবার দু-চারটে লিফটও আছে। নাভানা বেইলি স্টার, বসুন্ধরা সিটি, পিংক সিটি, শপার্স ওয়ার্ল্ড, কর্ণফুলী গার্ডেন সিটি, ইস্টার্ন প্লাস, মাসকাট প্লাজা, রাপা প্লাজা, ইস্টার্ন প্লাজা ঘুরে এ ধারণাই পাওয়া গেল।বসুন্ধরা সিটি শপিং মলে কেনাকাটা করতে আসা রাহিন আর মুনতাহা বললেন, ‘শুধু ঈদে না, আমাদের সারা বছরের সব কেনাকাটাই করা হয় এখান থেকে। মোটামুটি ফিক্সড প্রাইসেই সবকিছু কেনা যায়। অন্য জায়গায় খুব একটা যাওয়া হয় না বলে বলতে পারব না, এখানে দাম বেশি না কম।’কেউ কেউ আবার পরিবেশের কারণেই শপিং মলটাকে বেছে নেন। মিসেস নাহার তাঁদেরই একজন। নাভানা বেইলি স্টার শপিং মলে কেনাকাটা করতে এসে বললেন, ‘মার্কেটে আগে খুব যেতাম। এখন যাই না, কারণ সঙ্গে মেয়ে দুটোকে নিয়ে বের হই। তাই খুব একটা নিরাপদ লাগে না। শপিং মলে ভিড় কম, ধাক্কাধাক্কি করতে হয় না। তা ছাড়া মার্কেটে গাড়ি নিয়ে গেলে পার্ক করতে খুব ঝামেলা হয়।’মজার ব্যাপার হলো, শপিং মলে যে জিনিস চড়া দামে বিক্রি হয়, অনেক সময় হুবহু সেই একই জিনিস কিন্তু মার্কেটেও মেলে। কিন্তু মার্কেটের শতেক অসুবিধা এবং দুর্ভোগের কারণে শপিং মলের ক্রেতারা মার্কেটে আসতে চায় না সহজে। মার্কেটের ক্রেতারা কিন্তু এদিক থেকে খানিকটা এগিয়ে আছে। ঘুরতে ঘুরতে অনেকেই ঢুকে পড়ে শপিং মলে। কেনাকাটার ইচ্ছেটা তাদের কম, বরং হাওয়া খাওয়ার উদ্দেশ্যেই তাদের আসা-যাওয়াটা বেশি। শপিং মলে ঘুরতে ঘুরতে সে কথাটাই বললেন নিয়াজ বিল্লাহ, ‘এখানে আসি ঘোরাঘুরি করি, এসির হাওয়া খাই, তারপর চলে যাই। কেনাকাটা করতে হলে মার্কেটই ভালো। দরদাম করে কেনা যায়। সস্তায় পাওয়া যায়। এখানে কোনো কিছু দরদাম করে কিনতে গেলে দোকানদারেরা এমনভাবে তাকায় যে দরদাম করাটা বুঝি বিরাট অপরাধ। তো এখান থেকে কিনতে যাব কেন?’