কেনাকাটার ফাঁকে ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে পোশাক বেচাকেনার পালে হাওয়া লেগেছে। নগরের ফুটপাত থেকে আধুনিক বিপণিবিতান—সব জায়গায়ই এখন ক্রেতার ভিড়। কেনাকাটার ব্যস্ততায় কখন যে সূর্যটা অস্ত যায়, টেরই পান না অনেকে। তাই কোথায় ইফতার করবেন, বুঝে উঠতে পারেন না তাঁদের কেউ কেউ। নগরের বেশ কিছু ফ্যাশন হাউস কিন্তু ক্রেতাদের এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে। তাদের ওখানেই থাকছে ইফতারির আয়োজন। কেনাকাটার মাঝে আলাদা করে যেন ইফতারের ভাবনা ক্রেতাকে তাড়িয়ে না বেড়ায়, সে জন্যই তাদের এমন আয়োজন।আসাদ গেটের কাছে মিরপুর সড়কের পাশে ফ্যাশন হাউস আড়ংয়ে রয়েছে ইফতার করার ব্যবস্থা। এখানে সপরিবারে কেনাকাটা করতে এসেছেন ব্যাংকার ফাউজিয়া আহম্মেদ। তিনি বলেন, ‘সারা সপ্তাহেই রয়েছে কর্মব্যস্ততা। তাই ছুটির দিনেই দুপুর থেকে কেনাকাটা শুরু করেছি। পরিবারের সবার জন্য কেনাকাটা করতে গেলে সময় একটু বেশি লাগে। কেনাকাটা করতে এসে ইফতারের সময় কখন যেন ঘনিয়ে এসেছে। তাই আড়ংয়ের গ্রাসরুট ক্যাফেতে ইফতার করতে বসে পড়লাম। ইফতার শেষে আবার কেনাকাটার পর্ব শুরু হবে। তাই এখানেই ইফতার করছি।’বেশ কয়েকটা ব্যাগ হাতে গ্রাসরুট ক্যাফেতে ঢুকলেন মিরপুর থেকে আসা সাদিয়া আফরিন। ইফতারের জন্য বসার জায়গা খুঁজছিলেন তিনি। তিনি বলেন, আড়ংয়ের ইফতারের ব্যবস্থা আসলেই ভালো। কেনাকাটা শেষে ইফতারের ভাবনা ঘুচিয়ে দিয়েছে আড়ং। আড়ংয়ে ইফতারির আয়োজনে থাকছে বক্স প্যাকেজ। দামের প্রসঙ্গ আসতেই সাদিয়া জানান, খাবারের দাম একটু বেশি। তবে মান ও স্বাদের কথা ভাবলে দামটা ঠিকই আছে বলে জানান তিনি। আড়ংয়ের ধানমন্ডি শাখার আউটলেট ম্যানেজার তুহিনা হক চৌধুরী জানালেন, রমজানে থাকছে তাঁদের ইফতারের প্যাকেজ। এমনিতে সারা বছর তাঁদের এখানে মিলছে খাবারের নানা পদ।মিরপুর সড়কেই রয়েছে ফ্যাশন হাউস প্রবর্তনা। প্রবর্তনার তিনতলা পর্যন্ত কেনাকাটার ব্যবস্থা রয়েছে। আর চারতলার পুরোটায় আছে খাওয়ার ব্যবস্থা। তবে রমজান মাসে সারা দিন খাওয়ার জায়গা ‘আড্ডা’ বন্ধ থাকছে। এখন বিকেলে খোলা হয় এটি। কেনাকাটা সেরে অনেকেই এখানে ইফতার করেন। এমনটাই জানালেন প্রবর্তনার আড্ডার ফ্লোর ইনচার্জ বিপ্লব বড়ুয়া। তিনি আরও জানান, আড্ডায় বৈঠকি ঢঙে বসে খাওয়ার ব্যবস্থা আছে। তবে ইফতারি কিনে নেওয়া যায় নিচতলা থেকে।ধানমন্ডি, গুলশান, বনানীর আরও কয়েকটি ফ্যাশন হাউস ও বুটিক শপে ইফতারির আয়োজন দেখা গেছে। গুলশান ২-এর ফ্যাশন ফেভার ও ফেভারিংয়ের কর্ণধার নাহিদা আহম্মেদ জানান, তাঁদের সব খাবার ঘরে তৈরি। ব্যালেন্সড ডায়েটের কথা মাথায় রেখে তাঁরা ইফতারের আয়োজন করে থাকেন।