কেনাকাটার ৫০ কোটি টাকা খরচ করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নেওয়া ১২টি প্রকল্পে কোনো সরঞ্জামই কিনতে পারেনি পুলিশ সদর দপ্তর। এসব কেনাকাটা নিয়ে ফাইল চালাচালি করতে করতেই অর্থবছর শেষ হয়ে যায়। পরে কেনাকাটা বাবদ বরাদ্দ পাওয়া প্রায় ৫০ কোটি টাকা মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়।জানতে চাইলে কেনাকাটার দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহকারী মহাপরিদর্শক মাহবুব আলম প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না পাওয়ায় কেনাকাটা করা সম্ভব হয়নি। সে কারণে বরাদ্দের টাকা ফেরত দেওয়া হয়েছে। কিছু টাকা চলতি বছরের বাজেটের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে বলে তিনি জানান।তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ) নাজিম উদ্দিন চৌধুরী এ সম্পর্কে বলেন, পুলিশের বেশির ভাগ দরপত্রই ছিল ত্রুটিপূর্ণ। এ কারণে কেনাকাটার অনুমোদন মেলেনি।পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, গত বছর পুলিশের বার্ষিক পরিকল্পনায় ১২টি প্রকল্পে সরঞ্জাম কেনার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এসব সরঞ্জামের মধ্যে ছিল দাঙ্গা দমনের গাড়ি, ৩৫০ সিসির মোটরসাইকেল, উদ্ধার অভিযানে অংশ নেওয়ার উপযোগী ট্রাক, ২০০০ নাইন এমএম পিস্তল, নয়টি ঘোড়া, ছয়টি স্পিডবোট, ইন্টারনেটে আড়ি পাতার যন্ত্র, শান্তিরক্ষা মিশনে ব্যবহার উপযোগী বিশেষ ধরনের দাঙ্গা দমনের গাড়ি ও বিভিন্ন আকারের ৩৬টি জেনারেটর।পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের অভিযোগ, এসব সরঞ্জামের জন্য দরপত্র চেয়ে তা মূল্যায়নের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু তুচ্ছ অজুহাতে মন্ত্রণালয় সেসব দরপত্র বাতিল করে পুনঃদরপত্র আহ্বান করতে বলে। এতে প্রতিবারই তিন-চার মাস সময় পেরিয়ে যায়। এভাবে কাগজপত্র চালাচালি করতে করতেই শেষ হয়ে যায় অর্থবছর। যেসব অর্থ ফেরত গেছে: কাগজপত্রে দেখা গেছে, গত অর্থবছরে পুলিশের জন্য ৩৫০ সিসির ২০টি মোটরসাইকেল কেনার দরপত্র চাওয়া হয়েছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ সিসির মোটরসাইকেল কিনতে আপত্তি জানায়। এ নিয়ে কয়েক দফা চিঠি চালাচালি চলে। এক দফা দরপত্রও বাতিল করা হয়। অর্থবছর শেষ হয়ে যাওয়ায় এ খাতের এক কোটি ৬৫ লাখ টাকা মন্ত্রণালয়ে ফেরত গেছে।দাঙ্গা দমনের জন্য দুটি বিশেষ ধরনের গাড়ি কেনার জন্য দুই কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্র শেষে গত ৩১ মে এ-সংক্রান্ত কাগজপত্র পাঠানো হয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেওয়ার আগেই বছর শেষ হয়ে যায়। একইভাবে শান্তিরক্ষা মিশনে ব্যবহার উপযোগী বিশেষ ধরনের পাঁচটি ট্রাক কেনার জন্য বরাদ্দ দেওয়া এক কোটি ৯৯ লাখ টাকা ফেরত গেছে।সূত্র জানায়, পুলিশের জন্য অস্ট্রিয়ায় তৈরি ৯ এমএম পিস্তল কেনার সিদ্ধান্ত হয়েছিল। এর আগের বছরেও এক হাজার পিস্তল কেনার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু অস্ট্রিয়া সরকার বাংলাদেশের জন্য ৯ এমএম পিস্তলের ব্যাপার ছাড়পত্র দিতে অনীহা প্রকাশ করে। সরবরাহকারী এরপর যুক্তরাষ্ট্র থেকেও ছাড়পত্র নেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই দেশও ছাড়পত্র দিতে অপারগতা প্রকাশ করে। এতে পুরো প্রকল্পটি ভেস্তে যায়। গত ২০০৮-২০০৯ অর্থবছরে পিস্তল কেনা বাবদ আড়াই কোটি টাকার মঞ্জুরিও বাতিল করা হয়। একইভাবে গত অর্থবছরের বাতিল করা হয় আরও তিন কোটি ৩৩ লাখ টাকার বরাদ্দ।একইভাবে পুলিশ একাডেমি সারদার জন্য নয়টি ঘোড়া কেনার দরপত্র চাওয়া হয়। এ খাতে বরাদ্দ ছিল ৫৮ লাখ ৫৪ হাজার টাকা। এ নিয়ে প্রথম দফা দরপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফেরত পাঠিয়ে দেয়। আবার দরপত্র আহ্বান করা হলে তা-ও বাতিল করা হয়। শেষ পর্যন্ত এ খাতের বরাদ্দ বর্তমান অর্থবছরের সঙ্গে যুক্ত করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য: মন্ত্রণালয়ের সূত্র জানায়, ঘোড়া কেনার প্রথম দরপত্র বাতিল করার কথা বলা হলেও খুব কম সময়ের মধ্যে আবার দরপত্র চাওয়া হয়। এতে প্রতিটি ঘোড়ার জন্য অতিরিক্ত দুই লাখ ১৬ হাজার দাম চাওয়া হয়। এ কারণে পুরো দরপত্র বাতিল করা হয়। স্পিডবোট কেনার ক্ষেত্রে একই ধরনের অনিয়ম করা হয়েছে। দেখা গেছে, তুচ্ছ অজুহাতে সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়া হয়নি। আবার দরপত্র করে একই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাত লাখ টাকা বেশি দামে দরপ্রস্তাব নেওয়া হয়।ইন্টারনেটে আড়িপাতার যন্ত্র কেনার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সময়মতো কেনাকাটা করতে না পারার কারণে ওই অর্থ চলতি অর্থবছরের হিসাবে সংযুক্ত করা হয়েছে। এ টাকা নিয়ে পুলিশের জন্য পিকআপ কেনা হচ্ছে। ৩৬টি জেনারেটর ক্রয়ের ক্ষেত্রে বলা হয়েছে, কেবল একটি প্রতিষ্ঠানকে বেশি দামে ক্রয় আদেশ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এতে সরকারের অতিরিক্ত আড়াই কোটি টাকা বেশি খরচ হতো। এ কারণে দরপত্র বাতিল করা হয়েছে।শান্তিরক্ষা মিশনে ব্যবহার উপযোগী বিশেষ ধরনের গাড়ির ক্ষেত্রে মন্ত্রণালয় বলছে, সাতটি প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি প্রতিষ্ঠানকে তুচ্ছ অজুহাতে বাদ দিয়ে সর্বোচ্চ দরদাতাকে কার্যাদেশ দেওয়া হয়। এতে এক কোটি ৮৬ লাখ টাকা অতিরিক্ত খরচ হতো। এ কারণে ওই দরপত্র বাতিল করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ) নাজিম উদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, পুলিশের কেনাকাটার ক্ষেত্রে কাগজপত্র ঠিক থাকে না। এসব নিয়ে চিঠি চালাচালি করতে হয়। এতে সময় বেশি লাগে। অনেক সময় পণ্যের দরও ঠিক থাকে না।চলতি বাজেটে বরাদ্দ: চলতি অর্থবছরে পুলিশের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে চার হাজার ৫৪৪ কোটি ৮৮ লাখ টাকা। চলতি সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল চার হাজার ২৭৩ কোটি ১০ লাখ টাকা। এসব বরাদ্দের মধ্যে বাংলাদেশ পুলিশ অধিদপ্তরের জন্য দুই হাজার ৭৭ কোটি ৪১ লাখ টাকা, মহানগর পুলিশের জন্য ৭০৯ কোটি ৫৯ লাখ টাকা, জেলা পুলিশের জন্য এক হাজার ৫৪০ কোটি নয় লাখ টাকা, উপজেলা পুলিশের জন্য পাঁচ কোটি ৭২ লাখ টাকা, রেলওয়ে পুলিশের জন্য ২৯ কোটি এক লাখ টাকা, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ৫২ কোটি ৯৪ লাখ, বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) জন্য ৮৩ কোটি ৮২ লাখ টাকা এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ৪৬ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বরাদ্দের বেশির ভাগই বেতন ও অন্য খাতে ব্যয় হয়ে থাকে।