পল্লবী থেকে মতিঝিলের দূরত্ব ১৬ কিলোমিটার। স্বাভাবিক যানজটে ওই পথ পাড়ি দিতে বাসযাত্রীদের সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। গতকাল লেগেছে পাঁচ ঘণ্টার বেশি
কেনাকাটায় গাড়ির স্রোত ও অবরোধে অচল ঢাকা
সরকারি ছুটির দিনে ঈদ উপলক্ষে একে তো বিপণিবিতানমুখী গাড়ির স্রোত, তার ওপর গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা দুটি সড়ক অবরোধ করায় পুরো রাজধানী কার্যত অচল হয়ে পড়ে। দীর্ঘ যানজট দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীবাসীকে ভোগায়।রোজার দিনের এই অসহনীয় যানজটে এক ঘণ্টার যাত্রা সম্পন্ন করতে কয়েক ঘণ্টা লেগে যায় নগরবাসীর। টানা চার দিনের হরতালের এক দিন পর বিপণিবিতানে মানুষের ভিড় বাড়াও একটি কারণ ছিল গতকাল যানজটের।ভুক্তভোগীরা বলছেন, কয়েক দিন আগে ৩৪তম বিসিএসের ফল এবং সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। এতে রোজা শুরুর আগের দিন থেকে তিন দিন পর্যন্ত ঢাকায় ব্যাপক যানজট হয়। এ ছাড়া রাজনৈতিক কর্মসূচি, বিভিন্ন দাবি আদায়ের আন্দোলন কিংবা প্রতিবাদ কর্মসূচির স্থান হিসেবে রাজপথকে বেছে নেওয়া হয়। এর ফলে অসহনীয় দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে।বিশেষজ্ঞ ও পুলিশ কর্মকর্তারা বলছেন, ঢাকার মূল সড়কগুলো উত্তর-দক্ষিণমুখী। সব কটি সড়কের সঙ্গে প্রেসক্লাব, শাহবাগ, মতিঝিল ও পল্টনের সংযোগ রয়েছে। সে ক্ষেত্রে কোনো কারণে এই চার স্থানের কোথাও সড়ক বন্ধ হয়ে গেলে এর প্রভাব পুরো রাজধানীতে পড়ে।মিরপুরের পল্লবী থেকে মতিঝিলের দূরত্ব ১৬ কিলোমিটার। ওই পথে চলাচলকারী একাধিক পরিবহন কোম্পানির চালকেরা জানান, স্বাভাবিক যানজটে তাঁরা এই ১৬ কিলোমিটার পথ পাড়ি দেন দুই থেকে আড়াই ঘণ্টায়। কিন্তু গতকাল বিকেলে পাঁচ ঘণ্টারও বেশি সময় লেগেছে।জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম প্রথম আলোকে বলেন, ‘হরতালের পর মানুষ কেনাকাটা করতে নামায় যানজট কিছুটা বেড়েছে। এ ছাড়া দুই স্থানে রাস্তা অবরোধের ঘটনাও ঘটেছে। যানজট নিত্যদিনের ঘটনা। আমরা আমাদের সক্ষমতা দিয়ে তা সহনীয় রাখার চেষ্টা করি।’গতকাল বেলা সাড়ে তিনটায় গুলশান-২ থেকে বাসে রওনা দেন ব্যাংক কর্মকর্তা শহিদুল করিম। সন্ধ্যা ছয়টায় শাহবাগে পৌঁছান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কারওয়ান বাজার পার হতে দেড় ঘণ্টা সময় লেগেছে।শিকড় পরিবহনের একটি বাসের চালক রহমত আলীর সঙ্গে কারওয়ান বাজারে কথা হয় বিকেল সাড়ে পাঁচটার দিকে। তিনি জানান, প্রেসক্লাব থেকে কারওয়ান বাজারে আসতে তাঁর সময় লেগেছে সোয়া এক ঘণ্টা। তিনি বলেন, ‘মিরপুর থেকে আসার পথে ফার্মগেটের খামারবাড়িতে এসে ২০ মিনিট ইঞ্জিন বন্ধ করে বসে ছিলাম। এরপর আধা ঘণ্টায় কারওয়ান বাজারে এসেছি।’ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও বর্তমান সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় উপলক্ষে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা চার দিন হরতাল ছিল। ফলে ঈদ আসন্ন হলেও রাজধানীর বিপণিবিতানগুলো ছিল অনেকটাই ফাঁকা। বৃহস্পতিবার হরতাল শেষ হওয়ার পর সন্ধ্যা থেকেই বিপণিবিতানগুলোতে মানুষের স্রোত শুরু হয়। এ স্রোত গতকাল মধ্যরাত পর্যন্ত দেখা গেছে।এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রথম বর্ষের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণের সুযোগ দেওয়ার দাবিতে গতকাল রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি সড়ক অবরোধ করেন। এতে রাজধানীর প্রায় সব সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সামনের সড়ক আটকে দেন সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের কিছু শিক্ষার্থী। এর ফলে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও মতিঝিলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ পথ দিয়ে উত্তরা-বিমানবন্দর, মিরপুর, মোহাম্মদপুর, গাবতলী এলাকার যানবাহন গুলিস্তান, মতিঝিল, সদরঘাট, সায়েদাবাদসহ বিভিন্ন স্থানের মধ্যে চলাচল করে। বেলা একটার দিকে একই কারণে মহাখালী এলাকায় প্রায় আধা ঘণ্টা সড়ক দখল করে রাখেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সে সময় মহাখালী, গুলশান ও বনানী এলাকাতেও যানজট তীব্র হয়ে ওঠে। সড়ক দখল করে প্রতিবাদ সভার কারণে প্রেসক্লাবের আশপাশে যানজট শুরু হয় দুপুর থেকে। অবশ্য ঈদের কেনাকাটার জন্য বসুন্ধরা সিটিকে কেন্দ্র করে কারওয়ান বাজার, নিউমার্কেটকে কেন্দ্র করে এর আশপাশে, কর্ণফুলী ও মৌচাক মার্কেটকে ঘিরে মালিবাগ-কাকরাইলে এবং রাজধানী সুপার মার্কেটকে কেন্দ্র করে পুরান ঢাকায় সকাল থেকেই জনস্রোত ছিল। ফলে সড়ক অবরোধের সঙ্গে বিপণিবিতানের জনস্রোত মিলে রাজধানীর বেশির ভাগ অংশ প্রায় অচল হয়ে পড়ে।বিকেল চারটায় রাসেল স্কয়ার থেকে কারওয়ান বাজার পর্যন্ত পুরো সড়কই যানবাহনে ঠাসা ছিল। বসুন্ধরা সিটির সামনে গৃহিণী সানজিদা শরীফ বলেন, কারওয়ান বাজার সিগন্যাল পার হওয়ার জন্য সিএনজিতে বসে আছেন আধা ঘণ্টা পর্যন্ত।মৎস্য ভবনে যানবাহন নিয়ন্ত্রণে নিয়োজিত ট্রাফিক পুলিশের একজন সদস্য বলেন, রোজার দিনে ফুটপাত দখল করে ইফতারসামগ্রী তৈরি ও বিক্রি, বিপণিবিতানে কেনাকাটা এবং ইফতারের আগে একসঙ্গে সব মানুষ ছোটা শুরু করে বলে সব সময়ই যানজট হয়। তবে টানা চার দিনের হরতালের কারণে শুক্রবার থেকেই ঢাকায় ব্যাপক যানজট। গতকাল দুটি সড়ক দখল করার কারণে তা আরও অসহনীয় হয়ে ওঠে।