কেনাকাটায় চাই সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে বিপণিবিতানে ক্রেতার অভাব থাকে না। জামা-জুতা, গয়নাগাটি, সেমাই-চিনি কেনার জন্য ঝাঁপিয়ে পড়েন সবাই। এই ভিড়ের ফাঁকে দোকানে ঢুকে যেতে পারে চোরের দল। কোনো একটা জিনিস দেখার ফাঁকে তা হাত বদল করে চলে যেতে পারে আরেকজনের হাতে। আর গয়না ঢুকে পড়তে পারে ক্রেতার সাজে আসা কোনো চোরের থলেয়। বছর কয়েক আগে এমনই এক চোর ধরা পড়ে ফুলবাড়িয়ার বঙ্গ মার্কেটে। তার পরনে ছিল বোরকা।এবারের ঈদেও বেচায় বিভোর না থেকে চুরি প্রতিরোধে পাহারা রাখা উচিত দোকানিদের।প্রতারক থেকেও সাবধান থাকতে হবে তাঁদের। কেননা মুদি দোকানে হাজার তিনেক টাকার পণ্য কিনে সেগুলো বস্তাবন্দীর পর মুদির কাছ থেকে শ পাঁচেক টাকা নিয়ে কাঁচাবাজারে যেতে পারেন কোনো ক্রেতা। তারপর সারা দিন তাঁর টিকিটিরও আর দেখা মিলবে না। মাপা মাল পড়ে থাকবে দোকানেই। মাঝখান থেকে মুদির যাবে টাকা, আর পণ্ড হবে মাল মাপামাপির শ্রম। এমন ঘটনার কথা জানালেন মিরপুর এক নম্বর সেকশনের শাহ আলী মহিলা কলেজ মার্কেটের মুদি দোকানি ফয়সাল আহমেদ।তবে মুদি বাজার নয়, ঈদের আগে চোর, প্রতারক, পকেটমার, ছিনতাইকারী, চাঁদাবাজদের মূল লক্ষ্যস্থল হলো বড় বড় বিপণিবিতান। ধরা যাক নিউমার্কেট এলাকার কথা। ঈদবাজারে এটা পকেটমারের জন্য আদর্শ এলাকা। গাউছিয়া, নূর ম্যানশন, নিউমার্কেট, চাঁদনী চকের ভেতর-বাইরে যে ভিড় থাকে, তাতে নবীন কারোর জন্যও পকেট কাটা কোনো ব্যাপার নয়। তাই ঈদবাজারের ভিড়ভাট্টায় একান্তই যদি যেতে হয়, তবে পকেট আর সঙ্গের থলের দিকে বাড়তি নজর দিতে হবে। গায়ে দামি গয়না পরে ঢাকার পথে বের না হওয়াই ভালো। এর উল্টোটা করলে টানা পার্টির হাতে গয়না তো যাবেই, এর সঙ্গে কান ছিঁড়ে, হাত কেটে কিংবা গলা ছিলে রক্তারক্তি হওয়ারও সমূহ আশঙ্কা থেকে যায়।তবে ভিড় আছে এমন বিপণিবিতান এড়াতেই পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঈদ সামনে রেখে তারা ‘নিরাপত্তায় সচেতনতা’ শীর্ষক যে লিফলেট বিলি করছে তাতে আছে এমন কথা। একটি-দুটি নয়, এমন আড়াই লাখ লিফলেট ছেপেছে তারা। সেখানে আরও বলা আছে, সন্ধ্যা নামার আগেই যাতে সবাই কেনাকাটা সেরে নিরাপদে বাসায় ফেরে। চাঁদরাতে দোকানিরা যাতে দোকানে টাকা রেখে না যান। নতুন কর্মী, গৃহকর্মী, চালক নিয়োগ দিলে যাতে তার নাম-পরিচয়-ছবি সংগ্রহ-সংরক্ষণ করা হয়, সেদিকে জোর দিয়েছে ডিএমপি। চোর, ডাকাত, ছিনতাই প্রতিরোধে আরও যেসব নিরাপত্তাব্যবস্থা নিতে পারেন ব্যবসায়ী ও ক্রেতারা, তার সবই বলা হয়েছে তাদের লিফলেটে। আর পথে অজ্ঞান পার্টি, মলম পার্টির হাত থেকে বাঁচতে অপরিচিত কারও কিছু না খাওয়া, রিকশা, অটোরিকশার মতো যানে অপরিচিত লোকের সহযাত্রী হতেও মানা করা হয়েছে। আবার নির্জন অলিগলি এড়িয়ে জনবহুল রাস্তায় চলতে বলেছে ডিএমপি।ডিএমপির ‘নিরাপত্তায় সচেতনতা’ নামের লিফলেটের পরামর্শ মানলে অপরাধীর আপদ থেকে অনেকটাই নিরাপদ থাকা যাবে। কেননা এটি যার হাতে পড়বে, হাতের তালুর মতোই তার চেনা হয়ে যাবে নিজেকে নিরাপদ রাখার সব অলিগলি।এখন প্রশ্ন হচ্ছে, কমবেশি দেড় কোটি মানুষের নগরে ডিএমপির আড়াই লাখ লিফলেট মানুষের হাতে যাচ্ছে কি? সম্পূরক প্রশ্ন হতে পারে, শুধু লিফলেটেই কি ডিএমপির দায় শেষ? জানা যাক ডিএমপির সহকারী কমিশনার সাইফুল্লাহ বিন আনোয়ারের কাছ থেকেই। তাঁর দাবি, ‘জনবহুল স্থানে লিফলেট বিলি করা হচ্ছে। থানায় থানায় লিফলেট দেওয়া হয়েছে। এভাবেই মানুষের হাতে যাচ্ছে লিফলেট। মানুষের জানমালের নিরাপত্তায় রমজান মাসে দফায় দফায় বৈঠক করছি আমরা। নিরাপত্তা নিশ্চিত করতে আমরা তৎপর আছি। রমজান মাসে বিপণিবিতান, এর আশপাশ ও সড়কে টহল পুলিশের সদস্য বাড়ানো হয়েছে। এ ছাড়া বিপণিবিতান, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনের মতো জনবহুল স্থানে সাদা পোশাকে পাহারা দিচ্ছে পুলিশ।’