কেনিয়ায় জাতিগত সংঘর্ষে ৩৯ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার উপকূলীয় প্রদেশের টানা রিভার এলাকায় পোকোমো ও ওরমা সম্প্রদায়ের সংঘর্ষে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।পুলিশ জানায়, আজ শুক্রবার সকালে পোকোমো কৃষকেরা ওরমাদের গ্রাম কিপাওয়ে হামলা চালানোয় এ হতাহতের ঘটনা ঘটে। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ শিশু ও ছয়জন নারী রয়েছেন।পুলিশের মতে, কয়েক মাস আগে পোকোমোদের গ্রামে হামলা চালিয়ে ১০০ জন হত্যার প্রতিশোধ হিসেবে আজকের হামলাটি হয়েছে। তবে অনেকেই এটিকে রাজনৈতিক হামলা বলেছেন। পুলিশ আরও জানায়, সংঘর্ষে দুই পক্ষের লোকজনই হতাহত হয়। এ সময় বাড়িঘর পোড়ানো হয়। আর দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় মানুষদের।কোস্ট প্রদেশের সহকারী পুলিশ রবার্ট কিটুর বলেন, ‘আজ সকালে প্রায় ১৫০ জন পোকোমো হামলাকারী ওরমাদের গ্রাম কিপাওয়ে হামলায় চালায়। এ হামলার খবর ওরমারা আগে থেকে জানত বলেই মনে হয়েছে।’ তিনি আরও বলেন, আগ্নেয়াস্ত্র, বর্শা, দা ও তির নিয়ে আক্রমণ করে হামলাকারীরা। পুলিশ সদস্যরা তাদের ঘটনাস্থল থেকে হটিয়ে দিয়েছে। ত্রাণকর্মীরা জানিয়েছেন, সংঘাতপীড়িত গ্রামের মানুষজন হামলার ভয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছে। রেডক্রস জানিয়েছে, হামলায় কমপক্ষে ৩০ জন নিহত ও ৩০ জন গুরুতর আহত হয়েছে বলে তারা খবর পেয়েছে। এ ছাড়া ৪০টির বেশি বাড়িঘর পোড়ানোর কথাও বলেছে সংস্থাটি।এদিকে হামলায় আহত লোকদের খুঁজে বের করতে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। তারা আক্রান্ত লোকদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে। আহত ব্যক্তিদের বন্দরনগরী মোম্বাসার হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে।চলতি বছরের আগস্টে পোকোমো ও ওরমাদের মধ্যে সংঘর্ষ বাধে। সে সময় ওরমারা পোকোমোদের জমিতে গবাদিপশু চরিয়েছিল বলে অভিযোগ রয়েছে।