কেনিয়ায় নির্বাচনী সংঘাতে নিহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ায় আজ সোমবার উপকূলীয় এলাকায় পুলিশের সঙ্গে দুষ্কৃতকারীদের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, সকালে দেশজুড়ে প্রেসিডেন্ট নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগে দুষ্কৃতকারীরা দা-জাতীয় অস্ত্র হাতে পুলিশের ওপর দুই দফা হামলা চালালে ওই ১৫ জন প্রাণ হারান। এর আগে কেনিয়ায় ২০০৭ সালের নির্বাচনের সময় ব্যাপক রক্তক্ষয়ী সংঘাত হয়েছিল।রয়টার্সের খবরে বলা হয়, দুষ্কৃতকারীদের এখনো চিহ্নিত করা না গেলেও কর্তৃপক্ষ ধারণা করছে, উপকূলীয় এলাকার বিচ্ছিন্নতাবাদীরা ওই হামলা চালিয়েছে। সংঘাতময় এলাকার পুলিশ-প্রধান আগ্রে আদোলি জানান, হামলাকারীরা নয়জন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করে। আর পুলিশের পাল্টা হামলায় ছয় হামলাকারী প্রাণ হারায়।গত নির্বাচনের ফল ঘোষণার পর আদিবাসী দলগুলো তা প্রত্যাখ্যান করে পরস্পর সংঘাতে লিপ্ত হলে রক্তবন্যা বয়ে যায়। প্রায় এক হাজার ২০০ মানুষ তখন প্রাণ হারায়। আন্তর্জাতিক মহলে এ ঘটনা কেনিয়ার ভাবমূর্তিকে ভীষণ ক্ষতিগ্রস্ত করে। এর আগে আফ্রিকার অন্যতম স্থিতিশীল অর্থনীতি ও ধারাবাহিক গণতান্ত্রিক চর্চার জন্য দেশটির সুনাম ছিল।এবার যেন ২০০৭ সালের মতো কেউ সংঘাতে লিপ্ত না হয়, সে জন্য নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও নির্বাচনী কর্মকর্তারা দেশবাসীর প্রতি আবেদন জানিয়েছেন।এবারের নির্বাচনে বর্তমান জোট সরকারের প্রধানমন্ত্রী ও অরেঞ্জ ডেমোক্রেটিক পার্টির নেতা রাইলা ওডিঙ্গা এবং সরকারের উপপ্রধানমন্ত্রী ও দ্য ন্যাশনাল অ্যালায়েন্সের নেতা উহুরু কেনিয়াত্তার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। উভয় প্রার্থীই ভোটের জন্য নিজ নিজ আদিবাসী গোষ্ঠীর ওপর নির্ভর করছেন। আর এ কারণেই সংঘাতের আশঙ্কাও বাড়ছে। রাইলা দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট জারামোগি ওডিঙ্গার ছেলে, আর উহুরু দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জুমো কেনিয়াত্তার ছেলে। কেনিয়ায় সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ায় জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। আফ্রিকায় ক্রমবিকাশমান উগ্র ইসলামপন্থীদের দমনে পশ্চিমা দেশগুলোর ঘনিষ্ঠ সহযোগী কেনিয়া। তবে উহুরু কেনিয়াত্তা নির্বাচিত হলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা এখনো বোঝা যাচ্ছে না। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে। আদালতের অভিযোগ, উহুরু ২০০৭ সালের দাঙ্গার প্রধান পরিকল্পনাকারী। স্থানীয় সময় বিকেল পাঁচটায় (বাংলাদেশ সময় রাত আটটা) ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে আনুষ্ঠানিক ফল ঘোষণার জন্য নির্বাচন দপ্তর সাত দিন সময় হাতে পাবে।উহুরুর রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী) উইলিয়াম রুতো বলেন, ‘জিতলে আমাদের দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে না। নিজেদের নির্দোষ প্রমাণের জন্য আদালতকে সব ধরনের সহযোগিতা করা হবে।’ রুতোর বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা চলছে।আজ সকালের প্রথম হামলাটি হয়েছিল মোম্বাসা শহরের কাছে। দ্বিতীয়টি ঘটে কিলিফি শহরে। এটি রাজধানী থেকে ৫০ মাইল উত্তরে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী মোম্বাসা রিপাবলিকান কাউন্সিল (এমআরসি) দায়ী। জাতীয় নির্বাচনের বদলে ওই অঞ্চলের স্বাধীনতার দাবিতে গণভোটের দাবি জানিয়ে আসছিল সংগঠনটি।রয়টার্স জানিয়েছে, হামলার পর ঘটনাস্থলে পড়ে থাকা বেশকিছু কাগজে লেখা ছিল ‘এমআরসি। উপকূল কেনিয়া নয়। নির্বাচন চাই না। চাই স্বাধীনতা।’