কেনিয়ার এমপিদের বেতন বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার পার্লামেন্টের সদস্যরা (এমপি) নিজেদের বেতন বাড়িয়ে নেওয়ার জন্য একটি বিল পাস করার পর আজ মঙ্গলবার বিপুলসংখ্যক মানুষ পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে। বিবিসির খবরে বলা হয়, আফ্রিকার দেশগুলোর মধ্যে কেনিয়াতেই আইনপ্রণেতারা সবচেয়ে বেশি বেতন পান। তাঁদের মাসিক বেতন প্রায় ১০ হাজার ডলার বা আট লাখ টাকা।নাইরোবিতে প্রেসিডেন্ট ম’ওয়াই কিবাকির কার্যালয়ের সামনে জনতার বিক্ষোভের কারণে যানচলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা এমপিদের উদ্দেশে সোয়াহেলি ভাষায় ‘চোর চোর’ রবে স্লোগান দিতে থাকে।এক বিক্ষোভকারী বিবিসিকে বলেছেন, ‘আমাদের দেশের দিকে তাকালে আপনি দেখবেন আমাদের শিক্ষকের অভাব, জনস্বাস্থ্য বিভাগে লোক নেই, সমস্যার অন্ত নেই। এটা (বেতন বৃদ্ধি) পুরোপুরি স্বার্থপরতা, দেশপ্রেমহীনতা এবং আহাম্মকি।’নতুন নিয়ম অনুযায়ী এমপিরা মেয়াদ ফুরানোর সময় ৮৪ লাখ টাকা বোনাস হিসাবে পাবেন। ২০১৩ সালের মার্চে পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়া কথা।বিশ্লেষকেরা বলছেন, এই অতিরিক্ত দুই কোটি তিন লাখ ডলার জোগানোর জন্য করারোপ ছাড়া অন্য কোনো পথ নেই।প্রতিবেদনে বলা হয়, দেশের সরকারি খাতের শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট পালনের পর ২২২ জন এমপির বেতন বাড়ানোর প্রস্তাব পাস করা হলো। গত বৃহস্পতিবার রাতে অর্থসংক্রান্ত এক আইনের মাধ্যমে এ প্রস্তাব পাস করা হয়।সেপ্টেম্বর মাসে ধর্মঘটের কারণে দেশটিতে তিন সপ্তাহের জন্য সব স্কুল বন্ধ ছিল। হাসপাতালগুলোতে চিকিত্সাসেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এএফপির এক খবরে বলা হয়েছে, কেনিয়ায় ন্যূনতম বেতন এত কম যে একজন এমপির ঘোষিত বোনাসের সমান অর্থ আয় করতে হলে একজন শ্রমিককে ৬১ বছর ধরে কাজ করতে হবে।কেনিয়ায় পার্লামেন্টের প্রতিটি অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রত্যেক এমপি ২৫ ডলার এবং প্রতিটি পার্লামেন্টারি কমিটির সভায় উপস্থিত থাকার জন্য প্রত্যেকে অতিরিক্ত ২৫ ডলার করে পান।