কেনিয়ার প্রধানমন্ত্রীকে মধ্যস্থতার দায়িত্ব দিয়েছে আফ্রিকা ইউনিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের চলমান রাজনৈতিক সংকট নিরসনে কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গাকে মধ্যস্থতার দায়িত্ব দিয়েছে আফ্রিকা ইউনিয়ন। ক্ষমতা হস্তান্তরে দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট লয়ন্ত বাগবোকে অনড় অবস্থান থেকে সরিয়ে নিয়ে আসাই এই মিশনের মূল উদ্দেশ্য বলে জানা গেছে।এদিকে, সমস্যা থেকে উত্তোরনের উপায় খুঁজতে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক সংস্থা ইসিওডব্লিউএএস সদস্যভুক্ত বেনিন, সিয়েরা লিওন ও কেপ ভার্দের রাষ্ট্রপ্রধানেরা আইভরি কোস্ট যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ব্যাপারে বাগবোর স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাঈল গুইরিওলৌ জানান, ‘এই তিন দেশের সরকার প্রধানদের ভাই ও বন্ধু হিসেবে স্বাগত জানাতে ও তাঁদের সঙ্গে আলোচনায় বসতে বাগবোর সরকারের কোনো আপত্তি নেই।’কেনিয়ার প্রধানমন্ত্রী ওদিঙ্গা বিবিসিকে জানিয়েছেন, লয়ন্ত বাগবোর সঙ্গে তিনি কী আলোচনা করবেন তা নিয়ে তিনি ভাবছেন। তবে, এর আগে ইসিওডব্লিউএএসের তিন দেশের সরকার প্রধানের সঙ্গে বাগবোর আলোচনা কতটুকু ফলপ্রসু হবে তার ওপরই সবকিছু নির্ভর করছে বলে তিনি জানান। ওদিঙ্গা আরো বলেন, সারা জীবনই বাগবো নিজেকে ‘‘গণতান্ত্রিক’’ হিসেবে উপস্থাপন করেছেন। এ কারণে দীর্ঘদিন তাঁকে ফ্রান্সে নির্বাসিত জীবন-যাপন করতে হয়েছে। তাই এই সঙ্কটের মুহূর্তে আমি তাঁকে বিশেষ দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ জানাবো।’প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর আইভরি কোস্টে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির স্বাধীন নির্বাচন কমিশন বিরোধীদলীয় প্রার্থী আলাসেন ওয়েতাহাকে বিজয়ী ঘোষণা করে। কিন্তু ওই ফলাফল প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন লয়ন্ত বাগবো। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় আলাসেন ওয়েতাহাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিবিসি।