কেনিয়ায় জাতিগত সংঘর্ষে নিহত ১১
দক্ষিণ-পূর্ব কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলে ফের জাতিগত সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।জিলিও দাবাচা নামে স্থানীয় একজন কর্মকর্তা বলেন, সশস্ত্র হামলাকারীরা রাতে আগুন দিয়ে অনেক বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা বন্দুকের গুলি ও আর্তনাদের শব্দ শুনেছি। এরপর আক্রান্ত এলাকার সবখানে ধোঁয়া নির্গত হতে দেখেছি।’বিবিসির খবরে বলা হয়, কেনিয়ার কোস্ট প্রদেশের তানা নদী এলাকায় ওই সশস্ত্র হামলা হয়েছে। একই এলাকায় গত মাসে ওরমা ও পোকোমো সম্প্রদায়ের দাঙ্গায় ৫২ জন নিহত হয়েছিল।কেনিয়ার রেডক্রস কর্মকর্তা নেলি মুলুকা বলেন, প্রতিশোধপরায়ণ হয়ে এসব হামলা চালানো হয়েছে। ভূমি ও পানির ওপর অধিকার নেওয়াকে কেন্দ্র করে কেনিয়ায় ওরমা ও পোকোমো সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ লেগে আছে। পোকোমোদের বেশির ভাগই কৃষক। আর ওরমারা প্রায় যাযাবর, গবাদিপশু চারণকারী। সর্বশেষ হামলাটি ছিল পোকোমোদের গ্রামে। গত মাসে ওরমাদের সম্পত্তিতেও একই ধরনের হামলা চালানো হয়েছিল।