কেনিয়ায় দুটি গির্জায় গ্রেনেড হামলা, নিহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার উত্তরাঞ্চলের গারিসা শহরে দুটি গির্জায় গ্রেনেড হামলায় ১৬ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। আজ রোববার এ হামলা হয়। আল-জাজিরা খবরে বলা হয়, গারিসার ক্যাথলিক গির্জা ও আফ্রিকান আইল্যান্ড ইনডিপেন্ডেন্ট (এআইসি) গির্জায় গ্রেনেড হামলা চালানো হয়।গারিসা কেনিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। গারিসা থেকে সোমালিয়ায় সীমান্তবর্তী অঞ্চলে পদাতিক বাহিনী মোতায়েন করা হয়েছে। গারিসার আঞ্চলিক উপপুলিশ প্রধান ফিলিপ নদোলো রয়টার্সকে জানান, গ্রেনেড হামলায় আরও প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আল-জাজিরার খবরে আরও বলা হয়, বন্দুকধারী এআইসি গির্জায় প্রার্থনারত ব্যক্তিদের লক্ষ্য করে প্রথমে গুলি চালায়। এরপরে গ্রেনেড ছোড়ে। কেনিয়ায় সাম্প্রতিক হামলাগুলোর জন্য দেশটির কট্টরপন্থী ইসলামি জঙ্গি দল আল-শাবাবকে দায়ী করা হয়। সোমালিয়ার সরকারকে উত্খাতের জন্য দলটি কাজ করে যাচ্ছে।