কেনেডির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান শিক্ষানবীশ কর্মী
হোয়াইট হাউসের এক শিক্ষানবিশ কর্মীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির। নতুন একটি বইয়ে এ তথ্য প্রকাশিত হয়েছে। ‘ওয়ানস আপন আ সিক্রেট’ নামের বইটি লিখেছেন ওই শিক্ষানবিশ কর্মী মিমি আলফোর্ড (৬৯)। গতকাল রোববার নিউইয়র্ক টাইমস-এ বইটির অংশবিশেষ প্রকাশিত হয়েছে।লেখিকা আলফোর্ড জানান, ১৯৬২ সালে তিনি হোয়াইট হাউসের প্রেস অফিসে শিক্ষানবিশ কর্মী হিসেবে যোগ দেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। তিনি বলেন, কাজে যোগদানের পরপরই তাঁর সঙ্গে কেনেডির শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।বিবিসির খবরে বলা হয়, আলফোর্ড তাঁর বইয়ে স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, প্রেসিডেন্টকে নিবৃত্ত করার মতো শক্তি তাঁর ছিল না। তিনি ছিলেন সম্পূর্ণ অসহায়। প্রেসিডেন্ট তাঁকে ফার্স্ট লেডির কক্ষে নিয়ে যেতেন। পরে সেখানেই তাঁদের অন্তরঙ্গ সময় কাটত। এভাবে ১৮টি মাস কেটে যায়। হোয়াইট হাউসের সাবেক এই কর্মী বলেন, তিনি ওয়াশিংটন ছাড়ার পরও এই সম্পর্ক ছিল। এমনকি ১৯৬৩ সালে আততায়ীর গুলিতে কেনেডির মৃত্যুর কিছুদিন আগেও তাঁরা একসঙ্গে রাত কাটান। তিনি বলেন, তাঁদের মধ্যে গভীর সম্পর্ক থাকলেও তিনি কখনোই প্রেসিডেন্টকে ‘জ্যাক’ নামে ডাকেননি। এমনকি বিছানায়ও তিনি তাঁকে ‘মিস্টার প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করতেন।আলফোর্ড বলেন, প্রেসিডেন্ট তাঁকে মদপানেও বাধ্য করেন।