কেন্দুয়ায় পলাতক বিডিআর জওয়ান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যা মামলার পলাতক আসামি মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। আজ বুধবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দুয়া থানার একদল পুলিশ কামরুল হাসানের (সিপাহি নম্বর: ৬১৭৬৩) গ্রামের বাড়ি পাঁচহারে অভিযান চালায়। এ সময় একটি ওষুধের দোকানে বসে ছিলেন কামরুল। পুলিশকে দেখে তিনি পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁর। আধঘণ্টা পর পুলিশ তাঁকে হাতকড়া পরাতে সক্ষম হয়।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার পর থেকে অভিযোগপত্র ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বিডিআর জওয়ান কামরুল হাসান পলাতক ছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।