‘জেলখানা থেকে পয়োবর্জ্য এসে আমাদের বাসার পাশের রাস্তা তলিয়ে যায়। ফলে মলের দুর্গন্ধের মধ্যে আমাদের দিন কাটছে। আগে দোতলায় থাকতাম। এখন থাকি ছয় তলায়। তার পরও দুর্গন্ধ আসে। সকালে দুর্গন্ধে টেকা যায় না। কারণ তখন শৌচাগার বেশি ব্যবহূত হয়। নিচতলার ব্যবসায়ীরা দুর্গন্ধের মধ্যে থেকে ব্যবসা করতে বাধ্য হচ্ছেন।’ বলছিলেন ৪৮ উর্দু রোডের জোসনা ভবনের বাসিন্দা সেলিমা রহমান।পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের একপাশ দিয়ে চলে যাওয়া কমলদহ রোডে গিয়ে দেখা গেল, পয়োবর্জ্যে সয়লাব হয়ে আছে সড়কটির একাংশ। ফুটপাতের একপাশে কারাগারের উঁচু প্রাচীর দাঁড়িয়ে আছে। কিন্তু ফুটপাতের নিচ দিয়ে আছে পয়োনালার ফোকর, যা দিয়ে রাস্তায় চলে আসছে পয়োবর্জ্য। তরলের পরিমাণ কম। কিন্তু দুর্গন্ধের মাত্রা খুব বেশি। উঁচুতলা কিংবা নিচতলায় থাকা আশপাশের কোনো লোকই দুর্গন্ধের হাত থেকে রেহাই পাচ্ছে না। মানুষের মলের কটু গন্ধে দম নেওয়ার সুযোগ পাচ্ছে না কমলদহ ও উর্দু রোডের একাংশের বাসিন্দারা। হাজার দশেক কয়েদির বসতি কেন্দ্রীয় কারাগারের পয়োনিষ্কাশনব্যবস্থা নিয়ে তারা বিরক্তি প্রকাশ করল।এদিকে কমলদহ রোডের যে অংশ তরল বর্জ্যে সয়লাব হয়ে যায়, তার বিপরীত পাশেই রয়েছে তৈরি পোশাকের বিপণিবিতান। এখানকার একাধিক ব্যবসায়ী জানান, দুর্গন্ধের মধ্যে থেকে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এর মধ্যে দোকানের কর্মচারীদের দুপুরের খাবার খেতে হয়। খাবার খেতে গিয়ে দুর্গন্ধে অনেকে বমি করে দেয়। দুর্গন্ধের কারণে তাঁদের ব্যবসারও ক্ষতি হচ্ছে। এই সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছে না।এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার (ঢাকা) তৌহিদুল ইসলাম জানান, পয়োবর্জ্য রাস্তায় যাওয়ার বিষয়টি তাঁদের জানা আছে। এ সমস্যার সমাধান চেয়ে স্থানীয় অনেক বাসিন্দা, এমনকি জনপ্রতিনিধিরা পর্যন্ত তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু পয়োনিষ্কাশন সমস্যা সমাধানের দায়িত্ব গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) হাতে। কারাগার কর্তৃপক্ষ ওই দুই কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। বিষয়টি জেনে সমস্যা সমাধানে পিডব্লিউডি ও ডিসিসির সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০ এপ্রিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।তৌহিদুল ইসলাম আরও জানান, কারাগারের ভেতরের তুলনায় আশপাশের সড়ক উঁচু হয়ে যাওয়ায় নিষ্কাশনব্যবস্থায় কিছু সমস্যা তৈরি হচ্ছে। সড়কে থাকা মূল নলের সঙ্গে কারাগারের পয়োনল সংযুক্ত করে দিলেই কমলদহ রোডে তরল বর্জ্য রাস্তায় জমবে না বলে তিনি জানান।এ বিষয়ে ডিসিসি অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান ২১ এপ্রিল বলেন, ‘ড্রেনে আবর্জনা জমে থাকায় তরল বর্জ্য নির্গত হতে পারছে না। এ জন্য আজই জমে থাকা আবর্জনা সরানো হচ্ছে।’ আবারও আবর্জনা জমে যেতে পারে বলে তিনি স্বীকার করেন। সে ক্ষেত্রে মূল নলের সঙ্গে কারাগারের পয়োনালা যুক্ত করা হচ্ছে না কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমান বাজেটে এ কাজে কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০১০-১১ অর্থবছরে এর জন্য বরাদ্দ রাখার প্রস্তাবনা দেওয়া হচ্ছে। তাই আগামী বাজেটের আগে কারাগারের পয়োবর্জ্য নিষ্কাশন সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব নয়।