কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি নিয়ে দলের স্থায়ী কমিটির দুই সদস্যের মধ্যে চলছে ঠান্ডা লড়াই। আর দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণার পর কোন্দল বেড়ে গেছে। দুটি পক্ষ দলীয় কর্মসূচি পালন করছে পৃথকভাবে। উত্তর জেলা বিএনপির কমিটি গঠন করা হয় ২০০৯ সালের শুরুতে। এতে সভাপতি পদে খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক পদে সাদেক হোসেন সরকারকে নির্বাচিত করা হয়। এর মধ্যে সাদেক হোসেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি। তাঁর সঙ্গে ওই আসনের বর্তমান সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে সাদেক হোসেনকে উপজেলা বিএনপির সভাপতি ও উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে প্রথমে অব্যাহতি, পরে বহিষ্কার করা হয়। গত ১৮ এপ্রিল আক্তারুজ্জামান সরকারকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন এম কে আনোয়ার।তথ্যানুসন্ধানে জানা গেছে, সাদেক হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের অনুসারী। তিতাস উপজেলায় খন্দকার মোশাররফ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করায় এম কে আনোয়ার ক্ষুব্ধ হন। এর পর থেকে সাদেকের সঙ্গে এম কে আনোয়ারের বিরোধ দেখা দেয়। ওই ঘটনা কেন্দ্র পর্যন্ত গড়ায়।জানতে চাইলে সভাপতি খোরশেদ আলম বলেন, ‘কুমিল্লা উত্তর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই। যেহেতু কেন্দ্রীয় নেতারা এ কমিটির নানা স্তরের সঙ্গে জড়িত, তাই আমি এ বিষয়ে বেশি কিছু বলতে পারব না। দলে কোন্দল আছে, এটা সত্যি।’এ ব্যাপারে এম কে আনোয়ার বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় অন্য কাউকে এনে গণসংযোগ করানো হবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দলের শৃঙ্খলাবিরোধী কাজের জন্য সাদেককে সরানো হয়।’গণসংযোগের কথা অস্বীকার করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তিতাসে আমার ফুফুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে আমার বাড়ি আছে। সাদেকের সঙ্গে তিতাসের দলীয় কার্যালয়ে বসেছি মাত্র। সেখানে কোনো ধরনের গণসংযোগ হয়নি। এ কারণে সাদেকের ওপর ক্ষুব্ধ হয়ে উনি (এম কে আনোয়ার) তাঁকে অব্যাহতি দিয়েছেন।’দক্ষিণ জেলা বিএনপি: কোন্দলের মধ্যেই ২০০৯ সালের ২৪ নভেম্বর দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হয়। এতে প্রধান অতিথি থেকে তিন সদস্যের কমিটি ঘোষণা করেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি সারওয়ারী রহমান। সভাপতি পদে রাবেয়া চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আমিন উর রশিদ ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক মিয়া নির্বাচিত হন। এঁরা সবাই আমিন উর রশিদের পক্ষের বলে জানা যায়।জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হকের পক্ষের কেউই শীর্ষস্থানীয় তিনটি পদে না থাকায় দলীয় কোন্দল তীব্র হয়। তখন থেকেই আমিন উর রশিদ ও মনিরুল হকের নেতৃত্বে দুটি পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করতে থাকে। জেলা কমিটির ওই বিরোধ যুবদল, ছাত্রদল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামেও বিভক্তি আনে।ওই সম্মেলনে কেন্দ্র থেকে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মনিরুল হককে যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর অনুসারীদের সহসভাপতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সমবায় সম্পাদক ও সদস্য পদে রাখা হয়। কিন্তু কোন্দল বন্ধ হয়নি।দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় শহরের কান্দিরপাড়ের ভিক্টোরিয়া কলেজ সড়কে। কার্যালয়টি মনিরুল হকের নেতা-কর্মীদের দখলে আছে। তবে দুই পক্ষই পালা করে সেখানে দলীয় কর্মসূচি পালন করে।কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল গফুর ভুঁইয়া বলেন, তৃণমূলের মতামত না নিয়ে একতরফা কমিটি করা হয়। দলে অর্থ দিয়ে পদ পাওয়া যেতে পারে, কিন্তু সংগঠনকে এগিয়ে নেওয়া যায় না।জানতে চাইলে আমিন উর রশিদ বলেন, ‘যাঁরা কমিটি নিয়ে বিরোধিতা করছেন, তাঁরা প্রত্যেকেই কমিটিতে আছেন। মূল ধারার হয়ে আমরা দলের সব কর্মসূচি পালন করছি। এখানে কোন্দল নয়, নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে।’ তবে মনিরুল হকের বক্তব্য, ‘সারা জীবন দল আগলে রেখেছি, আর ওরা এসে পদ নেবে, এটা তো মেনে নেওয়া যায় না। তাই আমরা আলাদাভাবে সব কর্মসূচি পালন করছি।’এদিকে গত ৩১ জানুয়ারি কুমিল্লার একটি রেস্তোরাঁয় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আসিফ আকবরের ওপর হামলা হয়। আমিন উর রশিদের অনুসারীরা এই হামলা চালায় বলে অভিযোগ ওঠে।