কেন্দ্রীয় নেতাদের দ্বন্দ্বে বিপর্যস্ত বিএনপির তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূলের কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ফলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কোন্দল বাড়ছে। এতে বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক ইউনিটের কমিটি গঠনের কাজ ব্যাহত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দলটির সহযোগী সংগঠনের কর্মকাণ্ড কেন্দ্রীয় নেতাদের সরাসরি হস্তক্ষেপের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। তৃণমূলের কমিটি গঠনকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের সঙ্গে বিবাদে জড়িয়ে গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি পাঠিয়েছেন। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি। সূত্র জানায়, সোমবার রাতে গয়েশ্বর পদত্যাগপত্র জমা দিলেও তা গৃহীত হয়নি বলে জানা গেছে। খালেদা জিয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে গয়েশ্বর রায় আবার সাংগঠনিক কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।সূত্র জানায়, গত রোববার কেরানীগঞ্জ উপজেলার কয়েকটি সাংগঠনিক শাখার আহ্বায়ক কমিটি গঠন করেন ঢাকা জেলার সভাপতি নাজমুল হুদা ও আমানউল্লাহ আমান। গয়েশ্বরের নিজ নির্বাচনী এলাকার কমিটি তাঁকে না জানিয়ে করায় তিনি ক্ষুব্ধ হন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দলের কিছু কাজেও তিনি ক্ষুব্ধ ছিলেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানান। বিএনপির নির্বাহী কমিটি সভামঞ্চে গয়েশ্বরকে তৃতীয় সারিতে বসতে দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন। সভা শেষের আগে তিনি বেরিয়ে যান বলে জানা গেছে। এ ব্যাপারে নাজমুল হুদা বলেন, তিনি হয়তো রাগের মাথায় এমনটা করেছেন। যথাযথ নিয়ম মেনেই কমিটি করা হয়েছে বলে দাবি করেন তিনি।বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানান, গয়েশ্বর চন্দ্র আগেও দুবার পদত্যাগের হুমকি দিয়েছিলেন। এটা এমন কিছু নয়। সমাধান হয়ে যাবে।বিএনপির কয়েকজন নেতা জানান, কমিটি গঠনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের এমন কোন্দলের কারণে বিভিন্ন সাংগঠনিক শাখায় কাউন্সিল করা যাচ্ছে না। এমনকি আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে। তা ছাড়া কাউন্সিল হওয়ার পরও এক-চতুর্থাংশের বেশি জেলায় পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তৃণমূলে কমিটি গঠনকে কেন্দ্র করে দলের প্রভাবশালী নেতারা দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, এত বড় দলে কোন্দল থাকাটা স্বাভাবিক। তবে তিনি দাবি করেন, এটা এখন অনেক কম। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তৃণমূল নেতাদের প্রায়ই বৈঠক হচ্ছে। ফলে সমস্যাগুলো কমছে। তিনি জানান, ৩০ আগস্টের মধ্যে বিভিন্ন জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে বলা হয়েছে।কোন্দলে জর্জরিত বিএনপি: বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশে মোট ৭৫টি সাংগঠনিক জেলার মধ্যে এখনো ১৫টি জেলায় সম্মেলন করা সম্ভব হয়নি। এর মধ্যে দুটি জেলায় আহ্বায়ক কমিটি গঠনই করতে পারেনি দলটি। আহ্বায়ক কমিটি দিয়ে চলছে এমন ১৩টি জেলা হলো: সিলেট মহানগর, বরিশাল মহানগর, বরিশাল দক্ষিণ, জয়পুরহাট, বগুড়া, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল, পটুয়াখালী, পিরোজপুর, নেত্রকোনা, রাজবাড়ী ও কুমিল্লা উত্তর। সম্মেলন হয়েছে এমন ৫৯টি জেলা কমিটির অন্তত ২১টিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি। পাবনা, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে পাল্টাপাল্টি কমিটি হয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় নেতাদের কারণে বেশ কিছু সাংগঠনিক জেলায় কোন্দল তীব্র হয়েছে। সিলেট মহানগর বিএনপির নেতৃত্ব দখলে রাখতে মরিয়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর অনুসারীরা। লন্ডনে অবস্থানরত বিএনপির আন্তর্জাতিক সম্পাদক কমর উদ্দিন ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীও এখানে নিজ নিজ অবস্থান পাকাপোক্ত করতে চান। বরিশাল মহানগর ও জেলা কমিটির নতুন কমিটি করা যাচ্ছে না কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার এবং মৎস্যবিষয়ক সম্পাদক আহসান হাবিব কামালের দ্বন্দ্বের কারণে। সরোয়ার বলেন, দলের নীতিনির্ধারকদের নির্দেশ পেলেই তাঁরা নতুন কমিটি গঠনের উদ্যোগ নেবেন।পাবনা জেলা বিএনপির কমিটি হচ্ছে না দুই পক্ষের বিবাদের কারণে। মূলত বিএনপির চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসের সরাসরি হস্তক্ষেপের কারণে এখানে চলছে পাল্টাপাল্টি কমিটি। ঢাকা মহানগরে তিন বছর ধরে দলের কোনো কমিটি নেই। জোড়াতালি দিয়ে দলীয় কর্মসূচি পালন করতে হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেনের নেতৃত্বে বিদ্যমান দুটি গ্রুপের কোন্দল নিরসন করতে না পারায় এখানে আহ্বায়ক কমিটি পর্যন্ত দেওয়া যাচ্ছে না।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নিজ জেলায় আহ্বায়ক কমিটি গঠন সম্ভব হয়নি। খোন্দকার দেলোয়ারের সঙ্গে দলের আরেক কেন্দ্রীয় নেতা হারুনার রশিদ খান মুন্নুর দ্বন্দ্বে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।ঢাকায় বসে কমিটি: বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পঞ্চম কাউন্সিলের আগে অনুষ্ঠিত বেশির ভাগ জেলা কমিটি কেন্দ্রীয় নেতারা গঠন করে দিয়েছেন। ফলে এ নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। বিশেষ করে ওই সময় বিএনপির ছয় যুগ্ম মহাসচিব বেশির ভাগ ক্ষেত্রেই ঢাকায় বসে জেলা কমিটি গঠন করেন। ওই সময় প্রথম সাংগঠনিক জেলা হিসেবে চট্টগ্রাম মহানগরে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কিন্তু দুই পক্ষের মারামারি ও ভাঙচুরের কারণে কাউন্সিল পণ্ড হয়ে যায়। ফলে ভোটাভুটি ছাড়াই ঢাকায় বসেই কেন্দ্রীয় নেতারা নিজেদের মতো করে কমিটি গঠন করেন।