কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারসহ ৯ দরপ্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চামড়া শিল্পনগরী ঢাকা’ প্রকল্পের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার কেন্দ্র নির্মাণের দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ৪৭৭ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় হবে। আজ সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের এ কথা জানান।জানা গেছে, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধি অনুযায়ী ২০১৪ সালের মধ্যে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার কেন্দ্র নির্মিত না হলে বাংলাদেশ থেকে চামড়া ও চামড়া-শিল্পজাত কোনো পণ্য রপ্তানি করা যাবে না।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে আজকের এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিভিন্ন বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে অর্থমন্ত্রী কোনো জবাব দেননি।সভায় এ ছাড়া আরও আটটি দরপত্র অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জাপানের অর্থায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অধীনে ৩০ দশমিক ৯৫ কিলোমিটার সড়কে জরুরি মেরামতকাজ, উত্তরা আদর্শ আবাসিক শহর (তৃতীয় পর্ব) প্রকল্পের সেতু নির্মাণের কাজ, আবুধাবি থেকে ১৪ লাখ টন জ্বালানি তেল আমদানি, উপজেলায় তথ্যপ্রযুক্তির রিসোর্স সেন্টারের পরামর্শক নিয়োগ, ‘বাংলাদেশ রেলওয়ের রাজশাহী-রহনপুর সীমান্ত ও আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ সেকশনসমূহ পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের দুটি প্যাকেজ, শাহজালাল সার-কারখানা স্থাপন, কাতার থেকে ইউরিয়া সার আমদানি প্রভৃতি।