অর্থবছরের একেবারে শেষে এসে ঘাটতি অর্থায়নে সরকার এখন সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে বেশি ঋণ নিচ্ছে। এতে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞেরা মনে করছেন।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০১০-১১ অর্থবছরের ১২ জুন পর্যন্ত ব্যাংক-ব্যবস্থা থেকে সরকারের প্রকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৬২৬ কোটি পাঁচ লাখ টাকা। এর মধ্যে সাত হাজার ২৫৮ কোটি ৩৬ লাখ টাকা নেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে।ব্যাংক-ব্যবস্থা গৃহীত ঋণ চলতি অর্থবছরের মূল বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৬৮০ কোটি টাকার চেয়ে বেশি। তবে সংশোধিত বাজেটে এই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১৮ হাজার ৩৭৯ কোটি টাকা করা হয়েছে। আর আগামী ২০১১-১২ অর্থবছরের লক্ষ্যমাত্রা ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা।অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, চলতি জুন মাসেই সরকারকে ব্যাংক-ব্যবস্থা থেকে নতুন করে আরও ঋণ নিতে হতে পারে। মে মাসের শেষ সপ্তাহে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে জানানো হয়েছিল, জুন মাসে নতুন করে অন্তত দুই হাজার কোটি টাকা ঋণ নিতে হবে।যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি ঋণ নেওয়ার মানে হলো নতুন করে টাকা ছাপতে হচ্ছে। এতে মুদ্রা সরবরাহ বাড়ছে, যা অনিবার্যভাবে মূল্যস্ফীতির ওপর চাপ ফেলবে। সে ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি পরিচালনা করা আরও কঠিন হয়ে পড়বে।’এম এ তসলিম আরও বলেন, অনেক দিন ধরেই বাংলাদেশ ব্যাংক ঋণপ্রবাহ নিয়ন্ত্রণ করে মুদ্রার জোগানে রাশ টানতে চাইছে; কিন্তু পারছে না। আর এখন অর্থবছরের শেষে সরকারের টাকা খরচ করার হিড়িক পড়ায় নতুন করে মুদ্রার জোগান বাড়াতে হচ্ছে। কাজেই মূল্যস্ফীতি প্রশমিত হওয়ার কোনো সুযোগ নেই। বাজেটে বিদেশি সাহায্য পাওয়ার যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তার চেয়ে প্রাপ্তি অনেক কম হওয়াও সরকারের ব্যাংক থেকে ঋণ গ্রহণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করেন তিনি।গত মে মাসে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৬৭ শতাংশ। যেখানে বছর শেষে সরকার এই হার সাড়ে সাত শতাংশে রাখতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।সর্বশেষ ১২ জুন পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, ব্যাংক-ব্যবস্থায় সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৬২৬ কোটি পাঁচ লাখ টাকা। অথচ ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে নিট ঋণের পরিমাণ ছিল ঋণাত্মক বা এর আগের বছরের চেয়ে ছয় হাজার ৯৭০ কোটি ৩৮ লাখ টাকা কম।আবার চলতি অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে প্রায় আট হাজার কোটি টাকা ঋণ গ্রহণের পরিকল্পনা করা হয়েছিল। জুলাই-এপ্রিল সময়ে সঞ্চয়পত্র বিক্রি করে সরকার দুই হাজার ৫০৫ কোটি ৬৭ লাখ টাকা প্রকৃত ঋণ গ্রহণ করেছে। আর গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল নয় হাজার ৪৬৭ কোটি ১৮ লাখ টাকা। তবে ৩০ মের তুলনায় বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ কমে এসেছে। ১২ জুন তফসিলি ব্যাংকগুলো থেকে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে নয় হাজার ৩৬৭ কোটি ৬৯ লাখ টাকা। উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যাংক-ব্যবস্থায় বিশেষত তফসিলি ব্যাংকগুলোতে যাওয়ায় সরকারের নিট ঋণ কমে গেছে।