অর্থমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যায় গ্রামীণ ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিয়েই এমডি হন ইউনূস
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মুহাম্মদ ইউনূসকে নিয়োগের আগে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া হয়েছিল বলে জানিয়েছে গ্রামীণ ব্যাংক। এ ছাড়া অনেক আগে থেকেই ওই পদে পরিবর্তনের একটি সম্মানজনক উপায় খুঁজে না পাওয়ার ব্যাপারে অর্থমন্ত্রী যে মন্তব্য করেছেন, সেটিও সঠিক নয় বলে জানিয়েছে ব্যাংকটি। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আন্তর্জাতিক দাতা সংস্থা ও বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকদের এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যেসব মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংক এ ব্যাখ্যা দিয়েছে।গতকাল শুক্রবার গ্রামীণ ব্যাংকের তথ্য ও গণমাধ্যম সমন্বয় বিভাগের মহাব্যবস্থাপক জান্নাত-ই-কাওনাইনের সই করা ব্যাখ্যায় বলা হয়েছে, দায়িত্ব হস্তান্তরের অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া কীভাবে হতে পারে, সে বিষয়ে প্রস্তাব দিয়ে মুহাম্মদ ইউনূস ২০১০ সালের ১৫ মার্চ অর্থমন্ত্রীকে একটি চিঠি লিখেন।গ্রামীণ ব্যাংকের ব্যাখ্যায় বলা হয়েছে, ‘গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিয়ে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ এমডি নিয়োগ দিতে পারে। এ ক্ষেত্রে তা মানা হয়নি। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে বিষয়টি বহুবার উল্লেখ করা হয়েছে।’ এ বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু প্রকৃতপক্ষে অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিয়েই পরিচালনা পর্ষদ মুহাম্মদ ইউনূসকে এমডি পদে নিয়োগ দিয়েছে। এ ক্ষেত্রে অধ্যাদেশের কোনো লঙ্ঘন হয়নি। তা ছাড়া বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে বিষয়টি অনেকবার উল্লেখ করার কথাও সঠিক নয়। প্রকৃতপক্ষে বাংলাদেশ ব্যাংক ১৯৯৭ সালের স্থিতির ভিত্তিতে পরিদর্শন (নিরীক্ষা) কার্যক্রম শুরু করে এবং এর পর থেকে প্রায় প্রতিবছরের স্থিতির ভিত্তিতে পরিদর্শন কার্যক্রম চালিয়ে এসেছে। এর মধ্যে শুধু একবারই (১৯৯৯ সালের স্থিতির ভিত্তিতে) এমডি নিয়োগের ব্যাপারে পরিদর্শক দল আপত্তি তোলে। এর পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংক বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে পরিপালন প্রতিবেদন প্রেরণ করে। এই পরিপালন প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক সন্তুষ্ট হয়। এরপর বাংলাদেশ ব্যাংক কখনো গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে আর কোনো দিন কোনো প্রশ্ন তোলেনি।‘অনেক আগে থেকেই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিবর্তনের একটি সম্মানজনক উপায় খুঁজছিলাম। বিষয়টি মুহাম্মদ ইউনূসকে জানানোর পর তিনি জানালেন, তাঁকে ছাড়া প্রতিষ্ঠানটি বিপর্যস্ত হয়ে পড়বে।’ বৃহস্পতিবার এ মন্তব্য করেন অর্থমন্ত্রী। তাঁর এ বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছে গ্রামীণ ব্যাংক।ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি (সম্মানজনক উপায়) অর্থমন্ত্রী শুধু পর্যালোচনা কমিটি প্রসঙ্গে উত্থাপন করেছিলেন। এর আগে কখনো এ প্রসঙ্গটি তাঁর কাছ থেকে আসেনি। পর্যালোচনা কমিটি প্রসঙ্গে তিনি মুহাম্মদ ইউনূসকে সাময়িকভাবে অব্যাহতি নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এ সময় ইউনূস বলেছিলেন, এ রকম একটি আকস্মিক সিদ্ধান্ত নিলে ব্যাংকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এমন কিছু করা উচিত হবে না, যার ফলে গ্রামীণ ব্যাংকের আমানতকারী ও ঋণগ্রহীতাদের মধ্যে শঙ্কা সৃষ্টি হতে পারে। তা ছাড়া তিনি এ রকম সাময়িক অব্যাহতির প্রয়োজনও দেখছেন না।গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, মুহাম্মদ ইউনূস নিজ উদ্যোগে ২০১০ সালের ১৫ মার্চ নিজ হাতে লেখা চিঠিতে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ার অন্তর্বর্তীকালীন একটি পরিকল্পনা মন্ত্রীর কাছে পাঠান। ওই প্রস্তাব পছন্দ হয়েছিল বলে ধারণা দিয়েছিলেন অর্থমন্ত্রী। এরপর প্রতিষ্ঠানটির টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করে গ্রামীণ ব্যাংক থেকে সুন্দর ও সাবলীলভাবে (অনিশ্চয়তা সৃষ্টি না হয় এমনভাবে) আনন্দমুখর পরিবেশে দায়িত্ব হস্তান্তর করার ব্যাপারে মুহাম্মদ ইউনূসের আগ্রহের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকে না। এর আগে ড. ইউনূস তাঁর ৬০ বছর ও ৭০ বছর পূর্তিতে ব্যবস্থাপনা পরিচালকের পদ ছাড়তে চাইলে গ্রামীণ ব্যাংকের ভেতর থেকে প্রতিরোধ আসায় তিনি কাউকে না জানিয়ে নিজের হাতে লেখা চিঠিটি মন্ত্রীর কাছে পাঠান। তিনি অপেক্ষা করছিলেন যে অর্থমন্ত্রী প্রক্রিয়া শুরু করার পদক্ষেপ নিলে তিনি তাঁর সহকর্মীদের মানসিকভাবে প্রস্তুত করার কাজ শুরু করবেন।ক্ষুদ্রঋণ সংস্থাটি বলছে, কিন্তু অর্থমন্ত্রী এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রথমে টেলিফোনে ও পরে ২০১০ সালের ১৪ সেপ্টেম্বর গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগের অনুরোধ জানিয়ে সরকারের অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে আরেকটি চিঠি দেওয়া হয়। এর পরও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান/ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ প্রসঙ্গে ফের ২০১০ সালের ১৯ ডিসেম্বর এই মর্মে অনুরোধ জানিয়ে আরেকটি চিঠি দেওয়া হয়। ২০১০ সালে চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পরই অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘১৯৯৯ সালের পরই অধ্যাপক ইউনূসের ৬০ বছর বয়স হয়ে যায়। কিন্তু এ বিষয়টির কোনো জবাবই দেয়নি গ্রামীণ ব্যাংক।’ অর্থমন্ত্রীর এ বক্তব্যও সঠিক নয় বলে দাবি করছে গ্রামীণ ব্যাংক।এ সম্পর্কে ব্যাংকের ব্যাখ্যা: ‘কারণ আগেই উল্লেখ করা হয়েছে শুধুমাত্র একবারই ১৯৯৯ সালের স্থিতিভিত্তিক পরিদর্শন (নিরীক্ষা) প্রতিবেদনে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে প্রশ্ন তোলা হয় এবং গ্রামীণ ব্যাংকের জবাবের প্রেক্ষিতে তা নিষ্পত্তিও তখনই হয়ে যায়। এরপর আর কখনো বাংলাদেশ ব্যাংক তাদের পরিদর্শন প্রতিবেদন বা অন্য কোনো চিঠিতে এ ব্যাপারে কখনো কোনো প্রশ্ন তোলেনি।’ দাতাদের কাছে লিখিত বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, এটি কোনো বেসরকারি সংস্থা (এনজিও) নয়, বরং সরকারি প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে গ্রামীণ ব্যাংক বলেছে, ‘তাঁর এ বক্তব্য পুরোপুরি সঠিক নয়। কারণ অধ্যাদেশ অনুযায়ী ব্যাংকটির মালিকানা বিন্যাস শতকরা ৭৫% গ্রামীণ ব্যাংকের ভূমিহীন সদস্যদের এবং বাকি ২৫% সরকারের। বস্তুত সরকারের প্রদত্ত মূলধনের পরিমাণ মাত্র ৩.৫%। তা ছাড়া অর্থমন্ত্রী নিজেই তাঁর লিখিত বক্তব্যে জানান যে ১৯৮৩ সালে একটি অধ্যাদেশবলে অনন্য কিছু বৈশিষ্ট্য নিয়ে গঠিত হয় গ্রামীণ ব্যাংক। বৈশিষ্ট্যের বিচারে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সৃষ্ট একটি অনন্য ব্যাংক। চরিত্রগত দিক থেকে এর নিকটতম দৃষ্টান্ত হলো এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন।অর্থমন্ত্রী কূটনীতিকদের জানান, অনানুষ্ঠানিকভাবে তাঁকে (মুহাম্মদ ইউনূস) জানানো হয়েছিল, পর্যালোচনা চলাকালীন তিনি যাতে উপব্যবস্থাপনা পরিচালকের কাছে সাময়িকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এর জবাবে মুহাম্মদ ইউনূসও অর্থমন্ত্রীকে জানান, যেহেতু এটি এটি পর্যালোচনা কার্যক্রম, সেহেতু পর্যালোচনার স্বার্থেই পর্যালোচনার সময়ে তাঁর উপস্থিতির প্রয়োজন। কারণ তিনি ব্যাংকটির প্রতিষ্ঠাতা এবং প্রথম থেকেই এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক স্মৃতির বড় অংশ তাঁর কাছেই আছে। পর্যালোচনার সময় তাঁকে বাদ দেওয়া সংগত হবে না। অর্থমন্ত্রী এও জানান, মুহাম্মদ ইউনূস বেআইনিভাবে যে পদ ধরে আছেন তার সংশোধনকল্পেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।এ বিষয়ে গ্রামীণ ব্যাংক বলেছে, মুহাম্মদ ইউনূস সব সময় বলে এসেছেন, তিনি আইন মেনেই চলেন এবং আইনানুগভাবেই তিনি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে অধিষ্ঠিত রয়েছেন। ২০১০ সালের ১৫ মার্চ অর্থমন্ত্রীকে লেখা মুহাম্মদ ইউনূসের চিঠিপ্রিয় মোহিত ভাইআপনার হাত দিয়েই গ্রামীণ ব্যাংকের জন্ম হয়েছিল। এখন এই ব্যাংকের দ্বিতীয় পর্যায়ে প্রবেশের সময় এসেছে। আমাকে এর পরিচালনার দায়িত্ব থেকে সরে আসতে হবে। দ্বিতীয় প্রজন্মের হাতে এর দায়িত্বভার তুলে দিতে হবে। এটা মসৃণভাবে হতে হবে। এ কাজটা আপনাকেই করে দিতে হবে। আমি সৌভাগ্যবান যে এই দায়িত্বটা আপনার ওপর বর্তিয়েছে।এই প্রক্রিয়া নিম্নলিখিতভাবে শুরু করা যেতে পারে।আগামী ২৬ এপ্রিল বর্তমান চেয়ারম্যান জনাব তবারক হোসেনের মেয়াদ শেষ হবে। একে উপলক্ষ্য করে আমরা ট্রানজিশান প্রক্রিয়া শুরু করতে পারি। তাঁর শূন্যপদ আমরা এভাবে পূরণ করতে পারি।বিকল্প-১জনাব তবারক হোসেনের মেয়াদ ৩১ ডিসেম্বর, ২০১০ সাল পর্যন্ত বাড়ানো যায়। সে সময় আমি অবসর নেব এবং আমাকে ১ জানুয়ারি ২০১১ তারিখ থেকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া যায়। তাতে Continuity বজায় থাকবে। হঠাৎ করে গ্রামীণ ব্যাংকের লোকজন ভয় পেয়ে যাবে না। আমি অতীতেও কয়েকবার অবসর নেওয়ার চেষ্টা করেছিলাম। এতে ব্যাংকের সর্বত্র একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমান উপব্যবস্থাপনা পরিচালক গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করবে। নূরজাহান বেগম, বর্তমান উপব্যবস্থাপনা পরিচালক একজন দক্ষ কর্মকর্তা এবং গ্রামীণ ব্যাংকের জন্মলগ্ন থেকে সে এর সঙ্গে আছে।বিকল্প-২জনাব তবারক হোসেনের দায়িত্বকাল বাড়াতে আপত্তি থাকলে নিচের যেকোনো একজনকে এক বছরের জন্য চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া যায়। আমার পছন্দের ক্রমানুসারে নামগুলো এভাবে সাজালাম:১. জনাব সায়ীদুজ্জামান২. ড. জামিলুর রেজা চৌধুরী৩. খালেদ শামসএপ্রিল, ২০১১ তারিখে এর মেয়াদ শেষ হলে আমাকে চেয়ারম্যান নিয়োগ করা হবে। নূরজাহান ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করবে।বিষয়টি আপনাকে ব্যাখ্যা করে বলার জন্য দেখা করার সুযোগ খুঁজছি।গ্রামীণ ব্যাংক নিজস্ব নিয়মে গড়ে উঠেছে। প্রায় চার কোটি মানুষের ভাগ্যের সঙ্গে এই প্রতিষ্ঠান সরাসরি জড়িত। এই প্রতিষ্ঠানের ট্রানজিশান সুন্দর ও মসৃণভাবে করা আমাদের একটা বড় দায়িত্ব। আপনার সহযোগিতায় এই দায়িত্ব সুন্দরভাবে আমরা পালন করতে পারব বলে আশা করি।আমার শুভেচ্ছা নিন।আপনার একান্তমুহাম্মদ ইউনূস