কেন্দ্রীয় ব্যাংকের সংযত মুদ্রানীতি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক চলতি জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে। এই সময়ে আগামী ছয় মাসে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, উচ্চ মূল্যস্ফীতি নিয়ে বাংলাদেশ ব্যাংক সংযত মুদ্রানীতি ঘোষণা করেছে।বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার জানিয়েছে, ঘোষিত মুদ্রানীতিতে আগামী ছয় মাসের জন্য বেসরকারি খাতে ঋণপ্রবাহ দুই শতাংশীয় পয়েন্ট কমানো হবে। অন্যদিকে সরকারি ঋণ অর্ধেক নামিয়ে আনার কথা বলা হয়েছে। বর্তমানে (ডিসেম্বর ২০১১) এর তথ্য অনুযায়ী বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১৮ শতাংশ। আগামী জুন শেষে তা ১৬ শতাংশ করা হবে।অন্যদিকে ডিসেম্বর ২০১১ অনুযায়ী সরকারের ঋণের প্রবৃদ্ধি রয়েছে ৬২ শতাংশ। আগামী জুনে তা ৩১ শতাংশে নামানো হবে। বাংলাদেশ ব্যাংক বলেছে, বৈশ্বিক উত্পাদনে ২০১২ সালের প্রবৃদ্ধি সম্ভাবনা অনিশ্চিত। এদিকে বৈশ্বিক মন্দা অবস্থা সৃষ্টির ঝুঁকিও বাড়ছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি পুনরুদ্ধারে কিছু সূচনা দেখা গেলেও সামগ্রিকভাবে উন্নত দেশগুলোতেই ২০১২ সালে প্রবৃদ্ধির সম্ভাবনা দুর্বল। অন্যদিকে চীন, ভারতসহ উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধির প্রত্যাশিত প্রক্ষেপণও সম্প্রতি নিম্নমুখী প্রক্ষেপণে সংশোধন এনেছে।কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, জ্বালানি তেলের আন্তর্জাতিক মূল্য উচ্চমাত্রার কাছে রয়েছে। বিশ্ববাজারে খাদ্যপণ্যের সামগ্রিকভাবে নিম্নমান হলেও মে থেকে নভেম্বর ২০১১—এই ছয় মাসে থাইল্যান্ডের চালের দাম বেড়েছে ৩০ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, দেশজ উত্পাদন প্রবৃদ্ধি (জিডিপি) পূর্বপ্রত্যাশার চেয়ে কিছুটা কমে ৬ দশমিক ৫ শতাংশ থেকে ৭ শতাংশে দাঁড়াতে পারে বলে ধারণা করা যায়। কেন্দ্রীয় ব্যাংক বলছে, মূল্যস্ফীতি গড়ে ১০ দশমিক ৭ শতাংশ, যা বাজেট বক্তৃতায় প্রক্ষেপিত গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের তুলনায় বেশি।এর অনেক কারণের মধ্যে রয়েছে বেশির ভাগ মূল্যস্ফীতির বিলম্বিত প্রভাব, অভ্যন্তরীণ ঋণের উচ্চ প্রবৃদ্ধি এবং বিদ্যুত্ ও জ্বালানি তেলের ভোক্তা মূল্যের সাম্প্রতিক বৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংক এ পরিস্থিতিতেও মূল্যস্ফীতিকে একক অঙ্কের ঘরে নামিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।