উচ্চ আদালতে মামলা ব্যবস্থাপনায় আমূল সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিচারপতি তাফাজ্জাল ইসলাম অল্প দিন প্রধান বিচারপতি থাকাকালে কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। ফৌজদারি মামলার মোশনসমূহ (প্রাথমিক শুনানি) এফিডেভিটের তারিখ ও ক্রমিক সংখ্যা অনুযায়ী সম্পন্ন হতে হবে। এ ব্যবস্থায় সুফল আসতে শুরু করেছে। বর্তমান প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম কেন্দ্রীয়ভাবে মামলা দায়েরের ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নিয়েছেন। এ জন্য হাইকোর্ট রুলস পরিবর্তনের কাজ চলছে। ২৪ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। কিন্তু সুপ্রিম কোর্ট বারের সদস্যদের আপত্তির মুখে নির্দেশটি বিকেলে স্থগিত করা হয়। কেন্দ্রীয়ভাবে মামলা দায়ের চালু হলে নির্দিষ্ট শাখায় এফিডেভিট শাখায় মামলার নথি দাখিল করতে হবে। প্রধান বিচারপতি মামলার নথি বিভিন্ন আদালতে পাঠিয়ে দেবেন। সে অনুযায়ী শুনানি হবে। এতে আইনজীবীদের পছন্দের আদালতে মামলা উত্থাপনের সুযোগ থাকবে না। বর্তমান নিয়মানুযায়ী, নির্দিষ্ট শাখায় এফিডেভিট দাখিল করতে হয়। এফিডেভিটের পরে আইনজীবীরা তাঁদের পছন্দমতো নির্দিষ্ট এখতিয়ারাধীন মোশন বেঞ্চে শুনানির লক্ষ্যে জমা দেন। বিচারপতিরা অনেক সময় ক্রমিক অনুযায়ী সাজিয়ে দেন, আবার অনেক সময় আদালতের বেঞ্চ অফিসাররা মামলার ক্রম সাজান। সে অনুযায়ী মামলা ক্রমিক নম্বরে পড়ে এবং কার্যতালিকায় আসে। কেন্দ্রীয়ভাবে মামলা দায়েরের ব্যবস্থা চালু হলে এ পদ্ধতি বদলে যাবে। সাক্ষাত্কার নিয়েছেন তানজিম আল ইসলামমোহাম্মদ গোলাম রাব্বানীসাবেক বিচারপতি, আপিল বিভাগ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছে ইংরেজ শাসনামালে। এটি শত বছরের প্রাচীন প্রতিষ্ঠান। তাই এখানে কিছু কিছু বিষয় প্রেক্ষাপটের ক্ষেত্রে রদবদল করা যেতে পারে, তবে আমূল পরিবর্তন সম্ভব নয় এবং একেবারেই আমূল পরিবর্তনে হাত দেওয়া সঠিকও হবে না। কোন কোন বিচারপতিকে নিয়ে বেঞ্চ গঠিত হবে, কার এখতিয়ারে কী বিষয় থাকবে, এটি প্রধান বিচারপতির একক দায়িত্ব। আমাদের সময় মামলার মোশন (প্রাথমিক শুনানি) ক্ষমতা গ্রহণ করার জন্য একক বেঞ্চ নির্ধারণ করা ছিল। এ বেঞ্চ রিট, ফৌজদারি, সিভিল—সব ধরনের মামলার মোশন গ্রহণ করতেন। পরবর্তী সময়ে মামলার সংখ্যা এবং চাপ বেড়ে যাওয়ার কারণে একাধিক এ রকম বেঞ্চ গঠন করতে হয়েছে। আমার মতে, প্রতিদিন কোন মামলা কোন বেঞ্চে যাবে, শুনানি হবে, এটি যদি কেন্দ্রীয়ভাবে নির্ধারণ করা হয়, তাহলে বিষয়টি দুঃসাধ্য হয়ে পড়বে। রেজিস্ট্রার কার্যালয়ের ওপর বিষয়গুলো নিয়ন্ত্রণে চলে আসবে। কোন বেঞ্চে কোন মামলাটির শুনানি হবে, বিষয়টি আইনজীবীদের ইচ্ছাধীন থাকাই উচিত। কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করাটা অসম্ভব হয়ে দাঁড়াবে। এতে করে জগাখিচুড়ি অবস্থা তৈরি হবে। বিষয়টি চালু করার আগে গভীরভাবে পর্যবেক্ষণ প্রয়োজন। এখন শুনেছি, ক্রমিক অনুযায়ী মামলায় শুনানি নির্ধারিত হচ্ছে। এটা কিন্তু নতুন নয়। আমি যখন বিচারপতি হিসেবে দায়িত্বরত ছিলাম, তখন ফৌজদারি বেঞ্চে দায়িত্ব পড়েছিল। তখন মামলার ক্রম অনুযায়ী শুনানির জন্য নির্ধারণ করেছিলাম। এর ফলে বেঞ্চ কর্মকর্তাদের দুর্নীতি করার সুযোগ কমে গিয়েছিল। এ ব্যবস্থাটি ইতিবাচক। রফিক-উল হকসাবেক অ্যাটর্নি জেনারেলসেন্ট্রাল ফাইলিং সিস্টেম বা কেন্দ্রীয়ভাবে মামলা রুজু করার পদ্ধতি শুনতে ভালো লাগলেও এ ব্যবস্থায় অনেক ত্রুটি ও সীমাবদ্ধতা দেখা দেবে বলেই আমার ধারণা। হাইকোর্ট বিভাগে একটি মামলা রুজু করতে গেলে প্রায় চারটি স্তর পার হতে হয়, চারটি ক্ষেত্রে অনুমতির প্রয়োজন হয়। এখন কেন্দ্রীয়ভাবে মামলা রুজু হলে এসব ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে আইনজীবীদের। কথায় কথায় সব কিছু বলা সহজ, কিন্তু প্রয়োগ করাটা অতটা সহজ নয়। সবকিছুর ক্ষেত্রে ধারাবাহিকভাবে করা উচিত। এত দিনের প্রতিষ্ঠিত অনেক নিয়মনীতি পরিবর্তন করতে হবে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু কোনো ধারাবাহিক প্রক্রিয়ায় না থাকলে এবং দ্রুত কার্যকর করতে গেলে অনেক অসুবিধা ও বাধার সম্মুখীন হতে হবে। যদি কেন্দ্রীয়ভাবে মামলা-ব্যবস্থাপনার কথা বলা হয়, তাহলে এ ব্যবস্থা ধীরে ধীরে প্রবর্তন করা উচিত। আমাদের দেশেই যত সব ব্যবস্থাপনার অংশ নিয়ে কথাবার্তা চলে। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। বিলেতে আমরা যখন মামলা রুজু করতে যাই, তখন ওকালতনামাও লাগে না। সলিসিটরদের ওকালতনামা দিতে হয় না। সিঙ্গাপুরে অনলাইনেই মামলা ফাইলিং করা যাচ্ছে ঘরে বসে। নিউইয়র্কেও পরিবর্তন হয়েছে, অনেক সহজ করা হয়েছে মামলা ফাইলিং-ব্যবস্থাপনায়। ভারতেও অগ্রগতি হয়েছে। তাই আমার মত হচ্ছে, একবারেই এ বিষয়ে পরিবর্তন আনা উচিত হবে না। এম জহির জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টআমি শুনেছি, প্রধান বিচারপতি কেন্দ্রীয়ভাবে মামলা রুজু করার জন্য হাইকোর্ট রুলসে পরিবর্তন আনার কথা ভাবছেন। তবে এটি সম্ভবত শুধু রিট মামলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। রিটের ক্ষেত্রেই এ ব্যবস্থা সীমাবদ্ধ থাকবে। আমার ব্যক্তিগত মত হচ্ছে, এতে কোনো সুফল আসবে না। এ ব্যবস্থার প্রবর্তন হলে কোনো পরিবর্তন হবে না। এর ফলে উল্টাও হতে পারে। একটি রিট মামলা অনেক ধাপ পেরিয়ে রুজু করতে হয়। এতে করে এ ব্যবস্থা প্রবর্তন হলে অনেক সীমাবদ্ধতা দেখা দেবে। এতে মামলা রুজুতে দীর্ঘ প্রক্রিয়া তৈরি হতে পারে। তাই ব্যবস্থাটি প্রবর্তনের আগে এর সীমাবদ্ধতা নিয়ে ভেবে দেখা দরকার। রফিকুল ইসলাম মিয়াজ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টপ্রধান বিচারপতি এখন সেন্ট্রাল ফাইলিং সিস্টেম বা কেন্দ্রীয় মামলা রুজু করার ক্ষেত্রে যে উদ্যোগ নিচ্ছেন, তার ইতিবাচক এবং নেতিবাচক—দুই দিকই আছে। এখন পর্যন্ত যে পদ্ধতি আছে, তাতে আইনজীবীরা পছন্দ অনুযায়ী ও স্বাধীনতা অনুযায়ী মামলা দায়ের করতে পারেন। এ ব্যবস্থা চালু হলে এ সুযোগ কমে যাবে। এ পদ্ধতিতে প্রধান বিচারপতিই নির্ধারণ করে দেবেন, কোন বেঞ্চে কোন মামলাটি যাবে। মামলার ধরন বিভিন্ন রকম। যেমন: রিট, ফৌজদারি ও দেওয়ানি। মোশন বা প্রাথমিক শুনানির জন্য পৃথক বেঞ্চ ঠিক করা থাকে। প্রতিটি ক্ষেত্রেই বিভাগ অনুযায়ী বেঞ্চ নির্ধারিত থাকে। এখন মামলা নিষ্পত্তির বিষয় নির্ভর করে ওই বেঞ্চের মামলার সংখ্যা: যেমন, কয়টি মামলা বিচারপতিরা নিষ্পত্তি করলেন, কয়টি জমা হলো, এ হারের ওপর। আইনজীবীদের নিজের পছন্দের ক্ষেত্রে বাধা থাকবে। একটি যুক্তি হয়তো দেখানো যায়, সব কোর্টই তো হাইকোর্ট বিভাগ। এখানে কেন আবার পৃথক বেঞ্চে মামলা করার স্বাধীনতা থাকবে। এ যুক্তি ফেলে দেওয়া যায় না। তবে এতে করে কিছু জটিলতা তৈরি হতে পারে। কেন্দ্রীয়ভাবে মামলা-ব্যবস্থাপনার প্রধান কারণই হচ্ছে মামলার নিষ্পত্তির সংখ্যা। পত্রপত্রিকায় আমরা কয়েকটি বেঞ্চ সম্পর্কে অভিযোগের প্রতিবেদন দেখেছি। এ বিষয়গুলো খতিয়ে দেখাও প্রয়োজন। বর্তমান প্রধান বিচারপতি মামলা-ব্যবস্থাপনায় অনেক ভালো কিছু উদ্যোগ নিয়েছেন। আইনজীবীরাও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এমন ব্যবস্থা হুট করে চালু করলেই হবে না। সুবিধা ও অসুবিধা—উভয় দিক নিয়ে ভাবতে হবে। তবে কিছুর ক্ষেত্রে হয়তো পরীক্ষামূলকভাবে কেন্দ্রীয় মামলা-ব্যবস্থাপনা চালু করে দেখা যেতে পারে; এতে ত্রুটিগুলো ধরা পড়বে।শওকত হোসেনরেজিস্ট্রার, বাংলাদেশ সুপ্রিম কোর্টক্রম অনুযায়ী এখন মামলার শুনানি হচ্ছে। এতে অনেক সুফল এসেছে। এ পদ্ধতি অব্যাহত থাকবে। বর্তমানে হাইকোর্ট রুলস পরিবর্তন করে কেন্দ্রীয়ভাবে মামলা রুজু করার পদ্ধতির কথা ভাবা হচ্ছে। হাইকোর্ট রুলস পরিবর্তনের প্রক্রিয়া চলছে। প্রধান বিচারপতি উদ্যোগ নিয়েছিলেন কেন্দ্রীয়ভাবে মামলা-ব্যবস্থাপনা চালু করতে। কিন্তু হাইকোর্ট রুলস পরিবর্তন না করে এ ব্যবস্থা প্রবর্তন করার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকায় আর অগ্রগতি হয়নি। এখন হাইকোর্ট রুলস সংশোধন করলে আর কোনো বাধা থাকবে না। এ বিষয়ে বারের সদস্যদের সঙ্গে আলোচনা করা হবে। শ ম রেজাউল করিমসম্পাদক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আমরা বারের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে মামলা রুজু করা বা সেন্ট্রাল ফাইলিং সিস্টেম চালুর বিপক্ষে মত দিয়েছি। প্রধান বিচারপতির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে এবং এ ব্যবস্থার সীমাবদ্ধতা ও এটি নিয়ে আলোচনা করেছি। হাইকোর্ট বিভাগে দেখা যায়, মামলা নিষ্পত্তির হার বেশি, কোনটাতে কম। এ ক্ষেত্রে বিচারপতিদের ভূমিকাই প্রধান। প্রধান বিচারপতির যুক্তি হচ্ছে, এ ব্যবস্থা চালু হলে প্রতিটি বেঞ্চে সমান সংখ্যক মামলা বণ্টন ও নিষ্পত্তি হবে। কিন্তু এখানে অনেক সীমাবদ্ধতাও আসবে। দেখা গেল, এমন একজন বিচারপতির কাছে একটি মামলা গেল যে মামলায় পক্ষ কিংবা আইনজীবীর সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক আছে। এতে করে বিচারপতি বিব্রত হতে পারেন। আমার মনে হয়, এতে সুফল আসবে না। আইনজীবীদের মামলা করার স্বাধীনতা নষ্ট হবে। মামলার দ্রুত নিষ্পত্তি বিচারপতির যোগ্যতার ওপরও অনেকাংশে নির্ভর করে। এখন কোন বিচারপতি কেমন বিচার করেন, এটিকে খতিয়ে দেখা উচিত। মামলার ক্রম অনুযায়ী শুনানি নির্ধারণের বিষয়টি অনেক সুফল এনেছে। আমরা আইনজীবীরা এতে করে অনেক উপকৃত হচ্ছি। বেঞ্চ কর্মকর্তাদের দুর্নীতি কমে গেছে। মামলা-ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে কোনো জটিল পদ্ধতি প্রবর্তন করা উচিত নয়। কোন আদালতে আইনজীবীরা যাবেন, এ বিষয়ে আইনজীবীদের স্বাধীনতা থাকা উচিত। হাইকোর্ট রুলস পরিবর্তন করে বিষয়টি অন্তর্ভুক্ত হলে আমরা এর সঙ্গে দ্বিমত পোষণ ও বিরোধিতা করব।