কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তায় বিশেষ পিটিজেড ক্যামেরা
একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে ছয়টি পিটিজেড ক্যামেরা। গতকাল সকাল থেকে শহীদ মিনারের বিভিন্ন দিক চিহ্নিত করে বিশেষ ধরনের এসব ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়।র্যাব কর্মকর্তারা জানান, নিরাপত্তা-ব্যবস্থার ক্ষেত্রে দেশে প্রথম এ ধরনের আধুনিক ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এগুলোতে দূর নিয়ন্ত্রণব্যবস্থা আছে। এই ক্যামেরা যেদিকে খুশি ঘোরানো, কাত করা এবং ছবি দূরে ও কাছে আনা যায়। এক কিলোমিটার দূরের ছবিও কাছে এনে ধারণ করা যায়। ক্লোজ সার্কিট ক্যামেরা হলেও এসব কামেরা পিটিজেড (প্যান, টিল্ট অ্যান্ড জুম) নামে পরিচিত।আধুনিক ক্যামেরা বসানোর পাশাপাশি একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ও পুলিশ বিশেষ ব্যবস্থা নিচ্ছে। পুলিশ কর্মকর্তারা গতকাল বুধবার একুশের নিরাপত্তা নিয়ে বৈঠক করেন। বৈঠকে পুলিশের পাশাপাশি র্যাব, সিটি করপোরেশন, ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস ও বিশেষ শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।র্যাব জানায়, এবারের নিরাপত্তায় র্যাব পুরো এলাকাকে তিনটি অঞ্চলে ভাগ করেছে। এসব এলাকার নিরাপত্তার জন্য ১৩টি পর্যবেক্ষণ চৌকি বসানো হচ্ছে। র্যাবের বোমা ও ডগ স্কোয়াডও কাজ করবে।