কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের স্থাপনা উচ্ছেদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের অবৈধ স্থাপনা ৪৮ ঘণ্টার মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে নির্দেশনা বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সাত দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে যেখানে শহীদ মিনারের অবস্থান, সেখানকার ভূমি-সংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিল করতে বলা হয়েছে।ঢাকার জেলা প্রশাসক, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী, প্রধান স্থপতি ও নির্বাহী প্রকৌশলীর (সিভিল ডিভিশন) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নির্দেশনার পাশাপাশি রুলও জারি করেন। ২০ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘বেড়ে উঠেছে কথিত মাজার, হুমকিতে শহীদ মিনার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটি যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন হাইকোর্টে রিট আবেদন করেন। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। শহীদ মিনারের জমি রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। সংস্কৃতিসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিসিসি প্রশাসক (দক্ষিণ), গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীসহ আট বিবাদীকে ১২ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।মনজিল মোরসেদ প্রথম আলো অনলাইনকে বলেন, ঐতিহাসিক ওই স্থাপনার পাশে কয়েকটি স্বার্থান্বেষী মহল নিজেদের আর্থিক লাভের জন্য কোনো সুফির কবর না থাকা সত্ত্বেও মাজার স্থাপন করে সুউচ্চ মিনার তৈরির পরিকল্পনা করেছে। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ২০ কাঠা জায়গা ঢাকা মেডিকেল কলেজের কর্মচারীরা দখল করে রেখেছে। আদালত সেখানে থাকা কবর ছাড়া বাকি স্থাপনা ৪৮ ঘণ্টার মধ্যে ভেঙে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন।