কেন্দ্রীয় সরকার চোখেও দেখে না, কানেও শোনে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, ‘চারদিকে যেভাবে বলা হচ্ছে উপজেলা কার্যকর হবে না এটা আমি মানতে রাজি নই। উপজেলা কার্যকর হবেই। সংবিধান সব আইনের উত্স। কোনো আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে সে আইন বাতিল হবে। আইন বাস্তবায়নের জন্য প্রবিধান তৈরি হয়। কোনো প্রবিধান যদি আইনসম্মত না হয় সেটা বাতিল হয়ে যাবে। সুতরাং প্রজ্ঞাপনে উপজেলা আইনবিরোধী নির্দেশনা থাকলে তা বাতিল হয়ে যাবে।’ আজ সোমবার কার্যকর উপজেলা পরিষদ: চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক কার্যপত্র উপস্থাপন ও গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। শওকত আলী বলেন, ‘কেন্দ্রীয় সরকার যত ছোট হবে ততই দেশের জন্য মঙ্গল। কিন্তু আমাদের এখানে কেন্দ্রীয় সরকারকে ক্রমশ বড় করা হচ্ছে । এতে জটিলতা বেড়ে যাচ্ছে। অথচ কেন্দ্রীয় সরকার এমন সরকার যে চোখেও দেখে না, কানেও শোনে না।’ জনগণকে ক্ষমতার মালিক উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, ক্ষমতাকে কেন্দ্র থেকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা নিচ্ছি না। প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ প্রক্রিয়াকে ব্যাহত করা হচ্ছে। ক্ষমতা জনগণের কাছে দিতে হবে। এ বিষয়টিকে আমরা পাশ কাটিয়ে যাচ্ছি। বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ও কাজ বাড়ানো হচ্ছে।উপজেলাকে কার্যকর করতে হলে তার আগে জেলা পরিষদকে কার্যকর করতে হবে মন্তব্য করে শওকত আলী বলেন,‘দুঃখজনক হলো আমাদের এখানে সমস্যা সমাধান করতে গিয়ে আরও বাড়ানো হয়। এর কারণ এখানে ‘সিস্টেম’ নেই। ‘সিস্টেম’ থাকলে তদবির, খবরদারি ও দুর্নীতি সবই বন্ধ হয়ে যায়।’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এ অনুষ্ঠানটি সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।