কেন্দ্রে জসিম প্রান্তে নুরনবী মাঝে ভোলা আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের (লালমোহন ও তজুমদ্দিন) উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের দুই প্রার্থীর একজন মাঠপর্যায়ে ও আরেকজন কেন্দ্রমুখী তৎপরতায় নেমেছেন। ক্ষমতাসীন দলের দুই প্রার্থী মো. জসিমউদ্দিন ও নুরনবী চৌধুরীর এ ‘মনোনয়ন দৌড়’কে কেন্দ্র করে দলের স্থানীয় নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলটির কেন্দ্রীয় নেতৃত্বের আনুকূল্য পাওয়ার ক্ষেত্রে সদ্য সংসদ সদস্য পদ বাতিল হওয়া মো. জসিমউদ্দিন আগে থেকে এগিয়ে আছেন। কিন্তু মাঠপর্যায়ে দলীয় নেতা-কর্মীদের সমর্থন আদায়ের ক্ষেত্রে এগিয়ে আছেন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী। এ অবস্থায় জসিমউদ্দিন দলীয় নেতা-কর্মীদের সমর্থন আদায়ে এলাকায় চষে বেড়াচ্ছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিন গতকাল মঙ্গলবার দিনভর তিনি স্থানীয় নেতা-কর্মী, ভোটের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি ও ভোটারদের সঙ্গে জনসংযোগে ব্যস্ত ছিলেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, আগামী ২৪ এপ্রিল ভোট গ্রহণ পর্যন্ত তিনি লালমোহন ও তজুমদ্দিন ছেড়ে কোথাও যাচ্ছেন না। তিনি মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।অন্যদিকে নুরনবী চৌধুরীর ঘনিষ্ঠ দলীয় একাধিক নেতার দাবি, তাঁর মূল শক্তি তৃণমূলের নেতা-কর্মীরা। মাঠপর্যায়ে দলীয় সমর্থনের ক্ষেত্রে অনেক এগিয়ে থাকা নুরনবীর জন্য এখন দলের কেন্দ্রীয় নীতিনির্ধারকদের আস্থা অর্জন বড় চ্যালেঞ্জ। তিনি কেন্দ্রের সমর্থন পেতে সর্বাত্মক চেষ্টা করছেন। গতকাল সকালে নুরনবী চৌধুরী প্রথম আলোকে বলেছিলেন, লালমোহনে একটি মাজার জিয়ারত করে বিকেলে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। শেষ পর্যন্ত তিনি ঢাকায় যাননি। তাঁর ঘনিষ্ঠজনেরা জানান, কেন্দ্র থেকে তাঁর শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে আজ মনোনয়নপত্র বাছাইয়ের পর তিনি ঢাকায় যাবেন।নুরনবী চৌধুরী প্রথম আলোর কাছে দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাদের পুরো সমর্থন তিনি পেয়েছেন। তাই জনপ্রিয়তার বিচারে তিনিই দলীয় মনোনয়ন পাবেন।আওয়ামী লীগে বিভক্তি: উপনির্বাচনকে কেন্দ্র করে ভোলায় আওয়ামী লীগ এখন দুই ভাগে বিভক্ত। লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নজরুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সমর্থন করছেন নুরনবী চৌধুরীকে। আর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য গিয়াসউদ্দিন আহাম্মেদ সমর্থন দিচ্ছেন জসিমউদ্দিনকে।তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের নেতারা এখনো প্রকাশ্যে কাউকে সমর্থন না দিলেও তাঁদের বড় একটা অংশ জসিমের পক্ষে বলে জানা গেছে।কাগজপত্রে সুবিধাজনক অবস্থানে জসিম: রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া কাগজপত্রে দেখা যায়, আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া দুই প্রার্থীর মধ্যে ১ নম্বর অবস্থানে আছেন জসিমউদ্দিন আর ২ নম্বরে নুরনবী চৌধুরী। গণপ্রতিনিধিত্ব আদেশ আইন (আরপিও) অনুযায়ী, এই দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হলে এবং কেউ প্রত্যাহার না করলে প্রথমজন আওয়ামী লীগের নৌকা প্রতীক পাবেন।দলীয় একটি সূত্র জানায়, কেন্দ্র থেকে দল চাইলে নুরনবী চৌধুরী যাতে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন, এ জন্য তাঁর কাছ থেকে একটি প্রত্যাহারপত্রে আগাম সই নেওয়া হয়েছে। জানতে চাইলে নুরনবী চৌধুরীও তা স্বীকার করেছেন।অন্যদিকে জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর কাছ থেকে আগাম প্রত্যাহারপত্রে সই নেওয়া হয়নি। তিনি বলেন, ‘দুই প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। বাছাইয়ে কোনো কারণে আমার মনোনয়নপত্র বাতিল হলে, যাতে বিএনপি ফাঁকা মাঠ না পায়। তবে আমিই আওয়ামী লীগের প্রথম পছন্দের প্রার্থী।’নুরনবী চৌধুরীর দাবি, ‘জনপ্রিয়তা যাচাইয়ের মাধ্যমে দলের সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন দেবেন। তিনি প্রকৃত অবস্থার খোঁজখবর রাখছেন। আশা করি, আমি মনোনয়ন পাব।’