কেন্দ্রে ভোটবাক্স পাহারা দেওয়ার আহ্বান মঞ্জুরের
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম ভোটকেন্দ্রে ভোটবাক্স পাহারা দিতে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার বিকেলে নগর যুবদলের নেতারা মঞ্জুর সঙ্গে দেখা করতে তাঁর নগরের কাট্টলীর বাসভবনে গেলে সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। চট্টগ্রাম নগর যুবদলের সাধারণ সম্পাদক কাজী বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে যুবদলের সহসভাপতি সৈয়দ জাকারিয়া সেলিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইস্কান্দার বক্তৃতা করেন। এ সময় নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। যুবদলের নেতারা সিটি করপোরেশন নির্বাচনে মঞ্জুর আলমকে সমর্থন জানান।যুবদলের সমর্থনের জবাবে মঞ্জুর আলম বলেন, ‘আপনাদের ঝগড়া-বিবাদ যেন মাঠে-ময়দানে না গড়ায়। ঘরের মধ্যে ঝগড়া-বিবাদ সীমাবদ্ধ রেখে সবাই মিলেমিশে কাজ করবেন। যুবদল ও ছাত্রদল আন্দোলন-সংগ্রামের চালিকাশক্তি। আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা সবাই ১৭ জুন বিজয়ের আনন্দ করতে পারব। আপনারা আমাকে সহযোগিতা করতে এসেছেন। আগামী ২ জুন থেকে ১৭ জুন পর্যন্ত ঘুম হারাম করে আপনাদের কাজ করে যেতে হবে।’ গতকালের অনুষ্ঠানে নগর যুবদলের সভাপতি আবুল হাশেমসহ বেশ কিছু নেতা-কর্মীকে দেখা যায়নি। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী যুবদলের নেতা-কর্মীরা কেবল অনুষ্ঠানে যোগ দেন। যুবদলের সভাপতি আসেননি কেন—জানতে চাইলে কাজী বেলাল বলেন, ‘কোনো মন্তব্য নয়।’অনুষ্ঠানে কাজী বেলাল বলেন, ‘আগের দুটি নির্বাচনে আমাদের মেয়র প্রার্থী মীর নাছির জিততে পারেননি। কারণ, ওই সময় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হাতে টাকা-পয়সা দেওয়া হয়েছিল। তাঁরা টাকা নিয়ে ঘরে বসেছিলেন। যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওই সময় কাজে লাগানো হয়নি।’কাজী বেলাল অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দলের যারা বেঈমানি ও মোনাফেকি করবে, তাদের চিহ্নিত করতে হবে। আমরা সবাই ঈমানি দায়িত্ব পালন করতে পারলে বিগত দুটি নির্বাচনের পরাজয়ের প্রতিশোধ নেওয়া সম্ভব হবে। এ জন্য যুবদল ও ছাত্রদলকে কীভাবে কাজে লাগানো যায়, তা আমীর খসরুকে ঠিক করতে হবে। আমরা যুবদলের ৫০০ নেতা-কর্মীকে নির্বাচনী প্রচারণার কাজে লাগাতে প্রস্তুত রেখেছি।’যুবদলের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মঞ্জুর আলম গতকাল দুপুরে নগরের দেওয়ানহাটে তাঁর এক আত্মীয়ের জানাজায় অংশ নেন। এরপর তিনি কাট্টলীর বাসায় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে সময় কাটান।