রংপুরে আওয়ামী লীগের গৃহবিবাদ দীর্ঘদিনের। গত ফেব্রুয়ারিতে দলের কেন্দ্রীয় কমিটি থেকে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হলে বিরোধের বিষয়টি প্রকাশ্য রূপ নেয়। এর পর থেকে দুই পক্ষই আলাদাভাবে কর্মসূচি পালন শুরু করে।দলীয় সূত্র জানায়, ১৯৯৭ সালে রংপুর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। এ কমিটির মেয়াদ ছিল দুই বছর। এরপর ১১ বছরে কয়েক দফা সম্মেলন হওয়ার কথা থাকলেও দ্বন্দ্বের কারণে তা হয়নি। ২০০৭ সালের সেপ্টেম্বরে রংপুর টাউন হলে সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তা পণ্ড হয় দুই পক্ষের দ্বন্দ্বে। এক পক্ষ কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কমিটি নির্বাচন করতে চাইলেও অন্য পক্ষ এর বিরোধিতা করে। একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ পরিস্থিতিতে সেখানে উপস্থিত কেন্দ্রীয় নেতারা আবুল মনসুর আহমেদকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। তাঁরা সম্মেলন মুলতবি ঘোষণা করে ঢাকায় চলে যান। গত ফেব্রুয়ারিতে সম্মেলন ছাড়াই ঢাকায় বসে দলের কেন্দ্রীয় কমিটি থেকে রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পৃথক কমিটি ঘোষণা করা হয়। শাফিউর রহমানকে করা হয় মহানগর কমিটির সভাপতি। আর সাধারণ সম্পাদক হন তুষারকান্তি মণ্ডল। আবুল মনসুর আহমেদকে জেলা কমিটির সভাপতি এবং রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করা হয়। এ কমিটি ঘোষণার পর নেতা-কর্মীরা মিষ্টিমুখ করেন। শহরে বের করা হয় আনন্দ-শোভাযাত্রা। অন্যদিকে সম্মেলন ছাড়াই ঢাকা থেকে কমিটি গঠন করায় এই কমিটিকে প্রত্যাখ্যান করে একটি অংশ। তারা গত মার্চে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদকে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করে। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদারকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকে দুই পক্ষ আলাদা কর্মসূচি পালন শুরু করে। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করতে গিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে বিদ্রোহী পক্ষ জেলা স্কাউট ভবনে আলোচনা সভা শেষে মিছিল করে। এতে সভাপতিত্ব করেন ইলিয়াছ আহমেদ। অন্যদিকে জেলা কার্যালয়ে জেলা ও মহানগর কমিটির আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর কমিটির সভাপতি শাফিউর রহমান। তবে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা বিবদমান দুই পক্ষের ঐক্য চান। গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান প্রামাণিক মনে করেন, নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ অনেক পদে ভালো সংগঠকদের জায়গা হয়নি। এ কারণে দলে এই বিভেদ। সামনে এই বিভেদ আরও বাড়তে পারে বলে মনে করেন সদর উপজেলা আওয়ামী লীগের কর্মী আতাউজ্জামান।তবে ভিন্ন কথা বলেছেন মহিলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রোজী রহমান। তাঁর কথা, কেন্দ্র থেকে ঘোষিত কমিটি সবার মেনে কাজ করা উচিত। আর তা না হলে দল ক্ষতিগ্রস্ত হবে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানিয়ে ইলিয়াছ আহমেদ জানান, তাঁরা শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক করে জেলা ও মহানগরের দুটি প্রতীকী কমিটি গঠন করেছেন। বিদ্রোহী মহানগর কমিটির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মূল্যায়ন না করে ঢাকা থেকে কমিটি গঠন করাকে গণতন্ত্রের পরিপন্থী বলে উল্লেখ করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, কেন্দ্র থেকে কমিটি গঠন করা হয়েছে। এর প্রতি দলের সবার শ্রদ্ধা থাকা উচিত। নেতা-কর্মীরা আলাদা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করলে দলেরই ক্ষতি হবে বলে তিনি মন্তব্য করেন।