কেন্দ্রের বন্ধন প্রান্তে থাকছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্তত ৩৪টি পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে জামায়াত। কেবল চারটি পৌরসভায় জামায়াতের সমর্থনে বিএনপি এবং অন্তত ১২টিতে বিএনপির প্রার্থী সমর্থন করে সরে দাঁড়িয়েছে জামায়াত। তবে ঢাকা বিভাগের ১৭ জেলা ও বরিশালের ছয় জেলার কোনো পৌরসভায় মেয়র পদে প্রার্থী দিতে পারেনি জামায়াত।এবারের পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার দায়িত্ব দেওয়া হয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান ও সাংসদ হামিদুর রহমান আযাদকে। শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্থানীয়ভাবে কোথাও কোথাও সমঝোতা করার চেষ্টা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয়ভাবে আমরা কোনো সমঝোতা করার চেষ্টা করিনি।’বিএনপির পৌর নির্বাচন তদারকি সেলের প্রধান ও স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা জোটবদ্ধ নির্বাচনে যাচ্ছি না। যে যার মতো করে প্রার্থী দিয়েছে। তবে স্থানীয়ভাবে পরিস্থিতি অনুযায়ী কেউ কেউ সমঝোতা করেছে।’জামায়াতের সর্বাধিক প্রার্থী উত্তরবঙ্গে, বিএনপির সমর্থন পেয়েছে একটিতে: উত্তরবঙ্গে জামায়াত মোট ১৯টি পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছে। এর মধ্যে একমাত্র গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতের নূরুন্নবী সরকারকে সমর্থন দিয়েছে বিএনপি। গত সংসদ ও পৌর নির্বাচনে এ এলাকায় বিএনপি খুব কম ভোট পেয়েছিল।রাজশাহীতে সর্বোচ্চ চারটি পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছে জামায়াত। কোনোটিতেই বিএনপির সমর্থন পায়নি তারা। তানোরের মুণ্ডুমালা পৌরসভায় জামায়াতের জামিলুর রহমানের বিরুদ্ধে বিএনপির মোজাম্মেল হক, গোদাগাড়ীতে জামায়াতের আমিনুল ইসলামের বিরুদ্ধে বিএনপির আনোয়ারুল ইসলাম, তাহেরপুরে জামায়াতের শহীদুজ্জামান মীরের বিরুদ্ধে বিএনপির সানোয়ার কবির ও জাহিদুর রহমান এবং কাটাখালী পৌরসভায় জামায়াতের মাজেদুর রহমানের বিরুদ্ধে বিএনপির সিরাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।রাজশাহী জেলা জামায়াতের প্রচার সম্পাদক ওবায়েদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এটা স্থানীয় নির্বাচন। যে যেখানে ভালো করতে পারবেন, সেখানে তাঁরা চেষ্টা করেন।’ দলের শক্তিশালী অবস্থান চাঁপাইনবাগঞ্জে জামায়াত তিনটি পৌরসভায় নির্বাচন করছে। জেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্র (জামায়াত) থেকে আমাদের বিএনপির সঙ্গে আলোচনা করার জন্য বলা হয়েছে। কিন্তু আলাপ-আলোচনা করার জন্য লোক পাওয়া যাচ্ছে না।’চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জামায়াতের লতিফুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিএনপির আবদুল খালেক। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার ভোট করার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু বিএনপির সাবেক সাংসদ হারুনুর রশিদ আমাকে অনুরোধ করায় আমি নেমেছি। পরে দেখলাম, জামায়াতও ভোট করছে। তারা এখন আমার বিরুদ্ধে নানা কথা ছড়াচ্ছে।’শিবগঞ্জে জামায়াতের জাফর আলীর বিরুদ্ধে বিএনপির শামীম কবির এবং রহনপুরে জামায়াতের মফিজউদ্দিনের বিরুদ্ধে বিএনপির তারেক আহমেদ ও এনায়েত কবির নির্বাচন করছেন।দিনাজপুর পৌরসভায় জামায়াতের মোহাম্মদ তমিজ উদ্দিনের বিরুদ্ধে বিএনপির দুই নেতা জাহাঙ্গীর আলম ও তারেজুল ইসলাম এবং বীরগঞ্জে জামায়াতের মোহাম্মদ হানিফের বিরুদ্ধে বিএনপির জাকির হোসেন নির্বাচন করছেন।জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় নির্বাচনে এসব হয়ে থাকে। স্থানীয় নির্বাচনে কেন্দ্রের নির্দেশনা অনেকে মানতে চান না।জয়পুরহাট পৌরসভায় জেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম নিজেকে জোটের প্রার্থী দাবি করছেন। তাঁর দাবি, জামায়াত ও বিএনপির সাবেক সাংসদ আবদুল আলিমের সমর্থকেরা মিলে একজোট হয়েছেন।বিএনপির প্রার্থী ফজলুর রহমান বলেন, ‘আবদুল আলিম বিএনপির বহিষ্কৃত নেতা। তিনি কার সঙ্গে কাজ করবেন না-করবেন, এটা আমাদের দেখার বিষয় নয়।’নীলফামারী পৌরসভায় জামায়াতের আবু হেলালের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিএনপির আনিসুর রহমান ও জহুরুল আলম। জেলা জামায়াতের আমির মোজাম্মিল হক বলেন, ‘জোটবদ্ধ নির্বাচন করার বিষয়ে আমাদের উদ্যোগের কমতি ছিল না। কিন্তু তাদের (বিএনপি) উদ্যোগ না থাকলে কীভাবে হয়?’নাটোরের নলডাঙ্গা পৌরসভায় বিএনপির সমর্থন পেতে চেষ্টা চালিয়েছিল জামায়াত। এখানে জামায়াতের ফজলুর রহমানের বিরুদ্ধে নির্বাচন করছেন বিএনপির আব্বাস আলী।নওগাঁ পৌরসভায় জামায়াতের এ এস এম আবদুর রশিদের বিরুদ্ধে বিএনপির প্রার্থী নাজমুল হক। জেলা জামায়াতের আমির ইউনূস আলী বলেন, ‘আমরা (জামায়াত) আমাদের মতো করে দাঁড়িয়েছি। তারা (বিএনপি) তাদের মতো দাঁড়িয়েছে।’জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর জেলা পাবনায়ও বিএনপির সঙ্গে বনিবনা করতে পারেনি জামায়াত। পাবনা পৌরসভায় জামায়াতের ইকবাল হোসেনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিএনপির দুই নেতা কামরুল হাসান ও সিদ্দিকুর রহমান। জেলা জামায়াতের আমির আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘কাউকে সমর্থন, অসমর্থন বিষয় না। পাবনার সাতটি পৌরসভার মধ্যে আমরা একটিতে প্রার্থী দিয়েছি।’সিরাজগঞ্জের বেলকুচিতে জামায়াতের আরিফুল ইসলামের বিরুদ্ধে বিএনপির আবদুর রাজ্জাক মণ্ডল আর রায়গঞ্জে জামায়াতের মোশাররফ হোসেন আকন্দের বিরুদ্ধে নির্বাচন করছেন বিএনপির নূর সাঈদ সরকার।জেলা জামায়াতের আমির আবদুল লতিফ বলেন, ‘বিএনপি আমাদের বলেছিল, জেলার চারটি পৌরসভার মধ্যে দুটি থেকে আমরা প্রার্থিতা প্রত্যাহার করে নিলে তারা বাকিগুলোতে আমাদের সমর্থন দেবেন। কিন্তু আমারা প্রত্যাহার করলেও তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেনি।’বগুড়ার শেরপুর পৌরসভায় মেয়র পদে জামায়াতের আফসার উদ্দিন আহমেদের বিরুদ্ধে আছেন বিএনপির স্বাধীন কুমার কুণ্ডু ও রফিকুল ইসলাম।খুলনা বিভাগে সমর্থন মিলেছে একটিতে: গত সংসদ নির্বাচনগুলোতে এই বিভাগের বেশ কয়েকটি জেলায় জামায়াত উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছিল। এবার এই বিভাগে ছয়টি পৌরসভায় মেয়র পদে প্রার্থী দিয়ে বিএনপির সমর্থন পেয়েছে কেবল একটিতে। মেহেরপুরের গাংনী পৌরসভায় জামায়াতের রবিউল ইসলামকে সমর্থন করেছে বিএনপি।সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় জামায়াতের কাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিএনপির শরিফুল ইসলাম ও আখতারুল ইসলাম। জেলা জামায়াতের সেক্রেটারি নূরুল হুদা বলেন, ‘আমরা বিএনপিকে সাতক্ষীরা সদরে সমর্থন দিয়েছি। আশা করছি, তারা আমাদের কলারোয়ায় সমর্থন দেবে।’ঝিনাইদহ পৌরসভায় জামায়াতের ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিএনপির আখতারুজ্জামান এবং কোটচাঁদপুরে জামায়াতের মোআবিয়া হোসেনের বিরুদ্ধে বিএনপির সালাউদ্দিন বুলবুল প্রার্থী হয়েছেন।জেলা জামায়াতের সেক্রেটারি নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমরা বিএনপিকে অনুরোধ করে বলেছিলাম, সংসদ নির্বাচনে তো এখান থেকে তারাই প্রার্থী হবে। পৌরসভায় যেন আমাদের দুটিতে ছাড় দেয়। তারা দিল না।’কুষ্টিয়ায়ও বিএনপি ও জামায়াতের জোট হয়নি। মীরপুর পৌরসভায় জামায়াতের দুই নেতা জমারত আলী ও আবুল হাসেম মনোনয়নপত্র জমা দিয়েছেন। জমারত আলী বলেন, একজনের মনোনয়নপত্র বাতিল হলে অন্যজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে বিএনপির প্রার্থী রহমত আলী।কুমারখালী পৌরসভায় জামায়াতের আবদুর রশিদের বিরুদ্ধে নির্বাচন করছেন বিএনপির ইকবাল কবীর।চট্টগ্রাম বিভাগ: এ বিভাগে ১১টি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের প্রার্থীরা। এর মধ্যে কক্সবাজার পৌরসভায় সরোয়ার আলম ও টেকনাফ পৌরসভায় মোহাম্মদ ইসমাইল বিএনপির সমর্থন পেয়েছেন।চট্টগ্রামের তিনটি পৌরসভায় জামায়াত প্রার্থী দিলেও বিএনপির সমর্থন পায়নি। জামায়াতের শক্তিশালী অবস্থান সাতকানিয়ায় তাদের প্রার্থী জাফর সাদেকের বিরুদ্ধে নির্বাচন করছেন বিএনপির পৌর শাখার সভাপতি মাহমুদুর রহমান।জাফর সাদেক দাবি করেছেন, তিনিই জোটের প্রার্থী। বিএনপির প্রার্থী বলেন, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সাংসদ জাফরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও এম মোরশেদ খান আমাকে নির্বাচন করতে বলেছেন। তাহলে জামায়াত জোটের প্রার্থী হয় কী করে।’মীরসরাই পৌরসভায় মেয়র পদে জামায়াতের কামরুদ্দিন লতিফীর বিরুদ্ধে বিএনপির ফকির আহমেদ আর বারইয়ারহাটে জামায়াতের ফজলুল করিমের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিএনপির মইনুদ্দিন।কুমিল্লা জেলায় একমাত্র লাকসাম পৌরসভায় জামায়াতের দেওয়ান মাহাবুব-ই-সোবহানীর বিরুদ্ধে বিএনপির সুভাষ বণিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।লক্ষ্মীপুর ও ফেনীতে প্রার্থী দিয়েছে জামায়াত। লক্ষ্মীপুর পৌরসভায় বিএনপির হাসানুজ্জামান চৌধুরী। জামায়াতের মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল হয়েছে। তবে জামায়াত এর বিরুদ্ধে আপিল করেছে। রামগতি পৌরসভায় জামায়াতের খন্দকার মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে বিএনপির শাহেদ আলী এখনো মাঠে আছেন।ফেনীর সোনাগাজীতে পৌর জামায়াতের আমির মোহাম্মদ হোসাইন মেয়র পদে নির্বাচন করছেন। তাঁর বিরুদ্ধে আছেন বিএনপির দুই নেতা জামালউদ্দিন ও সৈয়দ আলম।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় মেয়র পদে জামায়াতের বিল্লাল আহমদের বিরুদ্ধে বিএনপির এন এম হাসান খান ও জয়নাল আবেদীন প্রার্থী হয়েছেন। বিল্লাল আহমেদ বলেন, ‘বিগত সংসদ ও উপজেলা নির্বাচনে আমরা সহায়তা করেছি। পৌর নির্বাচনে আমরা দাবি করেছিলাম। তারা আমাকে দিতে পারত।’বান্দরবানে জামায়াতের মাহাবুবুল আলম মেয়র পদে দাঁড়িয়েছেন। সেখানে বিএনপির প্রার্থী আছেন জাবেদ রেজা।সিলেট বিভাগে জামায়াতের দুই প্রার্থী: এই বিভাগের চার জেলার মধ্যে জামায়াত সিলেটের কানাইঘাট ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মেয়র পদে প্রার্থী দিয়েছে। কিন্তু তারা বিএনপির সমর্থন পায়নি। কানাইঘাটে জামায়াতের অলিউর রহমানের বিরুদ্ধে বিএনপির আবদুল মালিক ও আবদুল মতিন এবং বড়লেখায় জামায়াতের খিজির আহমেদের পাশাপাশি আছেন বিএনপির ফখরুল ইসলাম ও মতিউর রহমান।