কেবল হুন্ডির টাকা ছিনতাই করে তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুন্ডি ব্যবসা এবং হুন্ডির টাকা বহন বেআইনি। ফলে টাকা ছিনতাই হলেও কেউ থানায় অভিযোগ দেন না। এই সুযোগকে কাজে লাগিয়ে চট্টগ্রামে নগরে গড়ে উঠেছে কয়েকটি ছিনতাইকারী চক্র। নগরের কয়েকটি বড় বাজারের হুন্ডি ব্যবসায়ীদের প্রতি তারা নজর রাখে। হুন্ডির টাকা বহনের সময় সুযোগ বুঝে তারা ছিনতাই করে। এসব চক্রের সদস্যরা গত এক বছরে নগর ও শহরতলিতে লাখ লাখ টাকা ছিনতাই করেছে। চট্টগ্রাম নগরের এমইএস কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিন মোহাম্মদ সাইফুদ্দীন ও ছিনতাই মামলার আসামি ফজলুল করিমের কাছ থেকে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি পুলিশ এ দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘নগরে গত ছয় মাসে অনেক ছিনতাই হয়েছে, যা পুলিশের নথিতে নেই। এর মধ্যে বেশির ভাগ ছিনতাই হয়েছে হুন্ডির টাকা। এ কারণে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দেওয়ার সাহস পাননি। হুন্ডির টাকা ছিনতাইকারী কয়েকটি চক্র আমরা শনাক্ত করেছি। ওই বাহিনীর কয়েকজন সদস্য গ্রেপ্তার হওয়ায় আমরা অনেক তথ্য পাচ্ছি।’জানা গেছে, নগরের খাতুনগঞ্জ, আছদগঞ্জ, টেরিবাজার ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় অনেক হুন্ডি ব্যবসায়ী আছেন। এ ছাড়া শহরতলির অন্যতম বৃহত্তম গরুর বাজার সাগরিকা এলাকায়ও আছে এদের বিচরণ। এ বাজারগুলো থেকে প্রায় প্রতিদিন হুন্ডির টাকা পাচার হয়। বৈধ ব্যাংকিং চ্যানেল বাদ দিয়ে অবৈধ পথে টাকার লেনদেন করাকে হুন্ডি বলা হয়।বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার মহাব্যবস্থাপক মো. নওশাদ আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হুন্ডির টাকা লেনদেন ও পরিবহন বেআইনি। এতে সংশ্লিষ্ট প্রবাসীরা কর রেয়াত থেকে বঞ্চিত হবেন। আর টাকা পরিবহনের পথে ছিনতাইয়ের শিকার হলেও সংশ্লিষ্ট ব্যক্তি থানায় অভিযোগ দেন না। অবৈধ পথে আসা এসব টাকা মাদক ও অবৈধ অস্ত্র খাতে বিনিয়োগের আশঙ্কা থাকে। তাই নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা ইতিমধ্যে রোড শো করেছি।’পুলিশ সূত্র জানায়, নগরের কয়েকটি বড় বাজারের হুন্ডি ব্যবসায়ীদের ঘিরে গড়ে উঠেছে ছিনতাইকারী চক্র। এই চক্রের সদস্যরা দুই ভাগে বিভক্ত। চক্রের একাংশ হুন্ডির টাকার উৎস ও পরিবহনের পথঘাটের তথ্য সংগ্রহ করে। অন্যটি বহনের সময় সুযোগ বুঝে রাস্তায় ওই অর্থ ছিনতাই করে। এতে ছিনতাইকারীরা ৬০ ও তথ্যসংগ্রহকারীরা ৪০ শতাংশ ভাগ পায়। তথ্যসংগ্রহকারীদের অন্যতম নেতা ফজলুল করিম। তাঁর তথ্যের ভিত্তিতে নগর ও শহরতলিতে অসংখ্য ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ও র‌্যাব পরিচয় দিয়ে তাঁরা ছিনতাই করে।গত ২৭ আগস্ট বিকেলে নগরের সরাইপাড়া কাজীরদীঘির পাড় থেকে এমইএস কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেতা আমিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যের ভিত্তিতে নগরের আছদগঞ্জের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয় করিমকে। করিম তথ্যসংগ্রহকারীদের দলনেতা হিসেবে পরিচিত।এর আগে গত ২৬ জুলাই হালিশহর ও পাহাড়তলী থেকে গ্রেপ্তার করা হয় গাড়িচালক জাবেদ ও সুমনকে। তাঁদের তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানার জাহান ম্যানশন থেকে মাইক্রোবাস উদ্ধার করা হয়। এই মাইক্রোবাস দিয়ে সন্ত্রাসীরা হুন্ডির টাকা ছিনতাই করে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, করিমের তথ্যের ভিত্তিতে তিনটি সংঘবদ্ধ চক্র নগরে মোটা অঙ্কের টাকা ছিনতাই করে। হুন্ডির টাকা বহনকারীরা ছিনতাইকারীদের লক্ষ্যবস্তু হয়ে থাকেন। মাঝেমধ্যে সাধারণ ব্যবসায়ীরা তাদের ভুল লক্ষ্যবস্তু হন।পুলিশ সূত্র জানায়, করিমের তথ্যের ভিত্তিতে ছিনতাই করে তিনটি ছিনতাইকারী চক্রের সদস্যরা। এই তিনটি দলের নেতৃত্বে আছেন আবদুল হাকিম ওরফে পুলিশ হাকিম, ছাত্রলীগের সাবেক নেতা আমিন ও আপেল মিন্টু। তিন সপ্তাহের ব্যবধানে তিনটি চক্রের তিনজন দলনেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের মধ্যে পুলিশ হাকিম ১৯৯৫-২০০৭ সাল পর্যন্ত পুলিশের কনস্টেবল পদে চাকরি করেন। ২০০৭ সালে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি নগরের বড় বড় ছিনতাইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন। লাখ টাকার নিচে তিনি কখনো ছিনতাই করেননি। ৬ আগস্ট তিনি সর্বশেষ গ্রেপ্তার হন। পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম নগরে আরও পাঁচটি চক্র হুন্ডির টাকা ছিনতাই করে। এসব চক্রের নেতৃত্বে আছেন পাহাড়তলীর দাঁড়ি আকবর, হকার জসিম, শিবির সাহাবউদ্দিন, দেওয়ান বাজারের আরিফ, হাটহাজারীর ইউনুস ও তাঁর সহযোগী আলী ওরফে ঢাকাইয়া আইল্যা এবং শিবির রিপন।গত ছয় মাসে নগরে বেশ কয়েকটি ছিনতাই হয়। সাত-আট মাস আগে দুটি বড় ছিনতাইয়ের ঘটনা ঘটে শহরতলির মইজ্জারটেক এলাকায়। সেখানে করিমের তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীরা দুই দফায় ১১ ও ২৫ লাখ টাকা ছিনতাই করে। শিবির সাহাবউদ্দিন ও আরিফের নেতৃত্বে এসব ঘটনা ঘটে। প্রায় ছয় মাস আগে নগরের বিআরটিসি মার্কেট এলাকায় আরেকটি ছিনতাই ঘটনার নেতৃত্ব দেন সাইফুল ও সুমন।সম্প্রতি রহমতগঞ্জ, চান্দগাঁও, আগ্রাবাদ এলাকায় আরও কয়েকটি বড় অঙ্কের টাকা ছিনতাই হয়। এসব ঘটনায় করিম ছিনতাইকারীদের তথ্য সরবরাহ করেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। হুন্ডির টাকা বহনকারীরা ঘটনার শিকার হওয়ায় তাঁরা থানায় অভিযোগ দেননি। ছাত্রলীগের সাবেক নেতা আমিন প্রথম আলোকে বলেন, ‘ফজলুল করিম টাকা বহনের তথ্য দেয়। কাজ হয়ে গেলে তাঁকে ৪০ শতাংশ দিয়ে দিতে হয়। করিম আরও দুটি দলকে তথ্য দিয়ে টাকা ছিনতাই করতে সহযোগিতা করে।’ আমিন ও করিমের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি মাইক্রোবাসে চড়ে হাতকড়া ও ওয়্যারলেস সেট নিয়ে তাঁরা ছিনতাই করেন। করিম হাতকড়া ও ওয়্যারলেস সেট সরবরাহ করেন। করিম দাবি করেন, ‘আমার সঙ্গে সাইফুল, হাকিম, সাজ্জাদসহ অনেকের পরিচয় আছে। তবে আমি ছিনতাই করি না।’