কেমন আছে বাংলাদেশের দেশি ভাষাগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ‘ইন্দো-ইউরোপীয়’ ‘পরিবার’-ভুক্ত একটি ‘আর্য’ ভাষা। বাংলা ব্যাকরণের ওপর স্কুলের পাঠ্যবইগুলোতে শেখানো হয়, বাংলার শব্দভান্ডার উত্স অনুসারে পাঁচটি ভাগে বিভক্ত—তত্সম, অর্ধতত্সম, তদ্ভব, দেশি ও বিদেশি। প্রথম তিনটি বর্গে পড়ে সংস্কৃত (আদি ভারতীয় আর্য ভাষা) উেসর শব্দভান্ডার। ‘বিদেশি’ হলো বিগত আট শতাব্দীর মধ্যে বহিরাগত শাসক, ধর্মপ্রচারক বা বণিকদের মাধ্যমে আসা তুর্কি, ফারসি, আরবি, পর্তুগিজ, ইংরেজি প্রভৃতি ভাষার শব্দ। বাকি থাকছে ‘দেশি’ বর্গটা।ঠিক কোত্থেকে ‘দেশি’ শব্দগুলো এসেছে? এ প্রসঙ্গে আমার ছেলের অষ্টম শ্রেণীর একটি পাঠ্যবই বলছে: ‘আর্যরা আসার আগে এ দেশে অনার্যদের বসবাস ছিল। তারা ছিল এ দেশের আদিম অধিবাসী। যেসব শব্দ এসব আদিম অধিবাসী অনার্যদের ভাষা থেকে বাংলায় এসেছে, সেসব শব্দকে দেশি শব্দ বলে।’ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের অধ্যাপক আবুল কালাম মনজুর মোরশেদের বিদ্যাকোষ: বাংলা ভাষার ব্যাকরণ ও রচনা, সাগরিকা পাবলিকেশন্স, ২০১২, পৃ: ১১৩)। আমার ছেলের অন্য একটি পাঠ্যবইও একই কথাই বলে (দেবব্রত চক্রবর্তীর ও লেভেল বাংলা ভাষা-পরিচয়, অ্যালবাট্রস পাবলিকেশন্স ২০১২)। তবে সেখানে পূর্বোল্লিখিত পাঁচটা ভাগকে মোটা দাগে দুই ঘরানায় ফেলা হয়েছে, ‘মৌলিক’ ও ‘আগন্তুক’। তত্সম, অর্ধতত্সম ও তদ্ভব মিলিয়ে বাংলা ভাষার ৯৫ শতাংশ শব্দ নাকি ‘মৌলিক’, বাকিগুলো হলো ‘আগন্তুক’, ‘দেশি’ ও ‘বিদেশি’ মিলিয়ে। ‘আগন্তুক দেশি!’ মনে রাখার মতো একটা বর্গ বটে। যা হোক, ‘দেশি’ সম্পর্কে শেষোক্ত বইয়ে বলা হয়েছে: মৌলিক ও বিদেশি শব্দ ছাড়া ‘আরও কিছু শব্দ বাংলা ভাষায় রয়ে গেছে, যাদের মূল নির্ণয় করতে পারেননি ভাষাতাত্ত্বিকগণ। এদের বলে দেশি শব্দ। ধারণা করা হয়, বাংলা ভাষা সুস্থির হওয়ার আগে এ অঞ্চলে দ্রাবিড় এবং অষ্ট্রিক জনজাতির বিভিন্ন গোষ্ঠীর যে ভাষাসমূহ প্রচলিত ছিল তাদেরই কিছু চেনা-অচেনা প্রতিনিধি এরা’ (পৃ: ১৩)। দেশি শব্দগুলোর একটা উত্স হিসেবে ‘দ্রাবিড়’-এর উল্লেখ আসলে একটি প্রচলিত ভুল ধারণারই পুনরাবৃত্তি। এ রকম ভুল, বা ‘আগন্তুক দেশি’র মতো ধারণা, বাংলা ভাষা ও বাঙালির ইতিহাস-সংক্রান্ত লেখালেখিতে যথেষ্ট পরিমাণেই লক্ষ করা যায়। তবে আরও ব্যাখ্যায় যাওয়ার আগে আমরা দেখে নিই কিছু দেশি শব্দের নমুনা।উল্লিখিত বই দুটিতে দেওয়া দেশি শব্দগুলোর মধ্যে আছে: কুড়ি, কুলা, খড়, খুকি, চাউল, চুলা, ঝিনুক, ডিঙি, টোপর, ঢেঁকি, ঢোল, মই, মাঠ, মুড়ি, লাউ। বাংলা ভাষার অতি পরিচিত, আপন এ শব্দগুলোকে ‘আগন্তুক’ ভাবতে অনেকের মন চাইবে না হয়তো, কিন্তু বাংলাকে একটি আর্য ভাষা গণ্য করেন এমন কেউ, যিনি নিজেকেও মনে করেন আর্যভাষী বা অন্য কোনো বহিরাগত পূর্বসূরির বংশধর, তাঁকে মানতে হবে যে এসব শব্দ বাংলায় এসেছে ‘অন্য’ (অনার্য, দেশি) উত্স থেকে। সেভাবেই শেখানো হয়েছে আমাদের, শেখানো হচ্ছে আমাদের সন্তানদেরও। যেমন অধ্যাপক মঞ্জুর মোরশেদ জানাচ্ছেন, ‘আর্যরা এ দেশে এসেই অনার্যদের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করে। তবু অনার্যরা তাদের কিছু শব্দ আর্যদের উপহার দিতে সক্ষম হয়েছিল। বাংলা ভাষার শতকরা দুটি শব্দ এ উত্স থেকে এসেছে বলে ধারণা করা হয়।’ প্রশ্ন হলো, এই অনার্যভাষী মানুষেরা, বা তাদের ভাষাগুলো, বাংলার শব্দভান্ডারে এই ২ শতাংশ ‘উপহার’টুকু দিয়েই কি হারিয়ে গেল এ অঞ্চল থেকে? বাস্তবে, আমরা জানি, বাংলাদেশে এমন অনেক জনগোষ্ঠী আছে, যেমন সাঁওতাল, মুন্ডা, গারো, খাসিয়া, ত্রিপুরা, মারমা, ম্রো—যাদের মাতৃভাষা বাংলা নয়। সদ্যোল্লিখিত ভাষাগুলোকে প্রচলিত অর্থে ‘অনার্য’ বা ‘দেশি’ বলা যায়। কিন্তু বাংলা ব্যাকরণের বইগুলোতে সচরাচর এভাবে, সমকালীন পরিপ্রেক্ষিতে, দেশি ভাষার পরিচয় দেওয়া হয় না। অর্থাত্ ‘দেশি ভাষা’ বলে এখনো কিছু আছে কি না, বা সাঁওতাল, গারো, খাসিয়ার মতো ভাষাকে দেশি ভাষা বলা যাবে কি না, সে সম্পর্কে পাঠ্যপুস্তকগুলো কোনো স্পষ্ট ধারণা দেয় না। অন্যদিকে বিদ্যাজগতের বৃহত্তর অঙ্গনেও সমকালীন দেশি ভাষাগুলোর অস্তিত্ব, পরিচয়, সবই ঘুরপাক খাচ্ছে একটা অনালোকিত পরিসরে, যেহেতু এসব নিয়ে এ দেশে গবেষকসুলভ অনুসন্ধিত্সা বা গবেষণালব্ধ জ্ঞান কোনোটাই ব্যাপকতা বা গভীরতা পায়নি এ পর্যন্ত।বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার উল্লেখ আছে, কিন্তু এ দেশে বাংলা ছাড়াও যে আরও ভাষা আছে, তা কোথাও বলা নেই। উল্লেখ্য, ‘আদিবাসী’ পরিচয়ের সাংবিধানিক স্বীকৃতির জন্য বহু দিন ধরে চলে আসা দাবিনামায় এসব ভাষার স্বীকৃতির দাবিও ছিল। ‘দেশি ভাষা’র ধারণাটা এই দাবিনামায় না থাকলেও বর্তমান আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, আদিবাসী পরিচয়ের দাবিদার অধিকাংশ জনগোষ্ঠীর ভাষাকেই ‘দেশি’ বর্গে ফেলা যায়, যদিও কিছু জনগোষ্ঠী আছে, যেমন চাকমা, হাজং, বিষ্ণুপ্রিয়া মণিপুরি—যাদের ভাষা প্রচলিত শ্রেণীকরণ অনুসারে আর্য বর্গে পড়ে। যা হোক, পাঠ্যপুস্তকগুলোতে এসব ভাষার কোনোটা সম্পর্কেই তেমন উল্লেখ নেই। অন্যদিকে তাদের অস্তিত্ব সম্পর্কে সংবিধান তো একেবারেই নীরব। সেখানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংযুক্ত নতুন (২৩ক) ধারায় মূলত বলা হয়েছে, ‘রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের...সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন।’ এই ধারা তলিয়ে দেখলে বলতে হয়, স্বকীয় সংস্কৃতি ও ঐতিহ্য-সংবলিত বিভিন্ন ‘জাতিসত্তা’ বা ‘নৃগোষ্ঠী’ এ দেশে আছে, এই স্বীকৃতিটুকু প্রথমবারের মতো সংবিধানে সন্নিবেশিত হওয়াটা স্বাগত জানানোর মতো বিষয়। কিন্তু এতে এমন কিছু বিষয় আছে যেগুলো আপত্তিকর বা সমস্যাজনক, যেমন ‘উপজাতি’ শব্দ, ‘ক্ষুদ্র’ বিশেষণ, এবং ‘জাতিসত্তা’ শব্দটিকে ইংরেজি race-এর সমার্থক হিসেবে দেখা। আর ভাষার ব্যাপারে মৌনতা তো আছেই। ২৩ক ধারায় বা সংবিধানের অন্য কোথাও বলা হয়নি, ‘উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী’দের স্বতন্ত্র ভাষা আছে কি না, এবং থাকলে সেগুলো চর্চার জন্য তারা বিশেষ কোনো অধিকার পাবে কি না। বাংলাদেশে ‘জাতি’ আছে একটাই—‘বাঙালি’ সংশোধিত সংবিধানের এই সমীকরণ ওই মৌনতার সঙ্গে সম্পর্কিত কি না, আমাদের জানা নেই। তবে সব মিলিয়ে বলা যায়, রাষ্ট্রীয় পরিসরে এ দেশের দেশি ভাষাগুলো বা সাধারণভাবে আদিবাসী জাতিসমূহের ভাষাগুলো, বিরাজ করছে ‘নেই-সর্বস্ব’ একটা পরিমণ্ডলে: তাদের মর্যাদা নেই, অধিকার নেই, পরিচিতি নেই, এমনকি অস্তিত্বের স্বীকৃতিই নেই!স্মরণ করা যেতে পারে, সরকারিভাবে ‘আদিবাসী’ শব্দটির ওপর নিষেধাজ্ঞা জারি করে এটিকে সরকারি দলিলপত্র থেকে মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল বছর তিনেক আগে। এই উদ্যোগের পেছনে যে কারণই থাকুক না কেন, এ দেশের বিদ্বত্সমাজে বিদ্যমান একদেশদর্শিতার আলোকে এমন মূঢ় প্রয়াস কিন্তু অপ্রত্যাশিত নয়। কেননা, এ দেশের ভাষা, সংস্কৃতি ও রাজনীতির ইতিহাস যেভাবে লেখা হয়েছে, তাতে আমরা দেখি আদিবাসীদের প্রসঙ্গ হয় নেই, বা থাকলেও বিভিন্ন ভ্রান্ত বা অস্পষ্ট ধারণার ওপর প্রতিষ্ঠিত। উল্লেখ্য, একসময় আদিবাসী শব্দটা বিশেষ কোনো বিতর্ক ছাড়াই ব্যবহূত হতো, ‘আদিম’ অর্থে। যেমন, একদা বহুল পঠিত আবদুস সাত্তারের আরণ্য জনপদে গ্রন্থে লেখা আছে, ‘আদিবাসীরা কেউ এ দেশের ভূমিজ সন্তান নয়’। আদিবাসী শব্দের এমন প্রয়োগ নিয়ে বাঙালি বুদ্ধিজীবী মহলে কোনো আপত্তি উঠেছিল বলে আমাদের জানা নেই। অন্যদিকে শব্দটা নিয়ে আপত্তি উঠতে থাকল তখন, যখন নব্বইয়ের দশক থেকে এটিকে যুক্ত করা হয় আন্তর্জাতিক বিধিবিধানের আওতায় অধিকার আদায়ের প্রচেষ্টার সঙ্গে। এসবের জের ধরে বর্তমানে আদিবাসী শব্দটির আক্ষরিক অর্থ, প্রায়োগিক ব্যঞ্জনা, আইনি তাত্পর্য, সবকিছু তালগোল পাকিয়ে একটা অচলাবস্থা তৈরি হয়ে আছে। এমন অবস্থার জন্য বুদ্ধিবৃত্তিক জড়তাপ্রসূত বিভিন্ন মরচে ধরা ও অসংগতিপূর্ণ ধ্যান-ধারণা, যেমন ‘আদিবাসীরা কেউ এ দেশের ভূমিজ সন্তান নয়’ এমন বক্তব্য বা ‘আগন্তুক দেশি’ গোছের বর্গ অনেকাংশে দায়ী। সে সঙ্গে রয়েছে একাধিক ঘরানার জাতীয়তাবাদের আচ্ছন্নতা, এবং চিন্তা-চেতনার গভীরে ঔপনিবেশিক মননের ক্রিয়াশীলতা। এমন প্রবণতা ও তার সুদূরপ্রসারী তাত্পর্যের ওপর আমি সংক্ষেপে আলোকপাত করছি আবারও ভাষার বর্গীকরণের প্রসঙ্গ টেনে। শব্দভান্ডারের তুলনামূলক অধ্যয়নের ভিত্তিতে অনুমিত উত্সগত সম্পর্ক অনুসারে একেক ভাষাকে একেক ‘ভাষা পরিবার’-এ ফেলা হয়। সে অনুযায়ী বাংলাদেশের আদিবাসীদের ভাষাগুলো চারটি ভাষা-পরিবারে বিভক্ত: ১. আর্য: যেমন চাকমা, তঞ্চঙ্গ্যা, হাজং। ২. দ্রাবিড়: ওরাঁও ও পাহাড়িয়া। ৩. অস্ট্রো-এশিয়াটিক: এর দুটি শাখা। মুন্ডা শাখায় আছে মুন্ডারি, সাঁওতালি, মাহালি প্রভৃতি। অন্যদিকে মিয়ানমারের মন ও কম্বোডিয়ার খেমর ভাষার নামে আখ্যায়িত ‘মন-খেমর’ শাখার প্রধান এবং বিরল উপমহাদেশীয় প্রতিনিধি হচ্ছে খাসিয়া। ৪. তিব্বতি-বর্মি: পার্বত্য চট্টগ্রামের ‘পাহাড়ি’ জাতিগুলোর ভাষা (চাকমা ও তঞ্চঙ্গ্যা বাদে), গারো, রাখাইন, মৈতৈ প্রভৃতি। আর্য, দ্রাবিড়, অস্ট্রো-এশিয়াটিক প্রভৃতি বর্গ মূলত ভাষাগত—ক্ষেত্রবিশেষে সাংস্কৃতিক বা ভৌগোলিক সীমানা নির্দেশ করলেও এগুলোকে দৈহিক বৈশিষ্ট্যের পার্থক্য-বাচক বর্গ (racial category) হিসেবে দেখার বর্ণবাদী প্রবণতা ব্রিটিশ ঔপনিবেশিক যুগেই বিভিন্ন জ্ঞানকাণ্ডে জায়গা করে নিয়েছিল, এবং সেই সূত্রে সাধারণ বিদ্বত্সমাজেও বিস্তার লাভ করেছিল। তাই ‘দ্রাবিড়, আর্য, অস্ট্রিক, মঙ্গোলীয় প্রভৃতি “নৃগোষ্ঠী”র সংমিশ্রণে বাঙালি জাতির উদ্ভব ঘটেছে’, এ ধরনের সুপ্রচলিত বয়ানে মিশে থাকে আর্য বলতে গৌরবর্ণের, দ্রাবিড়/অস্ট্রিক বলতে কৃষ্ণবর্ণের, বিশেষ চেহারার মানুষ কল্পনা করার প্রবণতা (ব্যুত্পত্তিগতভাবে অস্ট্রো/অস্ট্রিক মানে ‘দক্ষিণ অঞ্চলের’)। এখানে উল্লেখ্য, বাংলার প্রাচীন অধিবাসীদের মধ্যে দ্রাবিড়ভাষীদের উপস্থিতিরও কোনো প্রমাণ নেই। বরং ওয়াকিবহাল ভাষাবিজ্ঞানীদের মতে, বাংলা অঞ্চলের প্রাচীন অধিবাসীদের ভাষাগুলো ছিল মূলত অস্ট্রো-এশিয়াটিকবর্গের। আমরা ওপরে যেসব দেশি শব্দের নমুনা দেখেছি, সেগুলোর বেশির ভাগ মুন্ডা-গোত্রীয় ভাষা থেকেই এসেছে বলে ধারণা করা হয়। এ রকম অনেক শব্দেরই অবশ্য প্রমিত বাংলার অভিধানে ঠাঁই নেই। তথাপি ধ্বনিতাত্ত্বিক ও বিভিন্ন ব্যাকরণগত বৈশিষ্ট্যের দিক থেকে বাংলায় অস্ট্রো-এশিয়াটিক এবং খানিকটা তিব্বতি-বর্মি ঐতিহ্যের স্বাক্ষর খুবই স্পষ্ট। এসব পর্যবেক্ষণ এক করলে মোটা দাগে যে সিদ্ধান্তে আমরা উপনীত হই, তা হলো, এ অঞ্চলের প্রাচীন অধিবাসীদের মুন্ডা-গোত্রীয় ভাষার ‘ভিত্তি’র ওপর আর্য শব্দভান্ডার ও অন্যান্য উপাদান যুক্ত হয়ে বাংলা ভাষার উত্পত্তি ঘটেছে। এখানে বাংলা ভাষা বলতে শুধু প্রমিত বাংলাকে ধরলে আমাদের বোঝার মধ্যে ফাঁক থেকে যাবে। তথাকথিত ‘শুদ্ধ বাংলা’র বদলে আমরা যদি বিভিন্ন ‘আঞ্চলিক ভাষা’র প্রতি নজর দিই, সেগুলোর সঙ্গে এ অঞ্চলের অন্যান্য ভাষার ঘনিষ্ঠ যোগসূত্র অধিকতর উদ্ভাসিত হয়, যা নজরের বাইরে থেকে যায় যখন আমরা বাংলাকে ‘আর্য’ বর্গে ফেলি, এবং অন্যান্য ভাষাকে ‘অনার্য’, ‘ভিন্ন পরিবারের’ ইত্যাদি হিসেবে দেখি।এ দেশের আদিবাসীদের ভাষা ও সংস্কৃতির অধিকার সুরক্ষা করতে গেলে এসব ভাষা ও সংস্কৃতি সম্পর্কে স্বচ্ছ ও সম্যক জ্ঞান তৈরি হওয়া জরুরি, যা বাংলা ভাষা ও বাঙালি জাতির যথাযথ ইতিহাস নির্মাণের কাজেও লাগবে। এ রূপ জ্ঞানের চর্চা নিশ্চিত করতে গেলে আমাদের নজর দিতে হবে কিছু মৌলিক জায়গায়। যেমন আদিবাসীদের ভাষা, আত্মপরিচয় ও ইতিহাস সম্পর্কে সংবিধানে সুস্পষ্ট ও সম্মানজনক উল্লেখ এবং তাদের আত্মবিকাশে সহায়ক রাষ্ট্রীয় নীতিমালা থাকতে হবে। একইভাবে এ দেশের বিদ্বত্সমাজকে এগিয়ে আসতে হবে পাঠ্যপুস্তক থেকে শুরু করে শিল্প, সাহিত্য, ইতিহাস প্রভৃতি ক্ষেত্রে উপনিবেশিত মননপ্রসূত জঞ্জাল সাফের কাজে। যদি এই দুই ক্ষেত্রের কোনোটাতে ঘাটতি থাকে, তাহলে অন্যান্য পর্যায়ে যতই ইতিবাচক উদ্যোগ নেওয়া হোক না কেন, কিছু দূর গিয়ে সেগুলো আটকে যাবে। এ বিষয়ে কিছু উদাহরণ দিয়ে আমি আলোচনার ইতি টানছি।প্রথম উদাহরণটা জাতীয় শিক্ষানীতি-সংক্রান্ত, যার প্রশংসিত দিকগুলোর একটি হলো আদিবাসী শিশুদের শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হবে, এই ঘোষণা। তবে, এ-সংক্রান্ত নীতি বা কৌশলের ক্ষেত্রে একটা বড় ফাঁক রয়ে গেছে এক জায়গায়। শিক্ষানীতিতে বলা হয়েছে, ‘আদিবাসী শিশুরা যাতে স্কুলে তাদের মাতৃভাষা শিখতে পারে, তার ব্যবস্থা করা হবে।’ কথাটা আবার পড়ুন। মাতৃভাষা শেখা, না মাতৃভাষায় শেখা? দুটো এক জিনিস নয়। অনেকের মতে, কথাটা হওয়া উচিত ছিল, ‘মাতৃভাষায় শেখার ব্যবস্থা করা হবে’। কিন্তু আমি দেখেছি, সরকারি মহলে এবং খোদ আদিবাসী নেতাদের মধ্যে, এ ব্যাপারে অস্পষ্টতা ও মতভেদ রয়ে গেছে। এ অবস্থায় কোনো ভাষার ‘নিজস্ব হরফ’ থাকলে, বা না-থাকলে, কীভাবে তা শেখানো হবে, এ-জাতীয় বিভ্রান্তিপ্রসূত প্রশ্নে কালক্ষেপণ ও অর্থ ব্যয় হয়েছে, হচ্ছে; অথচ মৌলিক নীতি ও কৌশলের জায়গাগুলো অস্পষ্ট রয়ে গেছে। (প্রসঙ্গত, মাতৃভাষার ধারণাটা বৃহত্তর পরিসরেও অস্পষ্টই রয়ে গেছে, যার একটা প্রমাণ হলো স্কুলে ‘আঞ্চলিক ভাষা’ ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা থাকা। শ্রেণীবিভক্ত সমাজের মানদণ্ডে বিষয়টি যৌক্তিক মনে হতে পারে, কিন্তু স্রেফ ভাষাতাত্ত্বিক বা শিক্ষাকেন্দ্রিক বিবেচনায় তা নয়।)দ্বিতীয় উদাহরণটাও শিক্ষাক্ষেত্রের। এক বন্ধুর সৌজন্যে ফেসবুকের মাধ্যমে জানতে পারি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই-এ (পরীক্ষামূলক সংস্করণ, সেপ্টেম্বর ২০১২) ‘এই দেশ, এই মানুষ’ শিরোনামের একটা রচনা শুরু হয়েছে এভাবে, ‘আমাদের সৌভাগ্য যে আমরা এই দেশে জন্মেছি। আমরা বাংলাদেশের বাঙালি। তার মানে, বাঙালি আরও কোথাও আছে নাকি? নিশ্চয় আছে। আমাদের একেবারে পাশে [আখাউড়া] সীমান্তের ওপারেই ভারতের ত্রিপুরা রাজ্য। ত্রিপুরার লোকজনও বাঙালি, সকলেই বাংলায় কথা বলে।’ আমার সেই বন্ধু, যে জাতিগতভাবে ত্রিপুরা, সে কী উত্তর দেবে, যদি তার পঞ্চম শ্রেণীতে পাঠরত মেয়ে তাকে প্রশ্ন করে বসে, এটা কি আমার দুর্ভাগ্য যে আমি এই দেশে ত্রিপুরা হিসেবে জন্মেছি? আর ত্রিপুরা রাজ্যে যে অনেক ত্রিপুরা আছে বলে শুনেছিলাম, তা কি ভুল? রচনায় অবশ্য পরের দিকে যোগ করা হয়েছে, তুমি যদি পার্বত্য চট্টগ্রামে যাও, দেখতে পাবে আরও নানা ধরনের মানুষের বসবাস সেখানে। তারা নিজ নিজ ভাষায় কথা বলে। কিন্তু গোলমেলে উপস্থাপনা ও ভুল তথ্য-সংবলিত এমন রচনা এ দেশের আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ইতিহাসকে বোঝার ক্ষেত্রে সহায়ক হতে পারে না। উল্লেখ্য, বইটি ছাপা হয়েছে একটি প্রকল্পের আওতায় যেটিতে সরকারের পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থা অর্থায়ন করছে এডিবির নেতৃত্বে, যে সংস্থার উন্নয়ন-সহায়তা নীতিমালায় আদিবাসীদের স্বার্থ সুরক্ষা-সংক্রান্ত কিছু শর্তাবলি যুক্ত হয়েছে। জানি না, আলোচ্য রচনায় আদিবাসীদের প্রসঙ্গ এই শর্ত পূরণের অংশ হিসেবে সন্নিবেশিত হয়েছে কি না। সে যা-ই হোক, এসব ক্ষেত্রে দাতাদের নীতিমালার চেয়ে সরকারের নিজস্ব নীতিমালা তথা এ দেশের সংবিধানই অগ্রণী ভূমিকা নেবে, এটাই কাম্য। কিন্তু আমরা এখনো সে অবস্থায় পৌঁছাতে পারিনি।সর্বশেষ উদাহরণ দিচ্ছি যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে শাহবাগে চলমান তারুণ্য-চালিত প্রতিবাদ সমাবেশের পরিপ্রেক্ষিতে। আমার ছেলে স্কুলের উদ্যোগে সেখান থেকে ঘুরে এসে উচ্ছ্বসিতভাবে তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শোনাচ্ছিল, কী কী স্লোগানে সে অংশ নিয়েছিল, যেগুলোর একটা ছিল: ‘তুমি কে, আমি কে? বাঙালি, বাঙালি!’ এটির কথা বলতে গিয়ে সে নিজেই বলে বসল, ‘এটা কেন?’ তাদের দলে নাকি একজন চাকমা ছেলে ও একজন রাখাইন মেয়েও ছিল, যাদের মনেও একই প্রশ্ন জেগে থাকতে পারে। এ ধরনের প্রশ্নের কোনো সদুত্তর তারা পাঠ্যপুস্তকে পাবে না। আবার পাঠ্যপুস্তকে এসব বিষয় ঢোকাতে হলে কী লেখা যাবে, তা-ও স্পষ্ট নয়, কারণ খোদ সংবিধান বলছে, বাংলাদেশ শুধু ‘বাঙালি জাতি’র দেশ। পিতা হিসেবে আমার সন্তানের প্রশ্নের একটা সদুত্তর আমি খুঁজব, কিন্তু তার মনে, এবং তার প্রজন্মের অন্যদের মনে, এ রকম আরও প্রশ্ন আছে, থাকবে। ‘দেশি ভাষাগুলো কেমন আছে?’—এমনই একটি প্রশ্ন হতে পারে। এসব প্রশ্নের যুগোপযোগী উত্তর আমাদের খুঁজতে হবে সামষ্টিকভাবে, যদি আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, বিশ্বসভায় আরও সম্মানজনক আসনে দেখতে চাই।