কেমন আছে মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের খাবাসপুর এলাকার একটি মেসের নিবাসী সুবর্ণা সমাজদার, ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের ছাত্রী। তার বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার মহেদ্রী গ্রামে। তিনি বলেন, ‘সবার সঙ্গে একত্রে আছি, ভালো লাগে। তবে বাড়ির কথা মনে পড়লে মন খারাপ হয়ে যায়।’ রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী, একই মেসের নিবাসী রাজবাড়ীর বেলগাছি গ্রামের রিয়া বলেন, ‘মেসে থেকে বাড়ির খাবার খুব মিস করছি। মেসে বুয়াদের রান্না খুবই খারাপ।’বুয়া না আসলে খাবার নিয়ে সমস্যা হয়। তখন সবাইকে রান্নারকাজে হাত দিতে হয় বলে জানান রসায়ন প্রথম বর্ষের ছাত্রী রাজবাড়ী খানখানাপুর গ্রামের বন্যা। সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী রাজবাড়ী কালুখালীর ঝুমি বলেন, ‘মেসে থাকলে বাড়ির জন্য খারাপ লাগে, আবার বাড়িতে গেলে মেসের জন্য খারাপ লাগে।’মেসের নিবাসীরা নিজেরাই বাজার করেন। বাজারের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘চলতে-ফিরতে গেলে ছেলেদের দুই-একটা বাজে কথা, বাজে অঙ্গভঙ্গি আমাদের দেখতে হয়। তবে আমরা গা করি না। একরকম অভ্যস্ত হয়ে গেছি। বেশি সমস্যা হয় মাছের বাজারে। সেখানে যেমন ভিড়, তেমনি দুর্গন্ধ।বুয়া প্রতিদিন তিন বেলা রান্না করে দিয়ে যান। সকালে অর্ধেক মিল ধরা হয়। নিজেদের মধ্যে থেকে একজন ম্যানেজার হিসাবের দায়িত্ব পালন করেন। প্রতি মাসে ম্যানেজার পরিবর্তন হয়। সে প্রত্যেকের প্রতি মিলের হিসাব রাখেন।ঝিলটুলীর সালামের মেসের নিবাসী আঞ্জুম আরার বাড়ি নগরকান্দার তালমায়। সে উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেবে। সে জানায়, আরও সাতজন মেয়ের সঙ্গে আছি। মনে হয় সাত বোনের মতো। রাজেন্দ্র কলেজের ডিগ্রির দ্বিতীয় বর্ষের লাকি বলেন, ‘প্রথম দিকে মেসে মোটেও মন বসত না। এক দিন মেসে থাকলে ১৫ দিন বাড়িতে গিয়ে থাকতাম। এখন মন বসে গেছে। মেসে পানি সমস্যা খুবই প্রকট।’ নগরকান্দার মৌসুমী, সারদা সুন্দরী মহিলা কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। মৌসুমী বলেন, ‘প্রথমে আমি কলেজের হোস্টেলে ছিলাম। কিন্তু এক রুমে গাদাগাদি করে আটজনকে থাকতে হয়। ভালো লাগেনি, তাই হোস্টেল ছেড়ে মেসে উঠেছি।’ শিরিন আক্তার বলেন, ‘মেসে স্বাধীনতা আছে। নিয়ম-শৃঙ্খলা নিজের কাছে। তবে মেসে বাথরুমে বড় বড় কেঁচো দেখলে ভয় লাগে।’শহরের আলীপুর বাদমতলী সড়কের হালিমা মঞ্জিলের নিবাসী কেয়া মিত্র, রাজেন্দ্র কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। তিনি বলেন, ‘ফরিদপুর শহরের অর্থনীতির চাকা সচল আছে এই মেসগুলোর জন্যই। বাজারে গেলে ধাক্কা লাগা, আর জেলেরা মেসের মেয়েদের পচা মাছ গছিয়ে দেবে, এটা যেন একটা স্বাভাবিক ঘটনা। বাড়ির টাকায় মেস ভাড়া, পড়াশোনা ও খাওয়াদাওয়া চালাতে হয়। তাই মেসে ভালো খাবার খাওয়ার সুযোগ কোথায়?’