কেমন আছে লিমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাবের গুলিতে পা হারানো লিমনের চিকিৎসা চলছে মানুষের সহায়তায়। তার সুচিকিৎসার ব্যয়ভার সরকারের বহন করার ব্যাপারে হাইকোর্ট নির্দেশনা দিলেও হাসপাতাল কর্তৃপক্ষ সে আদেশ পায়নি।জানতে চাইলে পঙ্গু হাসপাতালের পরিচালক খন্দকার আবদুল আউয়াল রিজভী প্রথম আলোকে বলেন, লিমনের চিকিৎসায় কোনো ত্রুটি হচ্ছে না। এখন তার কৃত্রিম পা সংযোজনের পূর্বপ্রস্তুতি চলছে। তবে হাইকোর্টের আদেশ তিনি পাননি বলে জানান। পঙ্গু হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, পা হারানোর পর লিমনের পাশে দাঁড়িয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। চিকিৎসার জন্য তাঁরা সহায়তা করছেন। রোববার দুপুরে ঢাকার জনতা ব্যাংকের একটি শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা পঙ্গু (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) হাসপাতালের ইএফ ওয়ার্ডে লিমনের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘লিমনের জন্য কিছু একটা করার জন্য মন কাঁদছিল। তাই তাকে পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম।’এর আগে এনজিওকর্মী রেজাউল করিম লিমনকে দেখতে যান। তিনি বলেন, ‘সহানুভূতি জানাতে মাঝেমধ্যে ওর জন্য সাধ্যমতো কিছু নিয়ে আসি।’ ওষুধ কোম্পানির মেডিকেল প্রতিনিধি নাহিদ পারভীন জানান, ‘সপ্তাহে অন্তত দুই দিন বাসা থেকে ওর জন্য ভালো কিছু রান্না করে নিয়ে আসি।’১৪ মে ঝালকাঠি-১ আসনের সরকারি দলের সাংসদ বজলুল হক হারুন তাঁর ভাইকে পাঠিয়ে লিমনের মা হেনোয়ারা বেগমকে রাজাপুর উপজেলার গালুয়া গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে নিয়ে আসেন। এ সময় তিনি লিমনের চিকিৎসার জন্য তার মায়ের হাতে ২০ হাজার টাকা তুলে দেন।সাংসদ গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘লিমন আমার এলাকার ছেলে। ও সুস্থ হয়ে যদি লেখাপড়া করতে চায়, সে ব্যাপারে তাকে সাহায্য করা হবে। পড়াশোনা শেষে ওর জন্য কর্মসংস্থানেরও ব্যবস্থা করার ইচ্ছা আছে।’ তিনি বলেন, ‘আমি ওদের বাড়িঘরে গিয়ে খোঁজখবর নিয়েছি। লিমনের উন্নত চিকিৎসার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশন ওর পাশে আছে।’হাসপাতালে চিকিৎসাধীন লিমন বলে, ‘চিকিৎসক ও নার্সরা আমার নিয়মিত খোঁজ নেন। প্রতিদিন অনেক মানুষ দ্যাখতে আইস্যা আমারে সান্ত্বনা ও সাহস দ্যান। এদের কেউ ফলমূল ও রান্না করা খাবার নিয়া আসেন। গত বৃহস্পতিবার গেন্ডারিয়ার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবদুস সবুর তাঁর এক আত্মীয়কে দিয়ে এক হাজার টাকা, একটি শার্ট, আমার মায়ের জন্য চারটি শাড়ি পাঠাইয়া দেছেন। তিনিও মাঝেমধ্যে এসে আমার খোঁজ নেন।’লিমনের মা হোনোয়ারা বেগম বলেন, ‘লিমনেরে দ্যাহাশুনার জন্য তিন-চাইর জনরে ঢাকায় থাকতে অয়। প্রতিদিন হ্যাগো থাহা-খাওয়া ও লিমনের চিকিৎসার জন্য প্রচুর টাহা খরচ হয়।’ তিনি বলেন, ‘বাড়িতে কয়েকটা গাছ আছেলো, হেগুলা ও কানর দুল বেইচ্যা টাহা আনছি। অ্যাহন মানুষের সাহায্যের ওপর আমাগো দিন চলতাছে। দুই মাস ধইর্যা ঢাকা ও বাড়িতে যাওয়া-আসার মধ্যে আছি। বাড়িতে গেলে র্যাবের সোর্স বলে পরিচিত মানিক জমাদ্দার ও তার সহযোগীরা হুমকি-ধামকি দেয়। তারা বলে, মিডিয়া আর কত দিন পাশে থাকবে। এরপর পিঁপড়ার মতো পিষে মারমু।’সাহায্যের আবেদন: ঢাকার পঙ্গু হাসপাতালে মানুষের আর্থিক সহযোগিতায় লিমনের চিকিৎসা চলছে। চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার জন্য লিমনের মা মোসাম্মৎ হেনোয়ারার (Mst. Henoara) নামে ডাচ্-বাংলা ব্যাংকে একটি হিসাব খোলা হয়েছে। হিসাব নম্বর ১৪৮.১০১.২৯১৫৭০। গত রোববার পর্যন্ত এ হিসাবে এক লাখ টাকা জমা পড়েছে।