কেমন আছেন অশীতিপর প্রাণেশ সমাদ্দার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চিতা নিজাম মুসলমান। উজ্জ্বল বালো হিন্দু। একসঙ্গে চলতে গিয়ে দুজনই দুজনের মধ্যে হারিয়ে গেলেন। পরিবার প্রেমকেই মানতে চায় না—সেটা যদি দুই ধর্মের হয় তাহলে তো কথাই নেই। ফলে আপত্তি ও হুমকিধমকি শুরু হলো। বিয়ের বিষয়ে বন্ধুবান্ধব থেকে শুরু করে সবাই একধরনের ভয়ের মধ্যে ছিলেন। ছিল অনিশ্চয়তার হাতছানি। ছাত্র ফেডারেশন করার সুবাদে প্রাণেশ সমাদ্দারের সঙ্গে পরিচয় ছিল। কিন্তু জানা ছিল না এই ব্যক্তিই শেষ পর্যন্ত সমস্যার সমাধানটি করতে পারবেন। কথা প্রসঙ্গে জানতে পারলেন, প্রাণেশ সমাদ্দারই দেশের একমাত্র ব্যক্তি, যিনি দুই ধর্মের মধ্যে যাঁরা বিয়ে করতে চান, তাঁদের বিয়ের রেজিস্ট্রি করেন। কোনো প্রতিবন্ধকতাই দমাতে পারেনি সঞ্চিতা ও উজ্জ্বলের প্রেমকে। ছয় বছর আগে এই দুজন নিজ নিজ ধর্মবিশ্বাসকে ঠিক রেখেই বিয়ে করেছেন। সন্তানের মা-বাবা হয়েছেন। পরিবার, পরিচিতজনেরাও এখন সব মেনে নিয়েছেন। সম্পত্তির বণ্টন বা অন্য কোনো ঝামেলারও সৃষ্টি হয়নি এ দম্পতির ক্ষেত্রে। দেশে এ ধরনের বিয়ের সংখ্যা অনেক। ১৯৯৮ সাল থেকে প্রাণেশ সমাদ্দারই দেড় হাজার বিয়ে রেজিস্ট্রি করেছেন। তাঁর আগে যিনি দায়িত্ব পালন করতেন, তিনি মারা যান ১৯৮৯ সালে। তারপর ১৯৯৮ সালের আগ পর্যন্ত দেশে কোনো রেজিস্ট্রার ছিলেন না। দুই ধর্মের বিয়েকে আইনেই বৈধতা দেওয়া আছে। ১৮৭২ সালের ‘দি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এর আওতায় এ বিয়ে রেজিস্ট্রি হচ্ছে। আইনটি বাংলাদেশের জনগণের জন্য কার্যকর হয় ১৯৭৩ সালে। এ আইনের আওতায় সরকারের আইন মন্ত্রণালয় ম্যারেজ রেজিস্ট্রার হিসেবে নগরের পাটুয়াটুলির শরৎচন্দ্র ব্রাহ্ম প্রচারক নিবাসের আচার্য ও ট্রাস্টি রেভা-প্রাণেশ সমাদ্দারকে নিয়োগ দেয়। দেশে তিনিই একমাত্র রেজিস্ট্রার। তাঁর বাড়িটিই রেজিস্ট্রি অফিস হিসেবে ব্যবহূত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশে যেসব বাংলাদেশি থাকেন, তাঁরাও বিয়ের জন্য খোঁজ করেন এই ব্যক্তির। ফলে বিয়ে করতে আগ্রহী ব্যক্তিদের পোহাতে হয় অনেক হাঙ্গামা। প্রাণেশ সমাদ্দার প্রতি জেলায় একজন করে রেজিস্ট্রার নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আইন অনুযায়ী, সরকার নির্দিষ্ট সময়ের জন্য এক বা একাধিক রেজিস্ট্রার নিয়োগ দিতে পারে।কেমন আছেন প্রাণেশ সমাদ্দার? পাটুয়াটুলির দুই রুমের একটি বাসায় বসবাস প্রাণেশ সমাদ্দারের। ঘরে খাট, চেয়ার, একটি টেলিভিশন ছাড়া বলতে গেলে আর তেমন কিছু নেই। বাইরের ঘরের দেয়ালে কয়েকটি ছবি ঝোলানো। সন্তোষ গুপ্ত স্মৃতি পরিষদ থেকে ২০০৫ সালে জাতীয় প্রেসক্লাবে বিপ্লবী প্রাণেশ সমাদ্দারের ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানানোর একটি গ্রুপ ছবি। সে হিসেবে প্রাণেশ সমাদ্দারের বয়স ৮০-এর ঘর ছাড়িয়ে গেছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কথা বলেন খুবই অস্পষ্ট। শরীরে বাসা বেঁধেছে অসংখ্য রোগ। হাঁটু ও দাঁত ভাঙা। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তখন হাতের আঙুলে ব্যথা পেয়েছিলেন; আজও আঙুলগুলো সোজা করতে পারেন না। শরীর দুর্বল থাকায় হার্নিয়ার অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। হাঁটতে গেলে মাঝেমধ্যেই পড়ে যান। ১৯৮৫ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে একমাত্র ছেলে মারা গেছে। কয়েক বছর আগে খরচাপাতি করে বড় মেয়ের বিয়ে দিয়েছেন। এক মেয়ে বিয়ে দেওয়ার বাকি। ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন প্রাণেশ সমাদ্দার। এখন আর সব আন্দোলনের কথা মনেও করতে পারেন না। জানালেন, তিনি বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে জড়িত।ঘরে ঢুকে কেমন আছেন জানতে চাইলে, দৃঢ় কিন্তু অস্পষ্ট উচ্চারণে জানালেন, ভালো আছেন। বিশেষ বিবাহ আইন নিয়ে কথা বলব জানার পর উৎসাহের সঙ্গে আইনের কপি, রেজিস্ট্রেশন ফরম, নোটিশের ফরম এনে দেখালেন। দেশে একমাত্র বিবাহ রেজিস্ট্রারের কাজটি করে তিনি পুরোপুরি সন্তুষ্ট। সরকার সাধারণ ব্রাহ্ম সমাজ থেকেই এ নিয়োগ দেন। দেশের সব জায়গায় ব্রাহ্ম সমাজের প্রতিনিধি নেই। তিনি মারা গেলে এ দায়িত্ব কে পালন করবেন, তা নিয়েও খানিকটা চিন্তিত।একটি বিয়ে রেজিস্ট্রি করার জন্য প্রাণেশ সমাদ্দার পাঁচ হাজার টাকা পান। তবে অনেকেই এ টাকা দিতে চান না। পরিবারের আর্থিক অবস্থার কথা জানতে চাইলে তিনি বেশ খানিকটাই বিরক্ত হন। কথা বলার একপর্যায়ে প্রাণেশ সমাদ্দারের স্ত্রী মঞ্জু সমাদ্দার খানিকটা ক্ষোভ প্রকাশ করেই বলেন, বিয়ে কি আর দিন মাস হিসাব করে হয়? ফলে কোনো কোনো মাসে একজনও বিয়ের জন্য আসে না। তখন পরিবারটির কী দশা হয় হার্টের রোগী মঞ্জু সমাদ্দারের চোখ বেয়ে পানি পড়তে লাগল। ১৯৬৮ সালে প্রাণেশ সমাদ্দারকে বিয়ে করা মঞ্জু সমাদ্দার জানালেন, সারা জীবনই সংগ্রাম করে কাটাতে হলো। প্রাণেশ সমাদ্দার ব্যক্তিগত বিষয়ে একদমই কথা বলতে চাচ্ছিলেন না। কিন্তু তাঁর স্ত্রীর চোখের পানিই অনেক কিছু বলে দিল। জানালেন, এক মেয়ের বিয়ে দিতে হবে কিন্তু সঞ্চয় বলতে নেই এক টাকাও। প্রতিদিন তিনটি মানুষের মুখে ডাল-ভাত জুটছে কোনো রকমে। প্রাণেশ সমাদ্দার এক ফাঁকে বলেই ফেললেন, ‘সরকার কাজ দিয়েছে, কিন্তু কোনো বেতন নেই। লিখে দেন, মাসিক বেতন ছাড়া কাজ করছি বছরের পর বছর।’ এ কথা বললে প্রতি বিয়ে বাবদ যে পাঁচ হাজার টাকা পাচ্ছেন, তা-ও বন্ধ হয়ে যাবে কি না, তা নিয়েও শঙ্কা প্রকাশ করলেন। এক মেয়ের টিউশনি ও বিয়ে বাবদ পাওয়া টাকা দিয়েই চলছে সংসারটি। ইস্ট বেঙ্গল ইনস্টিটিউট, রোকনপুর গার্লস স্কুলে শিক্ষকতা করতেন প্রাণেশ সমাদ্দার। সে সময় টিউশনিও করতেন। কিন্তু এই বয়সে তা আর সম্ভব নয়। বর্তমানে পাটুয়াটুলির বাড়ির জন্য ভাড়া দিতে হচ্ছে না প্রাণেশ সমাদ্দারকে। কিন্তু প্রাণেশ সমাদ্দার না থাকলে এই বাড়িটি থাকবে কি না, ব্রাহ্ম সমাজের ভালো একটি ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারবেন কি না ইত্যাদি অনিশ্চয়তায় বাসাটি ছেড়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত মঞ্জু সমাদ্দারের গাল বেয়ে চোখের পানি বয়েই যাচ্ছিল।দ্বৈত ধর্মের বিয়ে সম্পর্কে যা বললেনআইনটির শুরুতেই বলা আছে, এই আইনটি হচ্ছে যেকোনো খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, মুসলমান, পার্সিয়ান, বৌদ্ধ, শিখ বা জৈন ধর্মাবলম্বী তাঁর ধর্ম বিশ্বাস অস্বীকার করে অথবা যেকোনো হিন্দু, বৌদ্ধ, শিখ বা জৈন ধর্মাবলম্বী তাঁর ধর্মবিশ্বাস স্বীকার করে বিয়ে করার একটি আইনগত কাঠামো। আইনে রক্তের সম্পর্কীয়, স্বগোত্রীয় বা নাবালকের সঙ্গে বিয়ে নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, বিয়ের যেকোনো একপক্ষকে রেজিস্ট্রার বরাবর বিয়ের ১৪ দিন আগে নোটিশ পাঠাতে হয়। প্রাণেশ সমাদ্দার বলেন, ‘নোটিশ ফরম থাকে আমার কাছে। তাই একবার ১৪ দিন আগে আসা, আবার ১৪ দিন পরে এসে বিয়ে করা খুবই কঠিন কাজ। তাই পেছনের তারিখ দিয়ে এক দিনেই বিয়ে রেজিস্ট্রি করে দিই।’ প্রাণেশ সমাদ্দার জানালেন, এ ধরনের বিয়ের জন্য প্রথমেই কোর্ট থেকে ছেলে ও মেয়েকে এফিডেভিট করতে হয়। নিয়ম অনুযায়ী ১৪ দিনের মধ্যে কারও কোনো আপত্তি থাকলে তা রেজিস্ট্রারকে জানাতে হয়। সব ঠিকঠাক থাকলে তিনজন সাক্ষীর উপস্থিতিতে লিখিত ঘোষণাপত্রে রেজিস্ট্রারের স্বাক্ষরসহ সবার স্বাক্ষর থাকতে হয়। প্রথাগতভাবে দুজনকে স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণা দেওয়া হয়। বিয়ে রেজিস্ট্রারের অফিস বা রেজিস্ট্রারের উপস্থিতিতে অন্য কোনো জায়গায় বিয়ে হতে পারে। তবে এ জন্য অতিরিক্ত ফি দিতে হয়। বিয়ে রেজিস্ট্রির পর একটি সার্টিফিকেট রেজিস্ট্রার এবং অন্য একটি সার্টিফিকেট দম্পতিকে দেওয়া হয়। আইন অনুযায়ী এ ধরনের বিয়ের ফলে সম্পত্তি ভোগে দম্পতি বা তাঁদের সন্তানদের কোনো সমস্যার সৃষ্টি হয় না। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে দম্পতিকে কোর্টে যেতে হয়।