কেমন বইমেলা দেখতে চাই
বাংলা একাডেমীর বইমেলা এখন বাঙালির প্রাণের মেলা। যতই দিন যাচ্ছে, রাজধানীর জনসংখ্যা বাড়ছে, বইমেলায় দর্শনার্থীর সংখ্যাও বাড়ছে। শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে, পাঠকের সংখ্যা বাড়ছে। প্রকাশকের সংখ্যা বাড়ছে। বই বিক্রির পরিমাণ বাড়ছে। এসবই অত্যন্ত ইতিবাচক তথ্য।বাংলা একাডেমী রাজধানী ঢাকার একেবারে কেন্দ্রীয় এলাকায় অবস্থিত। বলা যায়, শহরের প্রাণকেন্দ্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় যে সংস্কৃতিবলয় নির্মাণের পরিকল্পনা দিয়েছেন, বাংলা একাডেমী তার একটি প্রধান অংশ। বইমেলা তথা একুশে ফেব্রুয়ারি ও পয়লা বৈশাখ উপলক্ষে রমনার গোটা সংস্কৃতিবলয় ভিন্ন মাত্রা লাভ করে। বাংলা একাডেমীকে কেন্দ্রে রেখেই বইমেলার আয়োজন হওয়া দরকার। তবে বাংলা একাডেমীর পরিসর সীমিত হওয়ায় একে বিস্তৃত করার কথাও ভাবতে হবে। প্রাঙ্গণে শুধু সরকারি সংস্থা ও বেসরকারি বিশিষ্ট প্রকাশকদের স্টল থাকতে পারে। বাকি স্টলগুলো একাডেমীর সামনের সড়কের দুই ধারে সুন্দর পরিকল্পনা করে বসানো যায়। এরই মধ্যে সরকারের প্রধান স্থপতির দপ্তর থেকে সে রকম একটি পরিকল্পনা করা হয়েছে। এটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার সম্প্রসারণ সমর্থনযোগ্য নয়। উদ্যান উদ্যানের জন্য, খেলার মাঠ খেলার মাঠের জন্য। তবে বাংলা একাডেমীর সামনের সড়কটি সাময়িকভাবে যানবাহনমুক্ত রাখা যায়।বইমেলা উপলক্ষে সেমিনার আয়োজন প্রশংসনীয়, তবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন-জাতীয় অনুষ্ঠান অপ্রয়োজনীয়। বরং নতুন বইয়ের প্রচ্ছদ প্রদর্শনের আলাদা কর্নার বা একাধিক বোর্ড রাখা যেতে পারে। বইমেলায় বাংলা একাডেমীর পুরস্কার পাওয়া সব লেখকের ছবিসহ সংক্ষিপ্ত পরিচিতি গ্যালারি থাকতে পারে।মেলাকে উপলক্ষ করে অধিকাংশ বই ফেব্রুয়ারি মাসে প্রকাশ পাচ্ছে, বাকি পুরো সময়ে বইপত্র প্রায় অনুপস্থিত। এটা খুব সুস্থ পরিস্থিতি নয়। প্রকাশনার মান নিয়ে আরও যত্নবান হতেই হবে। শিল্পকলা একাডেমীর মতো বাংলা একাডেমীরও আঞ্চলিক অফিস থাকতে পারে। অন্তত আপাতত বিভাগীয় পর্যায়ে। সবকিছু রাজধানীকেন্দ্রিক করার যৌক্তিকতা নেই।আমরা আশা করব, ভবিষ্যতে গবেষণাভিত্তিক পুস্তক প্রকাশনা বাড়বে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তিন বছর ধরে বইমেলায় নিজস্ব স্টলে নিজেদের প্রকাশনা উপস্থাপন করছে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নিজস্ব স্টলের ব্যবস্থা করে। বাংলা একাডেমী অনুমতি দিলে ভবিষ্যতে মঞ্জুরি কমিশন অন্যান্য সরকারি (এমনকি বেসরকারি) বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা উপস্থাপন করতে পারে। এ জন্য অবশ্য মঞ্জুরি কমিশনের স্টলটি আরও বড় হতে হবে।বইমেলার মর্যাদা উত্তরোত্তর বাড়বে, এটাই কামনা করি। প্রফেসর নজরুল ইসলাম: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও বাংলা একাডেমীর ফেলো