কেমিক্যাল আলীর ফাঁসি কার্যকর
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ সহযোগী ও তাঁর চাচাতো ভাই ‘কেমিক্যাল আলী’ নামে পরিচিত আলী হাসান আল-মাজিদের ফাঁসি গতকাল সোমবার কার্যকর করা হয়েছে। মানবতার বিরুদ্ধে অপরাধের (হালাবজা গণহত্যা) অভিযোগে এক সপ্তাহ আগে ইরাকের একটি আদালত তাঁর এই মৃত্যুদণ্ডাদেশ দেন। এটি ছিল তাঁর বিরুদ্ধে চতুর্থতম মৃত্যুদণ্ড। ইরাক সরকারের একজন মুখপাত্র গতকাল এক বিবৃতিতে এ কথা জানান। খবর এপি, এএফপি ও বিবিসি অনলাইন। মুখপাত্র আলী আল-দাব্বাহ এক বিবৃতিতে বলেন, ফাঁসিতে ঝুঁলিয়ে আজ (সোমবার) অভিযুক্ত আলী হাসান আল-মাজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কেমিক্যাল আলীর বিরুদ্ধে ১৯৮৮ সালে ইরাকের হালাবজা গ্রামে গণহত্যার অভিযোগ আনা হয়। এ ঘটনায় পাঁচ হাজারের বেশি কুর্দি নিহত হয়। অভিযোগ রয়েছে, বিমানে করে বিষাক্ত গ্যাস ছড়িয়ে কেমিক্যাল আলী এই নারকীয় হত্যাকাণ্ড ঘটান। নিহতের তিন-চতুর্থাংশই নারী ও শিশু। এই নৃশংসতার জন্য পশ্চিমা সংবাদমাধ্যমে তিনি ‘কেমিক্যাল আলী’ নামে কুখ্যাতি অর্জন করেন। এ ঘটনায় চলতে থাকা মামলায় আলী হাসান আল-মাজিদ আদালতে দোষী বলে সাব্যস্ত হন। ১৭ জানুয়ারি তাঁর মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এর আগে বিভিন্ন অভিযোগে তাঁকে আরও তিন দফা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।১৯৮৮ সালে আদিবাসী কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযানের সঙ্গে জড়িত থাকার দায়ে ২০০৭ সালের জুনে কেমিক্যাল আলীকে প্রথম মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের পর শিয়া বিদ্রোহ দমনে হাত থাকায় ২০০৮ সালের ডিসেম্বরে আদালত তাঁকে দ্বিতীয় দফা মৃত্যুদণ্ড দেন। এরপর ১৯৯৯ সালে বাগদাদে শিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ২০০৯ সালের মার্চে তাঁকে তৃতীয় দফায় মৃত্যুদণ্ড দেওয়া হয়।আলী হাসান আল-মাজিদের ফাঁসির খবর প্রচার হওয়ার ঠিক আগে বাগদাদের প্রাণকেন্দ্রে তিনটি আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে তাঁর এই ফাঁসির ঘটনার যোগসূত্র আছে কি না তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি।