কেরানীগঞ্জ থানার শৌচাগারে হাজতির ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হাজতের শৌচাগার থেকে গতকাল সোমবার ভোরে হত্যা মামলায় সন্দেহজনকভাবে আটক এক হাজতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. মানিক (৩৮)। পুলিশের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গত ১৩ জানুয়ারি কেরানীগঞ্জের মানিকনগর এলাকায় নাজমা নামে এক মানবাধিকারকর্মীকে হত্যা করা হয়। এ হত্যায় জড়িত থাকার সন্দেহে মানিককে প্রথম দফায় গত বুধবার ও দ্বিতীয় দফায় গত রোববার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রোববার রাতে আনোয়ার হোসেন (৩০) ও আসলাম মিয়া (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতে তাঁদের থানার হাজতে আটক রাখা হয়। তখন হাজতে ওই তিনজনসহ অন্য মামলার আরও ছয় আসামি ছিলেন।তিনি জানান, গতকাল ভোরে সহকারী উপপরিদর্শক মো. হারুন মোবাইল ফোনে জানান, হাজতিরা শৌচাগারে যেতে পারছেন না, মানিক শৌচাগারে ঢুকে দীর্ঘক্ষণ দরজা বন্ধ রেখেছেন। অনেক ডাকাডাকির পরও তিনি দরজা খুলছেন না। পরে পুলিশের অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে হাজতিদের সহায়তায় শৌচাগারের দরজা ভাঙা হয়। ভেতরে ঢুকে মানিককে গলায় ফাঁস দেওয়া ও ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মানিক তাঁর গায়ের চাদর বাথরুমের ছাদের রডের সঙ্গে বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ওসি দাবি করেছেন। গতকাল বেলা পৌনে ১১টার দিকে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ইমাম হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের উপস্থিতিতে পুলিশ মানিকের সুরতহাল প্রতিবেদন লেখে।সহকারী কমিশনার (ভূমি) আল মামুন প্রথম আলোকে জানান, সুরতহালে মানিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।মানিকের বাবা আদু মিয়া (৭০) সাংবাদিকদের জানান, মানিক রিকশা চালিয়ে ও কৃষিকাজ করে জীবনযাপন করেন। গত বুধবার দুপুরে পুলিশ উপজেলার সিরাজনগর এলাকায় শ্বশুরবাড়ির পাশে জমিতে কাজ করার সময় মানিককে আটক করে। তিনি আরও জানান, নাজমা হত্যাকাণ্ডের সঙ্গে মানিক জড়িত নয়। ওসি মো. আসাদুজ্জামান জানান, নাজমার মোবাইল ফোনের কলের তালিকায় মানিকের নাম ছিল। আমরা অনেকটা নিশ্চিত নাজমা হত্যাকাণ্ডে মানিকসহ আনোয়ার ও আসলাম জড়িত। আনোয়ার ও আসলামকে মামলায় আসামি করে আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার ইমাম হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মানিকের মৃত্যুর কারণ জানা যাবে।