কেরানীগঞ্জে আ.লীগের দুপক্ষের গোলাগুলিতে শিশু নিহত
দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকায় আজ বৃহস্পতিবার সকালে বাজার দখলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একটি শিশু নিহত হয়েছে। মো. সোহেল (৭) নামের শিশুটি কেরানীগঞ্জ আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। প্রত্যক্ষ সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ওই এলাকার সাদেক মার্কেট দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। গোলাগুলির মধ্যে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সোহেল। এ ছাড়া সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।সংঘর্ষে একপক্ষে ছিল শুভাড্যা ইউনিয়নের আওয়ামী লীগের নেতা হাজি মুজিবুর রহমান ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন। অপরপক্ষে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদ হোসেন ও আগানগর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন। অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা নিয়ে উভয়পক্ষে পাঁচ শতাধিক ব্যক্তি সংঘর্ষে জড়িয়ে পড়ে।শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় ব্যবসায়ী ও আওয়ামী লীগের একাংশ এখন সোহেলের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মার্কেটের মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি বলেন, এ ব্যাপারে হত্যা মামলা দায়ের হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।