কেরানীগঞ্জে আগুনে পুড়ে গেছে ১০ মেটাল কারখানা
কেরানীগঞ্জে আগুন লেগে ১০টি মেটাল কারখানা পুড়ে গেছে। আগানগরের বাঁশপট্টি এলাকায় গতকাল শনিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে ক্ষতিগ্রস্ত আলম ইঞ্জিনিয়ারিং কারখানার মালিক আরশাদুর রহমান জানান, গতকাল রাত পৌনে একটার দিকে তাঁর কারখানার পাশের একটি কারখানায় আগুন লাগে। পরে পাশের মেটাল কারখানাগুলোয় আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আট কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।কেরানীগঞ্জের ফায়ার স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, আগুনে ১০টি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও ফায়ার স্টেশনের সাতটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক হিসাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।