দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লারহাট এলাকায় এমবিসি ইট কোম্পানির নির্মিত ইটভাটা থেকে পুলিশ আজ বুধবার কোম্পানির ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুনির চৌধুরীর নেতৃত্বে র্যাব-পুলিশের একটি দল এমবিসি ইটভাটার দখল করা জায়গা পরিদর্শন করে। কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া খানও দলের সঙ্গে ছিলেন। এ সময় ওই তিনজনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন এমবিসি ইটভাটার ম্যানেজার নুরুল ইসলাম (৪০), নির্মাণকাজে নিয়োজিত আনোয়ার হোসেন (২৫) ও মো. জামাল হোসেন (১৮)।মুনির চৌধুরী বলেন, ‘এমবিসি ইটভাটার সঠিক কাগজপত্র পাওয়া যায়নি। ইটভাটাটির সব মালামাল ও ১০ লাখ ইট জব্দ করা হয়েছে। কোনো অবস্থাতেই নদী দখল ও পরিবেশদূষণ করা যাবে না। যেভাবেই হোক, তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’মুনির চৌধুরী আরও বলেন, ‘এমবিসি ইটভাটার মালিক মোসলেন উদ্দিন মোল্লাকে আজ বেলা তিনটার মধ্যে পরিবেশ অধিদপ্তরে হাজির হতে বলা হয়েছে। না হলে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।’মুনির চৌধুরী এলাকাবাসীকে সংগঠিত করে ধলেশ্বরী নদী দখল ও দূষণ প্রতিরোধ কমিটি নামে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। এই কমিটি এলাকার নদী ও পরিবেশ রক্ষার কাজ করবে। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ অনুসারে বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীর অংশ বা তীর ভরাট বা দখল করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। এ ধরনের নির্মাণ জলাধার সংরক্ষণ আইন (সংশোধিত-২০১০) ও পরিবেশ সংরক্ষণ আইনেরও (১৯৯৫) পরিপন্থী। তার পরও ধলেশ্বরী নদীর শাখানদীর তীরে চলছে ইটভাটার নির্মাণকাজ। দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মোল্লারহাট এলাকায় সবার চোখের সামনে এমবিসি ইট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান ১৫ দিন ধরে ইটভাটা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এ নিয়ে আজ প্রথম আলোয় ‘নদী ভরাট করে ইটভাটা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।