কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে মুড়িতে বিষাক্ত কেমিকেল মেশানোর অভিযোগে মুড়ি তৈরির তিনটি কারখানা থেকে তিন হাজার ৭০০ কেজি মুড়ি উদ্ধার করা হয়েছে। পরে মুড়িগুলো বুড়িগঙ্গা নদীতে ফেলে নষ্ট করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত ওই তিনটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কারাদণ্ড ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন।আদালত সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় এম হোসেন মুড়ি কারখানায় অভিযান চালান। এখানে নিষিদ্ধ কেমিকেল হাইড্রোজ মুড়ির সঙ্গে মেশানোর সময় আদালত হাতেনাতে ধরে ফেলেন। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আবু তাহেরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালত সেখান থেকে এক হাজার ২০০ কেজি মুড়ি ও পাঁচ কেজি হাইড্রোজ উদ্ধার করেন।পরে আদালত একই এলাকায় অবস্থিত বিসমিল্লাহ মুড়ি কারখানায় অভিযান চালান। সেখান থেকে প্রায় ৭৩ কেজি হাইড্রোজ উদ্ধার করা হয়। এই অপরাধে কারিগর জিল্লুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রিপন দাসকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এখান থেকে এক হাজার কেজি মুড়ি উদ্ধার করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়।এ ছাড়া আদালত একই এলাকার হাজি বাল্লু মিয়ার মুড়ি কারখানা থেকে একই অভিযোগে এক হাজার ৫০০ কেজি মুড়ি উদ্ধার করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক বাল্লু মিয়ার ছেলে মীর জাহানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আল-আমিন। এ সময় র্যাব ১০ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল আদালতকে সহযোগিতা করেন।