কেরানীগঞ্জে গণপিটুনি ও ছুরিকাঘাতে তিনজন নিহত
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গতকাল বুধবার গণপিটুনিতে ও ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোর পাঁচটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন জিয়ানগর এলাকায় একজন ব্যবসায়ীর পথ রোধ করে নাদিম (২২), বিশু পাগলা ওরফে বিস্কুট পাগলাসহ (২৩) ছয়জন যুবক ছিনতাইয়ের চেষ্টা করে। ব্যবসায়ীর চিত্কারে ওই এলাকার লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করে। নাদিম ও বিশু পাগলা দৌড়ে পাশের একটি পালাগানের আসরে ঢুকে পড়ে। অন্য চারজন পালিয়ে যায়। এ সময় গান শুনতে আসা জনতা তাদের পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। পুলিশ তাদের কাছ থেকে একটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করেছে।পুলিশ জানায়, গতকাল কালীগঞ্জ জোড়া সেতুর নিচে মাদকদ্রব্য বিক্রির টাকার ভাগ নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাসুম (২৮) নামে একজন মাদক ব্যবসায়ী নিহত হন। মাসুমের বড় ভাই মামুন জানান, মাসুম নিয়মিত হেরোইন সেবন করতেন। গতকাল সকাল ১০টার দিকে তিনি বাসা থেকে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করার খবর পাওয়া যায়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোত্পল দে বলেন, ময়নাতদন্তের জন্য ওই তিনজনের লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গণপিটুনিতে নিহত দুজন পেশাদার ছিনতাইকারী এবং কেরানীগঞ্জের সবুজ হত্যা মামলার আসামি। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এসব ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।